ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে তীর্থযাত্রীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় তাদের হামলায় তীর্থযাত্রী কিরণ শর্মা আহত হন। পরে অপর একদল তীর্থযাত্রী চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের টাকা-পয়সাও ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। এসময় তীর্থযাত্রীরা প্রতিরোধ করে তিন ছিনতাইকারীকে। ১৫ জানুয়ারি এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানার উপপরিদর্শক মো. বায়েস আলম ও মো. গিয়াসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা তিন ছিনতাইকারীকে অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেন। ছিনতাইকারীরা হলো, রাউজান থানার কদলপুর গ্রামের আমিনুল হক মুন্সির ছেলে মোহাম্মদ ইলিয়াছ (২৫), নোয়াখালী জেলার চাটখিল থানার পশ্চিম শ্রীনগর গ্রামের মোহাম্মদ আবুল কাসেমের ছেলে ইকবাল (২৫) ও রাঙামাটি জেলার কোতোয়ালি থানার রিজার্ভ বাজার এলাকার মোহাম্মদ ইদ্রিছ আলীর ছেলে রমজান (২৪)। ওই সময় পুলিশ ও জনতা পাহাড়ের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আরও দুই ছিনতাইকারীকে আটক করেন। এরা হলো সীতাকুণ্ডের নুনাছড়া গ্রামের মোহাম্মদ একরামুল হকের ছেলে নুরুন নবী (২৩) ও মিরসরাইয়ের মধ্যম মগাদিয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৩)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ‘আটককৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। দীর্ঘদিন ধরে ইকোপার্ক ও চন্দ্রনাথ মন্দিরের পাহাড়ি এলাকায় ছিনতাই করছে তারা। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।’