ছায়াসঙ্গী কেবল বইখাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় ঢুকতেই পড়ার টেবিল। টেবিলের ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বইখাতা। মলাটে লেখা ‘সৌমেন বিশ্বাস। নবম শ্রেণী, দিবা বিভাগ, কলেজিয়েট স্কুল।’ এসব বইখাতার পাতা আর কোনো দিন ওল্টাবে না সৌমেন। স্কুলছাত্রদের ছুরিকাঘাতে নিহত সৌমেন চলে গেছে না ফেরার দেশে। টেবিলের পাশে বিছানায় বসে আছেন সৌমেনের বাবা বাবুল বিশ্বাস। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন স্বজনেরা। ওপেনহার্ট সার্জারির রোগী শিক্ষক বাবুল বিশ্বাস সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নাওয়া-খাওয়া ভুলে ছেলে সৌমেনের সঙ্গেই ছিলেন। নিজহাতে বলুয়ার দিঘি মহাশ্মশানে সৌমেনকে চিতায় তুলে দিয়েছেন তিনি। বার বার বলছিলেন কীভাবে এই ঘটনা ঘটল। ‘এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল। অতঃপর রাত পৌনে চারটার দিকে মৃত্যু...।’ভেতরের কক্ষে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত সৌমেনের মা ছায়া বিশ্বাস। কান্না শুকিয়ে গেছে। আর কোনো পানি বেরোচ্ছে না। ছোট ভাই সৌমিত্র ঘোরাফেরা করছে এদিক সেদিক। মেজ ভাই আর ফিরবে না—এটা যেন এখনো তার উপলব্ধিতেই নেই। একপর্যায়ে বিকেলে কোতোয়ালি থানা থেকে পুলিশ কর্মকর্তারা উপস্থিত হন। এই ঝামেলা এড়ানোর জন্য নিজেদের এত বড় ক্ষতি সত্ত্বেও তাঁরা কাউকে কিছু জানাননি। কোনো অভিযোগ করেন নি। নিয়তি মেনে নিয়ে চুপে চুপে সত্কারের কাজ সেরে ফেলা হয়। ‘আমরা চাই না আর কোনো ঝামেলায় যেতে। আমার আরও দুটি ছেলের ভবিষ্যত্ রয়েছে। তাদের ওপর যদি হামলা হয়। পুলিশি জেরা ও ভবিষ্যতের অন্য ঝামেলা এড়াতেই আমরা কাউকে জানাইনি।’ বললেন বাবুল বিশ্বাস। ছায়া বিশ্বাস দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘চিকিৎসা করিয়ে ঘরে আনার পর ছেলেটা বারবার বলছিল, আমার সঙ্গে তো কোনো ঝগড়া হয়নি, ওরা আমাকে মারল কেন মা?’সৌমেনের বড় ভাই সৌরভ এবার এইচএসসি পরীক্ষার্থী। ১ এপ্রিল থেকে তাঁর পরীক্ষা। এমন একটি ঘটনার পর ওই পরীক্ষা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছে পুরো পরিবার। পুলিশের কাছে বার বার অনুরোধ করছিলেন তাঁরা, পরিবারটিকে নতুন করে যেন আর কোনো ঝামেলায় পড়তে না হয়। ‘কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমার ছেলে মারা গেছে। আমরা যেন আর কোনো নতুন ঝামেলায় না পড়ি।’ ছায়া বিশ্বাস হয়তো বলতে চাইলেন, ‘ছেলে তো আর পাব না। এসব করে আর কী হবে!’ ছেলের বইখাতাগুলো কেবল ছায়াসঙ্গী হয়ে থাকবে তাঁর কাছে।