ছায়াবৃক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের পুকুরপাড়ে শিকড় বিস্তার করে ঠায় দাঁড়িয়ে থাকা বয়স্ক বটগাছের নিচে আমাদের আড্ডা। আমরা সবাই এখানকার পুরোনো পাপী, একসঙ্গে হয়েছি বহুদিন পর। জমিয়ে আড্ডা সন্ধ্যা থেকে। সবার বুকেই জমে আছে অনেক গল্প। শুধু মুখে আসতে দেরি।
জমানো গল্প বলার ফাঁকে ফাঁকে নজর চলে যাচ্ছিল পুরোনো ক্লাসরুমের দিকে। মন হারাচ্ছিল ঘুণে ধরা দরজা-জানালায়। এই জানালার ফাঁক গলে একদিন স্কুল পালাতাম দলবেঁধে। অ্যাসেম্বলির সময় দরজার ফাঁকে লুকিয়ে থাকতাম। টিফিনের সময় লাফাতাম পুকুরে। ভেজা কাপড়ে বাড়ি ফিরতাম, বকা খেতাম। প্রতিনিয়ত এই রুটিন।
সেসব এখন মধুর স্মৃতি। বড় চঞ্চল ছিল সে সময়টা। আজ নাকের নিচের গোঁফে মোটা দীর্ঘশ্বাস জমা হয়। গত হয়ে যাওয়া সময়গুলোর কথা খুব মনে পড়ে। জ্বালায়, পোড়ায়, ভাবায়। আমরা কত দ্রুত বড় হয়ে যাচ্ছি। হাফপ্যান্ট ছেড়ে ফুলপ্যান্ট ধরতে হয়েছে। কিছুকাল থেকে তো ফরমাল হতে হবে। অথচ স্কুলের সেই পুরোনো গাছগুলো আগের মতোই আছে। ধারালো ছুরি দিয়ে লেখা নামের আদ্যক্ষরটাও অনুসন্ধানী নজরে পড়ে ঠিক ঠিক।
শিকড় বিছিয়ে অপেক্ষায় থাকা বৃদ্ধ বৃক্ষ চায় কেউ একজন এসে বসুক। গল্প বলুক পুরোনো দিনের। হাসুক, গলা ছেড়ে গান ধরুক। আমি বুঝতে পারি। কথা বলতে না পারলেও ডাল নেড়ে কিংবা পাতা ফেলে বুড়ো গাছটা বুঝিয়ে দেয় ঠিকই, ‘আমিও ছিলাম যেমনটা তোমরা ছিলে।’
মো. আনারুল ইসলাম
বদরগঞ্জ, রংপুর