ছিল সোফা, হয়ে গেল বিছানা

ছিল সোফা, হয়ে গেল বিছানা। মডেল: সায়রা, সাজ: শোভন মেকওভার, স্থান কৃতজ্ঞতা: ইশো।ছবি: কবির হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজ, কার্যকর এবং বহু ব্যবহারোপযোগী—ছোট বাড়িতে এ ধরনের আসবাবেরই কদর বেশি। চেয়ারকে সিঁড়ি কিংবা বিছানা বানিয়ে ফেলা যাবে, এ চিন্তার পেছনে ছিল বাড়ির ভেতরে জায়গা বাঁচানো। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই পশ্চিমে অনুভূত হয় এ ধরনের মাল্টিফাংশনাল আসবাবের প্রয়োজনীয়তা। বাড়িগুলোর আকার ছোট হয়ে আসায় সেই সময় এ ভাবনা ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। একাধিক কাজ করছে, জায়গা বাঁচাচ্ছে এবং ঘর গুছিয়ে রাখতে সহায়তা করছে, ছোট ফ্ল্যাটের এ যুগে আমাদের দেশেও দ্রুতই তাই বাড়ছে এসব আসবাবের জনপ্রিয়তা।

মোড়া বা বসার জন্য ছোট চারকোনা বাক্সগুলোর কথাই ধরুন। ভেতরে অনেক কিছুই রাখা যায়, আবার মোড়ার ওপরে ঢাকনা লাগিয়ে দিলেই বসার জায়গাও হয়ে যাচ্ছে। বাড়িতে বাড়তি বা প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখার জন্যও মাল্টিফাংশনাল আসবাবের কদর বেড়েছে দিনের পর দিন।

মাল্টিফাংশনাল আসবাবের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে
ছবি: কবির হোসেন
ঘরের জায়গা বাঁচায় এ ধরনের আসবাব
ছবি: কবির হোসেন

ব্যক্তিগতভাবে আমি এর প্রথম প্রচলন দেখেছিলাম নিজের বাড়িতেই। আশির দশকের শেষের দিকে কাঠমিস্ত্রি দিয়ে চারকোনা আকারের বসার দুটো বাক্স বানিয়েছিলেন আমার মা। বাক্সের ওপরের বসার কুশনটি সরালেই দেখা যেত আলগা ঢাকনা। এটি তোলার জন্য ছোট একটি ছিদ্র করা ছিল। ওটা ধরে ঢাকনা তুললেই দেড় ফুটের মতো জায়গা। এর ভেতরে রাখা হতো বিছানার ধোয়া চাদর আর বালিশের কাভার। এ কাঠের চারকোনা সোফা দুটি এখনো বাড়িতে বেশ দাপটের সঙ্গেই ওই দুটো কাজ করে যাচ্ছে। সাদা রঙের একটা চেয়ারও বানিয়েছিলেন মা, যেটাকে প্রয়োজনমতো খাট বানিয়ে ফেলা যেত। সুতরাং আমাদের দেশেও এ ধরনের আসবাব বেশ আগে থেকেই ব্যবহার করা হতো। দোকানে কিনতে না পাওয়া গেলেও প্রয়োজনমতো করে বানিয়ে নেওয়ার রেওয়াজ ছিল। এ ধরনের আসবাব কাঠ, প্লাইউড কিংবা বোর্ড দিয়ে বানানো হচ্ছে বলে জানান ইশোর প্রধান আর্কিটেক্ট পিণাক পাণি সাহা।

ঢাকনা খুললেই ভেতরে পাওয়া যাবে জিনিস রাখার জন্য জায়গা
ছবি: কবির হোসেন

ঘরের ভেতর সবচেয়ে বেশি জায়গা নেয় বিছানা, চেয়ার, টেবিল। এ কারণে এগুলোর ওপর কাজও বেশি হচ্ছে যেন। ঘরের তুলনায় বাড়িতে সদস্যসংখ্যা যদি বেশি থাকে, মুহূর্তের মধ্যে বিছানায় পরিণত করা যায়, এমন সোফা কেনাই ভালো। এক দামে দুটোই পেয়ে যাচ্ছেন। তরুণেরাই মূলত এ ধরনের আসবাবের প্রতি আগ্রহ দেখাচ্ছেন বেশি, জানালেন পিণাক পাণি সাহা। আসবাব কেনার আগে একটু চিন্তা করে নিলে বাড়িতে আরাম ও কাজ, দুটোই সহজে করা যাবে। তবে এ ধরনের আসবাব ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভ্যাস গড়ে তোলা। দেয়ালের সঙ্গে লাগানো ছবিকে খাওয়ার টেবিল বানাতে হবে, খাওয়া শেষে আবার সেই দেয়ালেই লাগিয়ে ফেলতে হবে।

টেবিলের ভেতর রাখা যাবে বই
ছবি: কবির হোসেন

দেয়ালের তাক হয়ে যাচ্ছে খাবার টেবিল, টেবিলের ওপর একটি নির্দিষ্ট জায়গায় স্মার্ট মোবাইল রাখলে তার ছাড়াই চার্জ হয়ে যাচ্ছে; একটি টেবিলের নিচ থেকে বের হয়ে আসছে চার-পাঁচটি টুল, সিঁড়ির নিচে ড্রয়ার, বেঞ্চ বা সিঁড়ি হয়ে যায় চেয়ার, চেয়ারের নিচে ড্রয়ার দিয়ে বই রাখার ব্যবস্থা ইত্যাদি ভাবেই এক আসবাবের ওপর নানাবিধ কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। সময়ের চাহিদার সঙ্গে তাল মেলাতে এসব নতুনত্ব আসতেই থাকবে।