ছিন্নমূল শিশুদের জন্য ঈদ উপহার
ছিন্নমূল শিশু ওরা। কারও বসবাস রেলওয়ে স্টেশনে, কেউ বেড়ে উঠছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আশ্রয়কেন্দ্রে। তাদের কাছে ঈদের দিনটিও অন্যসব দিনের মতো সাধারণ। তবে এবার এই শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে বেশ কয়েকটি সংগঠন। ঈদের কয়েক দিন আগে প্রথম আলো বন্ধুসভা ও রোটারি ক্লাব অব ইস্ট নতুন জামা ও খাবার তুলে দিয়েছে ছিন্নমূল শিশুদের হাতে।বন্ধুসভা: ৬ আগস্ট মঙ্গলবার নগরের রৌফাবাদের সরকারি ছোট মনি নিবাসের ৬০ জন শিশু-কিশোরের হাতে নতুন কাপড় তুলে দেন বন্ধুরা। নতুন কাপড় পেয়ে উচ্ছ্বসিত শিশুরা ধন্যবাদ জানায় বন্ধুদের। শিশুদের হাতে কাপড় তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সরকারি ছোট মনি নিবাসের শিক্ষিকা বন্দনা সরকার, চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি সঞ্জয় বিশ্বাস, সহসভাপতি জয়শ্রী দাশ, সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন, যুগ্ম সম্পাদক সেঁজুতি গুপ্তা, সাংগঠনিক সম্পাদক শিহাব জিশান, ক্রীড়া সম্পাদক রাহাত আলী, বন্ধু হাফেজা আফরিন, আদিব খালেদ, সাজিয়া আফরিন, জামশেদ আলী ও বিথি আক্তার।রোটারি ক্লাব অব ইস্ট: একই দিন নগরের রেলওয়ে স্টেশন চত্বরে রাত কাটানো ৫০ ছিন্নমূল শিশুর হাতে নতুন জামা ও খাবার তুলে দেন রোটারি ক্লাব অব ইস্টের সদস্যরা। ক্লাব সদস্যদের সন্তানেরাও শামিল হয়েছিল ব্যতিক্রমধর্মী এই আয়োজনে। ঈদ উপলক্ষে শিশুদের টি-শার্ট, সেমাই ও ফলের রস উপহার দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।আয়োজকদের একজন রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট পুষ্টিবিদ হাসিনা আক্তার বলেন, ‘আমরা চেয়েছি আমাদের শিশুরা দরিদ্র শিশুদের হাতে নতুন জামা তুলে দিক। এতে দুই শ্রেণীর শিশুর মধ্যে বন্ধন তৈরি হবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট জাহাঙ্গীর চৌধুরী, কোষাধ্যক্ষ জাইনুর রশিদ, সম্পাদক শাহ জামান মনসুর খান, মির্জা মনিরুল হক ও রেজাউল করিম।