ছিমছাম বিয়ের পোশাকে মালালা ইউসুফজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পোশাক হিসেবে মালালা ইউসুফজাই বেছে নিয়েছেন ছিমছাম নকশার সালোয়ার–কামিজ

একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ে করলেন শান্তিতে নোবেলজয়ী ২৪ বছর বয়সী মালালা ইউসুফজাই। যুক্তরাজ্যের বার্মিংহামে তাঁর নিজের বাড়িতে ছোট পরিসরে হয় আকদ বা নিকাহর অনুষ্ঠান। জীবনসঙ্গী হিসেবে মালালা বেছে নিয়েছেন আসের মালিককে।

৯ নভেম্বর নিজের টুইটারে বিয়ের ছবি দিয়ে এ তথ্য জানান মালালা নিজেই। টুইট করে তিনি লেখেন, ‘আজকের দিনটি আমার জীবনের এক অমূল্য দিন হয়ে থাকবে। জীবনসঙ্গী হিসেবে আমি ও আসার আজ বিয়ে করলাম।’

বিয়ের পোশাক হিসেবে মালালা ইউসুফজাই বেছে নিয়েছেন ছিমছাম নকশার সালোয়ার–কামিজ। তাঁর বিয়ের পোশাকের রং, নকশা, সাজ কোনোটিতেই বাহুল্য ছিল না। পিচ ও হালকা গোলাপি রঙের মিশেলের সালোয়ার–কামিজে সোনালি জরি সুতার চিকন এমব্রয়ডারির নকশা করা ছিল। আর মাথায় তিনি জড়িয়েছিলেন হালকা নকশার ওড়না।

বিয়ের দিনে হালকা গয়নায় সেজেছিলেন মালালা

বিয়ের দিন হলেও খুব হালকা গয়নায় সেজেছিলেন তিনি। কানে ছিল ঝোলানো বড় দুল, মাথায় টিকলি আর হাতে দুই জোড়া চুড়ি। গলা ছিল একেবারেই খালি। মেদেহিতে সাজিয়েছিলেন হাতের আঙুল আর হাতের ওপরে গোল বৃত্ত। তবে আঙুলে ছিল গাঢ় সবুজ রঙের বিয়ের আংটি। আর মেকআপে রেখেছিলেন একেবারেই প্রাকৃতিক লুক।

মালালা ইউসুফজাইয়ের বিয়ের ছবি তুলেছেন মালিন ফেজেহাই। তিনি নিজেও বিয়ের তোলা ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সঙ্গে জানিয়েছেন অভিনন্দন।

সম্প্রতি মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রি নিয়েছেন। ২০১৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।