রোজা এলেই ছিনতাই বাড়ে—এটা যেন রেওয়াজে পরিণত হয়েছে। বিশেষ করে ঈদের কেনাকাটায় নগদ টাকা নিয়ে জনগণের রাস্তায় চলাচল বৃদ্ধির বিষয়টি আঁচ করতে পেরে ছিনতাইকারীরাও বেপরোয়া হয়ে ওঠে। আর এসব ছিনতাইকারীর মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে পুলিশ। ছিনতাই প্রতিরোধে পুলিশ প্রশাসনের কৌশলও এবার পরিবর্তন হয়েছে। বিভিন্ন বিপণিকেন্দ্রে পুলিশ মোতায়েনের পরিবর্তে এবার রাস্তায় পুলিশের অন্তত ৫৫টি টহল দল বাড়ানো হয়েছে। এর মধ্যে পাঁচটি দল গোয়েন্দা পুলিশের। এর বাইরে র্যাবের টহল ও গোয়েন্দা দলও ঈদের বাজারে সক্রিয় থাকবে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার জন্য বিপণিকেন্দ্রে আসা-যাওয়ার পথে কিংবা ব্যাংক থেকে টাকা তোলা বা জমা দিতে যাওয়ার পথে লোকজন যাতে ছিনতাই-রাহাজানির শিকার না হন সেটা নিশ্চিত করতেই বাড়তি পুলিশ দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার থেকে নগর পুলিশের উত্তর বিভাগে ৩০টি এবং বন্দর বিভাগে ২০টি দল মোতায়েন করা হয়। বাজারে কেনাকাটা এবং ব্যাংকে টাকা লেনদেনের সময়গুলোতে এসব পুলিশ দল মোতায়েন থাকবে বলে জানা যায়। এর বাইরে সক্রিয় থাকবে থানার পুলিশ। নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম ঈদের বাজারের জন্য পুলিশের বাড়তি নিরাপত্তা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা এবার মার্কেটে কোনো পুলিশ দেইনি। বরং মার্কেটের ও বাণিজ্যিক ব্যাংকে আসা-যাওয়ার পথে যাতে কেউ ছিনতাইকারী দ্বারা আক্রান্ত না হন সে জন্য পোশাকি ও সাদা পোশাকের বাড়তি পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে।’ গত বৃহস্পতিবার থেকে পুলিশের এ ধরনের তত্পরতা শুরু হয়েছে বলে তিনি জানান। নগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচজন পরিদর্শকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের পাঁচটি দলকে ঈদের বাজারের ছিনতাই রোধে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এসব দলে আগে নগর পুলিশের অপরাধ দমনে কাজ করেছেন এমন অভিজ্ঞ কর্মকর্তাদেরও রাখা হয়েছে। এ ছাড়া, নগরের ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ এলাকার বড়-বড় বিপণিকেন্দ্রের মালিক কিংবা ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে ছিনতাই ও অপরাধ দমনের কৌশল নির্ধারণ করেছেন বলে জানা যায়। বিভিন্ন সূত্রে জানা যায়, ঈদের বাজারে ছিনতাই রোধ ছাড়াও পোশাক তৈরির কারখানায় অস্থিতিশীল পরিবেশ হতে না দেওয়া এবং মৌলবাদী-জঙ্গি দলগুলোর তত্পরতা বন্ধের দিকেও পুলিশকে এবার বিশেষ নজর দিতে হচ্ছে। শুধু পোশাক তৈরির কারখানার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০০ সদস্যকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গাড়ি রিকুইজিশন বন্ধ থাকায় পুলিশের টহল কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। জানা যায়, এসব সীমাবদ্ধতার কারণে পুলিশ প্রশাসন এবার কৌশল হিসেবে বিপণিকেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন না করে আসা-যাওয়ার পথে গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলোতে বাড়তি টহলের ব্যবস্থা নিয়েছে। নগর পুলিশের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, ‘নগরের আতুরার ডিপো, মুরাদপুর, ষোলশহর শপিং কমপ্লেক্স, সানম্যার ওশান সিটি, জিইসি মোড়, চকবাজারসহ বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ দল গত বৃহস্পতিবার থেকে দায়িত্ব পালন করছে।’