ছিন্নপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজীবের হাত থেকে চিঠিটা নিয়ে নিশ্চয় ওটার গন্ধ শুঁকছিস। এবার লজ্জায় লাল টুকটুকে হয়ে গেছে তোর মুখটা। ঠিক সেই দিনের মতো, যেদিন তোকে পালকিতে বউ সাজিয়ে আমার ঘরে এনেছিলাম। আমার দিকে তাকিয়ে যখন তোর ঠোঁটে হাসির ঝিলিক ফুটে উঠত, তখন আমার মনে এক সুখের হাওয়া বয়ে যেত। সকাল বেলা তোর চুড়ির শব্দে ঘুম ভাঙাতি আমার। আলতা পরে যখন ঘুরে বেড়াতি, মনে হতো সূর্য তার শরীর থেকে নিংড়ে আমার ঘরে লাল রং ছিটিয়ে দিচ্ছে। আর প্রতিবার আমি শহরে যাওয়ার সময় আমার পথ আটকে ধরে কান্না জুড়ে দিতি। আমি তোর চিবুকটা ধরে বলতাম, ‘এই পাগলি, কাঁদিস কেন রে? লক্ষ্মী বউটি আমার। লক্ষ্মী মেয়েদের কি কাঁদতে আছে? ছুটিটা পেলেই ঠিক তোর কাছে আসব।’ আমি ফেরার সময় সন্দেশ আর চুড়ি নিয়ে আসতাম। একবার সন্দেশ আর চুড়ি নিতে ভুলে যাওয়ায় তোর কী রাগ! শেষতক বাড়ির সবার সামনে কানমলা খাইয়ে তবে তোর রাগ ভাঙল। সত্যি বলছি, অভিমানে গাল ফোলাতি যখন যখন অল্প একটু জলকণা চোখের কোণে চিকচিক করত, সেই অগ্নিমূর্তি আমার ভেতরটাও তোলপাড় করে দিয়ে যেত। বিকেলবেলা আমরা একসঙ্গে নদীর ধারে বসে গল্প করতাম আর কত যে স্বপ্ন বুনতাম! আমার রাজনীতি করাটা তোর খুব অপছন্দ ছিল। কিন্তু নজরুলভক্তের বিদ্রোহী মন তা মানে না। আমার কি শুধু নিজেকে নিয়ে ভাবা চলে? তোকে লুকিয়েই তাই রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছিলাম। সেদিন সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের একটা বই পড়ছিলাম, কিছুক্ষণ আগে তিন-চারজন ঘরে ঢুকে আমায় গুলি করল। গুলিটা বুক ফুঁড়ে গিয়েছে। বন্ধুরা শব্দ পেয়ে ছুটে এল। আমি বেঁচে আছি, ছেলেগুলো ঘিরে রেখেছে, কিন্তু কিছুই করতে পারছে না। অনেক যন্ত্রণা হচ্ছে, আর তোকে মনে পড়ছে। রাজীবকে বললাম, ‘বউকে একটা চিঠি লিখব।’ আমার লাশটা কাল পত্রিকায় দেখতে পাবি, গাঁয়ে আসতে আরও কিছু সময় লাগবে। কী সব কাটাছেঁড়ার ব্যাপার আছে! এই পাগলি, কাঁদিস কেন রে? লক্ষ্মী বউটি আমার। লক্ষ্মী মেয়েদের কি কাঁদতে আছে? দেখিস, আমি আবার গাঁয়ে ফিরে আসব পাগলা হাওয়া হয়ে, এলোমেলো করে দেব তোর চুলগুলো, দুলিয়ে দেব নোলকটা, লজ্জায় তুই লাল হয়ে উঠবি, আর যত কথা বলার ছিল বলে দিস আমার কানে কানে। রাগ করিসনে লক্ষ্মীটি, এবার আর তোর সাধের জিনিসগুলো নিয়ে আসতে পারছি না, কিন্তু তোর সঙ্গে কাটানোর জন্য অফুরন্ত সময় হাতে নিয়ে আসছি, আর নিয়ে আসছি অনেক ভালোবাসা। চলবে না, বল? আর হ্যাঁ, বিকেল বেলাটা নদীর ধারে আমার সঙ্গে গল্প করতে আসছিস তো? আমি কিন্তু অপেক্ষায় থাকব। ইতি তোর পাগলা হাওয়াখাদিজা খাতুন