ছায়া বাজেটের কথা আমরা বহু বছর ধরে শুনে আসছি। তবে আমরা অনেকেই বুঝি না ছায়া বাজেট জিনিসটা আসলে কী। তাই আমরা মনে করি, সবার বোঝার স্বার্থে ছায়া বাজেট হতে পারত এমন। এমন বলতে কেমন? তা-ই জানাচ্ছেন ইকবাল খন্দকারস্থান—ছায়াসুনিবিড় যেকোনো স্থান। সময়—যে সময়টায় ছায়া পড়ে। বিশেষ করে শেষ বিকেলে।এই বাজেটে বরাদ্দযোগ্য খাতসমূহ—ছায়া বাজেটে এমন গুরুত্বপূর্ণ কতিপয় খাতে বরাদ্দ রাখতে হবে, যেসব খাত বা উৎস থেকে আমরা প্রচুর পরিমাণে ছায়া পেয়ে থাকি। যেমন—ছাতাছাতা হচ্ছে এমন একটি উপকারী বস্তু, যা আমাদের সব সময় ছায়া দেয়। অনেক তরুণী বাইরে বের হয় না শুধু রোদের ভয়ে। কারণ, সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বক কালো হয়ে গেলেই সেরেছে। তাই তরুণীদের ওপর ছায়া নিশ্চিত করার স্বার্থে অবশ্যই ছাতা খাতে বরাদ্দ বাড়াতে হবে। ছাতার দাম এতটাই কমাতে হবে, যাতে তারা জামাকাপড় ও জুতার রঙের সঙ্গে মিলিয়ে প্রতিদিন আলাদা করে ছাতা ব্যবহার করতে পারে।ক্যাপচুলবিহীন চান্দি এবং সুপ্রশস্ত কপাল রোদ থেকে বাঁচাতে দরকার হয় ছায়ার। আর এ ছায়া দেয় মূলত ক্যাপ। তাই ক্যাপ খাতে বরাদ্দ বাড়াতে হবে। যদিও এটি একটি পুরুষবাদী দাবি, তবু নারীদেরও উচিত এগিয়ে আসা। কারণ, নারীরা চাইলেই ক্যাপ ব্যবহার করতে পারেন, উপভোগ করতে পারেন ক্যাপের ছায়া। এ ব্যাপারে আইনি কোনো নিষেধাজ্ঞা নেই। যা-ই হোক, ক্যাপ খাতে বরাদ্দ বাড়িয়ে একেকটা ক্যাপের দাম রাখা যেতে পারে পাঁচ থেকে ছয় টাকা, যাতে একটা কিনতে গিয়ে ১০টা কিনে নিয়ে আসা যায়।গাছগাছের নিচে বসলে যে ছায়া পাওয়া যায়, সেই ছায়ার কোনো তুলনা হয় না। তাই এই ছায়া বাজেটে প্রস্তাব করা হচ্ছে গাছ খাতে যেন বরাদ্দ বাড়ানো হয়। সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, গাছের ছায়া নানা কাজে লাগে। বাংলা ছবির বড়লোক বাবার কন্যারা গরিব নায়ককে নিয়ে গাছতলায় ঘর বাঁধতে চায়। রোজই শত শত জুটি গাছতলায় বসে ডেটিং করে। তাই যেখানে-সেখানে বড় বড় গাছ লাগানোর খরচ দিতে হবে। কারণ, ছোট গাছ লাগালে সেই গাছ বড় হবে কবে আর ডেটিংয়ের পরিবেশ তৈরি হবে কবে!শামিয়ানাছায়া পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে শামিয়ানা টানানোর কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের সবার বাড়িতে শামিয়ানা নেই, যে কারণে বাড়িতে বিয়েটিয়ে হলে ডেকোরেটর থেকে শামিয়ানা ভাড়া করে আনতে হয়। কিন্তু এভাবে আর কত দিন! চলতি বাজেটে অবশ্যই শামিয়ানা খাতে বরাদ্দ বাড়ানো হোক, যাতে আমরা সবাই একাধিক শামিয়ানার মালিক হতে পারি এবং যখন-তখন ছাদে ও উঠানে টানিয়ে ছায়া পেতে পারি। বড় সাইজের শামিয়ানা সস্তায় পাওয়া গেলে রাস্তায় টানিয়ে রাখলাম, সমস্যা কী!