ছায়া অবলম্বনে...
প্রায়ই শোনা যায় অমুক গল্প বা নাটকটা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা। এই কথাটা এখন যেন অনেকটা কথার কথা হয়ে গেছে। কিন্তু শুধু কথার কথা হলে চলবে না। আমরা মনে করি সেই গল্প বা নাটককেই ছায়া অবলম্বনে লেখা গল্প বা নাটক বলা যাবে, যেগুলো নিম্নবর্ণিত শর্ত মেনে লেখা হবে। কিছু শর্ত উপস্থাপন করছেন ইকবাল খন্দকারবিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা হোক কিংবা সত্য ঘটনার ছায়া অবলম্বনেই লেখা হোক, এই টাইপের গল্প বা নাটক লেখার আগে অবশ্যই আপনাকে আবহাওয়ার বিষয়টা মাথায় রাখতে হবে। প্রয়োজনবোধে আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জানতে হবে আজ ঝকঝকে রোদ থাকবে, নাকি বৃষ্টি থাকবে। যদি আবহাওয়া অফিস বলে বৃষ্টি থাকবে, তাহলে ধরে নিতে হবে রোদ থাকবে। তখনই কেবল এই জাতীয় গল্প বা নাটক লিখতে বসা যেতে পারে। কারণ, আপনি ছায়া অবলম্বনে লিখতে যাচ্ছেন, যদি ঝকঝকে রোদই না থাকল, তাহলে কীভাবে বুঝবেন ছায়াটা কোন দিকে পড়ছে! আর ছায়াটাই যদি দেখতে না পান, তাহলে ছায়া অবলম্বনে তো একটা কথাও লিখতে পারবেন না।সর্বোপরি বিশেষ একটা শর্ত। সিনেমাকে কিন্তু ছবি বললেই চলে। তবু এটাকে বলা হয় ছায়াছবি। এ ছাড়া আছে ছায়ামানব, ছায়ামুখোশ ইত্যাদি। যে গল্পটা অন্য গল্পের ছায়া অবলম্বনে লেখা হবে সেটাকে বলা উচিত ছায়াগল্প। আর যে নাটকটা ছায়া অবলম্বনে নির্মিত, সেটাকে বলা উচিত ছায়ানাটক। কী বলেন?আমরা আমাদের জামাকাপড়ের ব্যাপারে ‘ফরেন’ শব্দটা ব্যবহার করতে খুবই পছন্দ করি। কিরে শার্টটা কোত্থেকে কিনলি? এই প্রশ্নের জবাবে এটা বলতে পারলে আমরা আরাম পাই—শার্টটা বাইরের। অথচ খোঁজ নিলে দেখা যায় শার্ট লোকাল। অনেকে আছে যারা বছর কয়েক দেশের বিভিন্ন জায়গায় ঘুরেফিরে এলাকায় এসে বলে—গত চার বছর আমি দেশের বাইরে ছিলাম। তো যে গল্পটাকে বিদেশি গল্প বলা হচ্ছে, সে গল্পের লেখক সত্যি সত্যিই বিদেশি, নাকি দেশি হয়েই তিনি বিদেশি পরিচয় দিচ্ছেন, খোঁজ করতে হবে। বিদেশি হলে তিনি জন্মসূত্রে বিদেশি, নাকি অন্য দেশ থেকে এসে বিদেশি হয়েছেন, এটা দেখতে হবে। প্রয়োজনে তাঁর ভিসা, পাসপোর্ট পরীক্ষা করতে হবে।এ তো গেল আউটডোরের কথা। এবার চলে আসুন ইনডোর প্রসঙ্গে। আপনি যদি ঘরে বসে বিদেশি গল্প বা সত্য ঘটনার ছায়া অবলম্বনে কিছু লিখতে চান, তাহলে আপনাকে আবহাওয়া অফিসে খোঁজখবর না নিলেও চলবে। তবে অল্প কিছু খরচপাতি অবশ্যই করতে হবে। এমনিতে আপনার বাসায় হাই ভোল্টেজের যেসব লাইট আছে, সেগুলো খুলে রেখে বাজার থেকে কিনে আনতে হবে লো ভোল্টেজের লাইট। ডিমলাইট হলে খুবই ভালো হয়। তো লো ভোল্টেজ বা ডিমলাইট জ্বালালে আপনার ঘরে আলোর পরিমাণ কমে গিয়ে ছায়া পড়তে বাধ্য। আর তখনই বিদেশি গল্পের বইটা সামনে রেখে সেই ছায়াটাকে ঠিকঠাকমতো অবলম্বন বা ফলো করে লিখতে শুরু করবেন।