ছিমছাম স্নানঘর
স্নানঘর কিংবা গোসলখানার সঙ্গে নিজের সতেজ হওয়ার ব্যাপারটা জড়িত। তবে স্নানঘর যদি হয় গোছানো আর ছিমছাম, তবে গোসলের শেষে স্নিগ্ধতা বেড়ে যায় বহুগুণ। বর্তমানে যে অ্যাপার্টমেন্ট এখানে-সেখানে দেখা যায়, এগুলোর স্নানঘর আকারে খুব একটা বড় হয় না। তবে এই ছোট স্নানঘরই আপনি চাইলে একটু গুছিয়ে নিতে পারেন। পরিপাটি স্নানঘর কিংবা গোসলখানায় ঢুকেই একধরনের আরাম বোধ হয় বলে মনে করেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের পরিচালক ও ডিজাইনার গুলশান নাসরিন চৌধুরী।তিনি বলেন, স্নানঘর বড় হলে আয়তন সাধারণত সাত বাই সাত, সাত বাই আট বা সাত বাই ১০ ফুট হয়ে থাকে। স্নানঘর ছোট হলে চার বাই পাঁচ, পাঁচ বাই ছয় ফুট আয়তনের হয়ে থাকে। বড় স্নানঘর হলে তা ইচ্ছামতো সাজানো যায়। তবে ছোট স্নানঘর একটু গুছিয়ে রাখলেই হয়ে ওঠে নান্দনিক। সে জন্য কিছু পরামর্শও দিয়েছেন তিনি।গোসলের পানি যেন বাইরে না আসতে পারে সে জন্য অনেকেই ব্যবহার করেন শাওয়ার এনক্লোজার। আকারে ছোট এনক্লোজার ব্যবহার করলে জায়গা কম লাগে। স্নানঘরে যদি বাথটাব থাকে, গোসল করার সময় পানি যেন বাইরে না আসে, সে জন্য ব্যবহার করা যেতে পারে কার্টেন (পর্দা)। দেয়ালের টাইলসের সঙ্গে মিল রেখে পর্দা ব্যবহার করলে ভালো দেখাবে। পর্দা সুতি না হয়ে বরং সিনথেটিক কিংবা ভারী কারুকাজ করা নেট কাপড়ের হলে ভালো। এতে সেটি ভিজলে দ্রুত শুকিয়ে যায়। পর্দার ঝুল বাথটাবের নিচ পর্যন্ত না দিয়ে বরং ছোট করাই ভালো।বড় বেসিন ব্যবহার করলে সুবিধা বেশি। তবে জায়গা কম থাকলে ছোট বেসিন ব্যবহার করতে পারেন। বড় বেসিন হলে তাতে অনেক জায়গা থাকে, অনায়াসেই বেসিনের পাশের জায়গায় বাঁশের কিংবা বেতের সাবানদানি ইত্যাদি রাখতে পারেন। চাইলে বেসিনের রঙের সঙ্গে মিলিয়ে সিরামিকের সাবানদানি কিংবা তরল সাবান রাখার পাত্র ব্যবহার করতে পারেন। সিরামিকের সুবিধা হলো, পানি লাগলেও কোনো সমস্যা হয় না। বেসিনের পাশে ছোট তাক লাগিয়ে নিতে পারেন। প্রয়োজনীয় জিনিস তো থাকবেই, ছোট শোপিস দিয়েও সাজিয়ে নিতে পারেন আপনার স্নানঘর। তবে শোপিসগুলো প্লাস্টিক আর সিরামিকের হলেই ভালো। স্নানঘর ছোট হলেও তাতে বড় আয়না ব্যবহার করা উচিত। এতে পূর্ণ অবয়ব যেমন দেখা যায়, তেমনি স্নানঘরটা অনেক বড় মনে হয়। চারপাশে কারুকাজ করা বড় আয়না বসানোর সময় বেসিন ও কমোডের রঙের সঙ্গে মিল রাখাই ভালো। স্নানঘরের দেয়ালজুড়ে টাইলস বসান অনেকে। নীলাভ কিংবা সাদা রঙের টাইলস লাগালে দেখতে ভালো লাগে। তবে বৈচিত্র্য আনার জন্য টাইলসের মাঝের অংশটা কারুকাজ করা থাকতে পারে। আবার এক সারি টাইলস ভিন্ন কোনো রঙের দিতে পারেন। আবার কেউ চাইলে একবারে একরঙা হালকা কিংবা গাঢ় রঙের টাইলস ব্যবহার করতে পারেন। মেঝের টাইলসটা এক দিকে হালকা ঢালু হওয়া উচিত। এতে মেঝেতে পানি জমে থাকবে না। আর পানি জমলে মুছে ফেলার ব্যবস্থা থাকতে হবে।দেয়ালে পেইন্টিং রাখতে পারেন। সবুজের আবেশ আনতে চাইলে বেসিনের পাশে ছোট ক্যাকটাস-জাতীয় গাছ রাখতে পারেন। স্নানঘরের গরম বাতাস বের করতে ব্যবহার করা যেতে পারে একজস্ট ফ্যান। স্নিগ্ধতার সঙ্গে সুগন্ধ দরকার, তাই স্নানঘরে অবশ্যই ব্যবহার করবেন এয়ারফ্রেশনার। পরিচ্ছন্ন আর গোছানো থাকলেই নান্দনিক হয়ে উঠবে আপনার স্নানঘর।