ছায়াবৃক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের পুকুরের পাড়ে শিকড় বিস্তার করে ঠায় দাঁড়িয়ে থাকা বয়স্ক গাছের নিচে আমাদের আড্ডা। আমরা সবাই এখানকার পুরোনো পাপী, একসঙ্গে হয়েছি বহুদিন পর। জমিয়েছি আড্ডা সন্ধে থেকে। সবার বুকেই জমে আছে অনেক গল্প। শুধু মুখে আসতে দেরি। বোঝা যায়।
জমানো গল্প বলার ফাঁকে ফাঁকে নজর চলে যাচ্ছিল পুরোনো ক্লাস ুমের দিকে। মন হারাচ্ছিলাম ঘুণে ধরা দরজায় জানালায়। এই জানালার ফাঁক গলে একদিন স্কুল পালাতাম দল বেঁধে। অ্যাসেম্বলির সময় দরজার ফাঁকে লুকিয়ে থাকতাম। টিফিন সময়ে লাফাতাম পুকুরে। ভেজা কাপড়ে বাড়ি ফিরতাম, বকা খেতাম। প্রতিনিয়ত একই রুটিন। শেষের দিকে আম্মু ক্লান্ত হয়ে যেত। বাথরুমে গামছা রেখে দিত সময়মতো। যেন ছেলে পুকুর থেকে ফিরেই গোসলে ঢুকে যেতে পারে।
সেসব এখন মধুর স্মৃতি। একসঙ্গে খেতে বসলে আম্মু প্রায়ই নস্টালজিক হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমিও। প্রয়াত মান্না দের গানটার কথা মনে পড়ে ভীষণ। গুন গুন করে গেয়ে উঠি আপন মনে। কফি হাউসের জায়গায় শুধু ক্লাসরুম বসিয়ে দিলেই চলে।
বড় চঞ্চল ছিল সে সময়টা। আজ নাকের নিচের গোঁফে মোটা দীর্ঘশ্বাস জমা হয়। গত হয়ে যাওয়া সময়ের কথাগুলো খুব মনে পড়ে। জ্বালায়, পোড়ায়, ভাবায়। আমরা কত দ্রুত বড় হয়ে গেছি। হাফপ্যান্ট ছেড়ে ফুল প্যান্ট ধরতে হয়েছে। কিছুকাল থেকে তো ফরমাল হতে হচ্ছে কারণে-অকারণে। অথচ স্কুলপারের সেই পুরোনো গাছগুলো আগের মতোই আছে। ধারালো ছুরি দিয়ে লেখা নামের আদ্যক্ষরটাও অনুসন্ধানী নজরে পড়ে ঠিক ঠিক।
শিকড় বিছিয়ে অপেক্ষায় থাকা বৃদ্ধ বৃক্ষ চায় কেউ একজন এসে বসুক। গল্প বলুক পুরোনো দিনের। হাসুক, গলা ছেড়ে গান ধরুক। আমি বুঝতে পারি। কথা বলতে না পারলেও ডাল নেড়ে কিংবা পাতা ফেলে বুড়ো গাছটা বুঝিয়ে দেয় ঠিকই যে, ‘আমিও ছিলাম যেমনটা তোমরা ছিলে।’

[email protected]