আমার আব্বু একজন স্বল্প বেতনের সরকারি চাকরিজীবী। তার পরও নতুন জামা ছাড়া কোনো দিন ঈদ হয়েছে, এমন হয়নি। সেবারই শুধু এমন হয়েছিল। বাবা আমাদের আশ্বাস দিলেন, তিনি কোরবানির ঈদে অবশ্যই নতুন জামা কিনে দেবেন। যাই হোক, কোরবানির ঈদের জন্য অধীর অপেক্ষায় রইলাম। বাবা আমাদের কাছ থেকে একটু দূরে থাকতেন চাকরির তাগিদে, ঈদের তিন দিন আগে তিনি আমাদের সঙ্গে ঈদ করার জন্য রওনা হলেন। খুব ভোরে তিনি আমাদের শহরে পৌঁছালেন। আমরা তখন ঘুমাচ্ছিলাম। আব্বু বাসায় আসার কথা শুনে আমরা তিন ভাইবোন একসঙ্গে উঠে পড়লাম। আমরা তখন নতুন জামা-কাপড় কিনব, এই স্বপ্নে বিভোর। ঘুম থেকে উঠে দেখি আব্বু-আম্মু বসে আছেন। তাঁদের মুখের দিকে তাকিয়ে আমাদের সবারই মনে হলো, কোথাও কোনো ঝামেলা হয়েছে। খানিক পরে জানা গেল, আব্বুর বোনাসের সব টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে। আমরা বোবা হয়ে একে অন্যের দিকে চেয়ে রইলাম। শামীমা নাসরিনশেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল।