ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার খোঁজ মেলেনি চালকের
ফেনীর পরশুরামের ৯ মে সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাই হওয়ার পর চালকের সন্ধান মেলেনি এখনো। ছিনতাইয়ের দুই দিন পর অটোরিকশাটি মাইজদির একটি পরিত্যক্ত স্থান থেকে স্থানীয় পুলিশ উদ্ধার করেছে। তবে চালক মো. সেলিমের (৪০) কোনো সন্ধান মেলেনি এখনো। ছিনতাইয়ের ঘটনার পরদিন গত মঙ্গলবার সেলিমের ছোট ভাই পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, ৯ মে সিএনজি চালক মো. সেলিম (৪০) সিএনজি অটোরিকশায় (ফেনী-থ ১১-২৭৮৭) দুই-তিনজন যাত্রী নিয়ে ফেনী যায়। গভীর রাত পর্যন্ত সেলিম বাড়ি ফিরে না যাওয়ায় তাঁর ভাই মির আহাম্মদ ফেনীসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।ছিনতাইয়ের দুই দিন পর মাইজদী সড়কের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে একটি পরিত্যক্ত স্থান থেকে স্থানীয় থানার পুলিশ সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে। মির আহাম্মদের ধারণা, ছিনতাইকারীরা তাঁর ভাইকে হত্যা করে সিএনজি অটোরিকশাটি লুকানোর চেষ্টা করেছিল।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ‘সিএনজি অটোরিকশা চালকের ভাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ সেলিমকে উদ্ধারে সব থানায় তথ্য পাঠানো হয়েছে।’ জানা যায়, মো. সেলিম (৪০) পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে।