হাটহাজারীর সুফিয়া খাতুন (৬৫) দুই সপ্তাহ আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। তিনি এখন ১৬ নম্বর ওয়ার্ডের চার নম্বর শয্যায় চিকিৎসাধীন। মায়ের অসুস্থতার খবর পেয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরে আসেন ছেলে মো. বাবুল। কিন্তু গত মঙ্গলবার রাত আটটার দিকে হাসপাতালে তাঁর মাকে দেখতে গিয়ে তিনি দারোয়ানদের হাতে নিগৃহীত হন। এ সময় বাবুলের বোন পারভিন আক্তারের গলার স্বর্ণের হার ছিনিয়ে নিয়ে এক দারোয়ান পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।চমেক হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত এ রকম ঘটনার শিকার হন রোগী ও তাঁদের স্বজনেরা। এর আগে গত জানুয়ারিতে গোয়েন্দা পুলিশের এক তদন্ত প্রতিবেদনে চমেক হাসপাতালে ঠিকানাহীন কিছু অবাঞ্ছিত লোক ওয়ার্ডবয়দের যোগসাজশে চুরি, ছিনতাই ও রোগীর স্বজনদের নিগৃহীত করে বলে উল্লেখ করেছিল। পুলিশ পরিদর্শক আনোয়ার কামালের ওই প্রতিবেদনে চিকিৎসকেরা ১০টা থেকে ১২টা পর্যন্ত রোগী দেখেন বলেও জানানো হয়। এরপর কিছু কিছু ওয়ার্ড পুরোপুরি শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের ওপর নির্ভরশীল হয়ে পড়ে বলে তদন্তে উঠে আসে। রোগীর পক্ষ থেকে চুরি, ছিনতাই ও চিকিৎসকদের অবহেলার অভিযোগ থাকলেও পর্যাপ্ত জনবলের অভাব ও অত্যধিক রোগীর চাপের কারণে তা সামাল দেওয়া যায় না বলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিমত। এ প্রসঙ্গে হাসপাতালের উপপরিচালক ডা. সরোজ বড়ুয়া বলেন, ‘প্রয়োজনীয় জনবল না থাকায় আমাদের বাইরের কিছু আয়া ও কর্মীর ওপর নির্ভর করতে হচ্ছে। এদের কেউ কেউ পাঁচ থেকে ১০ টাকা নিয়ে রোগীর স্বজনদের ঢোকানোর অভিযোগ রয়েছে। এ সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। এ বিষয়গুলো আমাদের মাথায় রয়েছে। তবে অনেক ক্ষেত্রে সেটা স্বজনদের দিক থেকেও বাড়াবাড়ি করা হয়। কিন্তু স্বাস্থ্যসেবায় আমাদের চিকিৎসকদের আন্তরিকতার কোনো অভাব নেই।’জানা গেছে, প্রতিদিন গড়ে হাসপাতালে অন্তর্বিভাগে এক হাজার ৯০০ রোগী ভর্তি হন। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে আরও অন্তত ছয় হাজার রোগী চিকিৎসা নিয়ে থাকেন। কিন্তু এক হাজার ১০ শয্যার এ হাসপাতালের উপযোগী চিকিৎসকও নেই বলে জানা গেছে।এক হাজার ১০ শয্যা অনুযায়ী এখানে চিকিৎসকের পদ খালি রয়েছে প্রায় ১২০টি। অন্যদিকে, তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদ খালি রয়েছে ২০০টি। এ প্রসঙ্গে হাসপাতালের উপপরিচালক ডা. সরোজ বড়ুয়া বলেন, ‘আমাদের লোকবলের সংকট রয়েছে। অথচ রোগীর চাপ খুব বেশি। এ অতিরিক্ত রোগী সামাল দেওয়ার জন্য চিকিৎসকের যেমন অভাব রয়েছে তেমনি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরও সংকট আছে।’ রোগীর আধিক্যের দিক বিবেচনা করে হাসপাতালের নতুন ভবন তৈরি চলছে। এ ছাড়া চিকিৎসকসহ অন্যান্য পদ সৃষ্টির প্রস্তাব মন্ত্রণালয়ে জমা রয়েছে। চলতি বছরের মধ্যে নতুন ভবনে চিকিৎসাসেবা শুরু হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। দুই মাসের মধ্যে চিকিৎসক পদও সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ড, হূদরোগ বিভাগ, মেডিসিন বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগসহ সার্জারি বিভাগে রোগীদের ভিড় বেশি। এখানে মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী রাখা হয়েছে ওয়ার্ডের বারান্দায়ও। ৩৪ নম্বর প্রসূতি ওয়ার্ডের সামনে দাঁড়ানো এক রোগীর অভিভাবক আলমগীর গত মঙ্গলবার জানান, ভেতরে থাকা আয়ারা টাকা ছাড়া কোনো কাজ করে না। এ ছাড়া দারোয়ানদের মাঝে মাঝে বকশিশ দিতে হয়। এ ছাড়া ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভেতরে ঢোকা নিয়ে স্বজনদের সঙ্গে দারোয়ানদের কথা-কাটাকাটি হতে দেখা গেছে। মঙ্গলবার রাতে ১৬ নম্বর ওয়ার্ডে নিগৃহীত বাবুল অভিযোগ করে জানান, ‘আমি আর আমার বোন নিচ থেকে টিকিট কেটে ওপরে আসি। ওয়ার্ডে ঢুকতে চাইলে দারোয়ান টাকা দাবি করেন। আমি তাঁদের ১০ টাকা দিয়ে ভেতরে ঢুকি। ১৫ মিনিট পর এসে তাঁরা আমাদের চলে যেতে বলেন। আমরা বললাম, ডাক্তারের সঙ্গে কথা বলে পাঁচ মিনিট পর চলে যাব। এ সময় তাঁরা আবার টাকা দাবি করেন। এ নিয়ে কথা- কাটাকাটির একপর্যায়ে দারোয়ান তিনজন আমাদের মারতে শুরু করেন। এ সময় করিম নামে একজন আমার বোনের গলার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’