ছিন্নপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়... (কী বলে সম্বোধন করব—বুঝতে পারছি না) এ চিঠিটা পড়ে তুমি নিশ্চয় আমাকে পাগল ভাববে, ভাবাটাই স্বাভাবিক। কোনো একাকী-অবিবাহিত যুবক যদি ভ্যালেন্টাইন ডেতে তার ভবিষ্যত্ স্ত্রীর কথা কল্পনা করে তাকে একটা চিঠি লিখে, তাহলে সে নিঃসন্দেহে পাগল। আজ সকালে হঠাত্ মনে হলো, ঘুম থেকে উঠে যদি দেখতাম, আমার বিছানার পাশের ফুলদানিতে আমার সবচেয়ে পছন্দের কেউ একজন অনেক রজনীগন্ধা রেখে দিয়েছে, তাহলে কতই না ভালো হতো! এমনটা কখনই হয়নি আমার জীবনে, জানো? আজ প্রেমিক-প্রেমিকাদের জন্য ‘বিশ্ব ভালোবাসা দিবস’, আর আমার মতো একাকী যুবকের জন্য ‘বিশ্ব শোক দিবস’। মাঝেমধ্যে মনে হয়, ইস্, এমন যদি কেউ থাকত, যাকে মনের সব কথা অনায়াসে বলা যায়। এই ২৫ বছরের জীবনে কত কথা যে মনের ভেতর জমা হয়ে আছে। তাই আজ মনের কথাগুলো লিখতে বসলাম। কিন্তু কাকে লিখব? কেউ তো শুনবে না আমার মনের কথা। হ্যাঁ, একজন শুনবে, যে আমার হূদয়কে আলোকিত করে আমার জীবনসঙ্গী হয়ে আসবে কোনো একদিন। তাকে তো বলা যায় আমার মনের জমানো সব কথা। বাস্তবে কেমন হবে, তুমি? তুমি কি আমার মতো জ্যোত্স্না পছন্দ করবে? আমাদের বিয়ের পর প্রথম যে রাতে পূর্ণিমা হবে, সেই রাতে আমরা দুজন ছাদে সারা রাত জ্যোত্স্না দেখব। আর আমার সবচেয়ে প্রিয় হলো ‘বৃষ্টি’। আষাঢ় মাসের প্রথম বৃষ্টিতে আমরা দুজন কিন্তু অবশ্যই ভিজব, ঠিক আছে?তুমি কখনো সমুদ্র দেখেছ? আমরা বিয়ের পর কক্সবাজার যাব; তোমার হাতে হাত রেখে আমি সমুদ্র দেখব। কিছু কিছু সৌন্দর্য আছে, যা প্রিয়জনের হাতে হাত রেখে দেখতে হয়। আচ্ছা, তুমি কি এখনো আমাকে পাগল ভাবছ?আর হ্যাঁ। আমাদের প্রথম বাবুটা কিন্তু মেয়ে হবে, দেখতে হবে ঠিক তোমার মতো সুন্দর, আর আমার মতো দুষ্ট। কী? লজ্জা পাচ্ছো? আচ্ছা যাও, আর বলব না। তুমি বাসর রাতে যখন আমার এই চিঠিটা পড়বে, তখন তুমি আমার সামনে বধূ সাজে বসা। গায়ে তোমার লাল শাড়ি, হাতে নতুন মেহেদির রং। লজ্জায় তোমার গাল দুটো হালকা লাল হয়ে থাকবে। আমি অপলক চোখে তোমার দিকে তাকিয়ে থাকব। সেদিন আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সেই দিনটির প্রত্যাশায়, তোমার ভালোবাসার আমি। চিঠিটা পড়া শেষ করে নীলা। বুঝতে পারেনি নিজের অজান্তে কখন চোখে পানি এসে গেছে। পাশ থেকে জয় বলে ওঠে, ‘এ কী। তোমার চোখে পানি? এমন সুন্দর রাতে কাঁদতে নেই।’ অনেকটা সময় কেউ কোনো কথা বলে না। দীর্ঘক্ষণের নীরবতা ভাঙে জয়ের কথায়, ‘আমি কি আমার সবচেয়ে আপন মানুষটার হাতটা স্পর্শ করতে পারি?’ না বলতে পারে না নীলা। জিয়াউর রহমানইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা