ছায়া সংসদে তর্কযুদ্ধ

সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধী দল। প্রধানমন্ত্রী প্রস্তাব আনলেন ‘এই সংসদ মনে করে, প্রতিবন্ধী মানুষের সংগঠিত প্রয়াসই তাদের ক্ষমতায়নের মূল চালিকাশক্তি হতে পারে।’ এ নিয়ে শুরু হলো তর্কযুদ্ধ। যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর হয়ে উঠল ছায়া সংসদ।
‘জাগো হে নবীন, প্রতিবন্ধী মানুষের জন্য চাই সমাজ প্রতিবন্ধকতাহীন’ স্লোগানে ১১ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে আয়োজন করা হয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক আন্তস্কুল বিতর্ক উৎসবের সমাপনী আসর। আয়োজক ছিল বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)। প্রতিবন্ধী মানুষের অধিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ বিতর্ক উৎসবে অংশ নেয় চট্টগ্রামের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল।
সমাপনী দিনে সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এ বিতর্কে সরকারি দলে ছিল বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় এবং বিরোধী দলে ছিল চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়। যুক্তি-তর্ক শেষে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়। পুরো আয়োজনে তুখোড় যুক্তি উপস্থাপন করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চট্টগ্রাম সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ফয়সাল মোহাম্মদ ইব্রাহিম। বিতর্ক শেষে মঞ্চে বসে পুরস্কার বিতরণীর আসর। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।
তিনি বলেন, ‘প্রতিবন্ধী মানুষের যথাযথ মেধা বিকাশের পরিবেশ তৈরি করা গেলে তারা দেশের নেতৃত্বে এসে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষমতা রাখে। তাই কোনো ধরনের সমবেদনা বা করুণা নয়, তাদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করা দরকার।’
পুরস্কার বিতরণী শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী তানজিলা মুনিয়া, সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী আল আমিন ও শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী সঞ্চয় বড়ুয়া। এ ছাড়া ছিল মুহম্মদ জাফর ইকবালের আঁখি এবং আমরা কজন উপন্যাস অবলম্বনে একটি নাটিকার পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবরিনা সুলতানা ও নাভিদ নওরোজ শাহ।