ছিলাম রিও অলিম্পিকের স্বেচ্ছাসেবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক আসরে নানা দেশে​র স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাংলাদেশি কয়েকজন। ছবি: সংগৃহীত
অলিম্পিক আসরে নানা দেশে​র স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাংলাদেশি কয়েকজন। ছবি: সংগৃহীত

ব্রাজিল শব্দটা কানে এলেই সাম্বা, ফুটবল, ক্রাইস্ট ডি রিডিমারের বিশাল ভাস্কর্য, মারাকানা স্টেডিয়াম আর হলুদ পোশাক পরা একদল ফুটবলারের চেহারা সামনে ভেসে ওঠে। বাংলাদেশ থেকে ১৬ হাজার কিলোমিটার দূরের দেশ ব্রাজিল। কল্পনাতেই যেখানে শুধু যাওয়ার কথা ভাবতাম। সেই ব্রাজিলে এ বছরের অলিম্পিকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি আমরা কয়েকজন বাংলাদেশি তরুণ। এ যেন দারুণ এক স্বপ্নপূরণ।
আমি, মো. মাসহুরুল হক, ডা. বারী, আবু নাইম মোহাম্মদ রেজওয়ান ও আইনুল ইসলাম—এই কজন তরুণ ছিলাম রিও অলিম্পিকের স্বেচ্ছাসেবকদের দলে। রিও ডি জেনেরিও থেকে লিখছি এই লেখাটা। অনেক পরীক্ষা পার হয়েই রিওতে যাওয়ার টিকিট পেয়েছিলাম আমরা বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা।

রিও অলিম্পিকের স্বেচ্ছাসেবকদের পোশাক–আশাক
রিও অলিম্পিকের স্বেচ্ছাসেবকদের পোশাক–আশাক

গত বছর শুরু হয়েছিল স্বেচ্ছাসেবক বাছাই-প্রক্রিয়া। অনলাইনে স্কাইপ সাক্ষাৎকার, ইংরেজি ভাষায় দক্ষতার পরীক্ষা দিয়ে অবশেষে মেলে অনুমতি। সারা বিশ্ব থেকে বাছাই, নানারকম পরীক্ষা-নিরীক্ষার পরে প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবককে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ থেকে ১০ জন স্বেচ্ছাসেবককে বাছাই করা হয়েছিল। শেষ পর্যন্ত আমরা পাঁচজন রিও অলিম্পিকে কাজ করেছি।
আমি এর আগে স্বেচ্ছাসেবক হিসেবে ২০১২ সালের লন্ডন অলিম্পিক আর রাশিয়াতে ২০১৪ সালের শীতকালীন অলিম্পিকেও কাজ করেছি। অলিম্পিকে পুরোনো হলেও, ব্রাজিলে প্রথম—আগ্রহ, উত্তেজনার রেশটা বেশ ভালোই ছিল। ব্রাজিলে আমাদের মধ্যে প্রথম পা রাখেন আইনুল ইসলাম। তাঁর কাজ বেশি ছিল ব্যারা অলিম্পিক পার্কে। ডা. বারী টম জোবিম আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেছেন প্রটোকল কর্মকর্তা হিসেবে। অলিম্পিকে কাজের সুযোগ বড় কিছু হলেও, এখানে আসার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাদের।
নিজের গাঁটের পয়সা খরচ করেই অলিম্পিক শুরুর দুদিন পরে ব্রাজিলে পা রাখি আমি। খেলার মাঠ থেকে শুরু করে প্রায় সব জায়গাতেই কাজ ছিল আমার, তাই অন্যদের চেয়ে ব্যস্ততা ছিল একটু বেশিই। আমার তত্ত্বাবধায়ক জানতেন না ইংরেজি, আর এতে প্রথম থেকেই শুরু হয় ভাষাবিভ্রাট। অবশ্য গুগল ট্রান্সলেটই ছিল ভরসা। ব্রাজিলের ভাষা পর্তুগিজ, সাধারণ মানুষের মুখ থেকে ইংরেজি বের করে আনা অনেক কঠিন এক বিষয়। প্রযুক্তিবন্ধু স্মার্টফোনই ভাষাবিভ্রাট থেকে বাঁচিয়েছে বেশির ভাগ সময়ে। আমাদের সেই ভোর থেকে রাত পর্যন্ত ছিল হাজারো কাজের ব্যস্ততা। কখনো কোনো ক্রীড়াবিদকে সময় দেওয়া, কখনো কোনো দর্শককে তাঁর টিকিটের লেখা গ্যালারিতে বসিয়ে দেওয়াসহ নানা কাজে পুরো অলিম্পিকে ব্যস্ত ছিলাম আমরা।

অলিম্পিক স্টেডিয়ামের সামনে লেখক
অলিম্পিক স্টেডিয়ামের সামনে লেখক

প্রথম যেদিন কাজ শুরু করলাম, সেদিন আমার দায়িত্ব ছিল অলিম্পিক স্টেডিয়ামের বাইরে দর্শকদের টিকিট পরীক্ষা করা। একটা দল এল। সবার টিকিটই স্ক্যানারে ‘পাস’ হয়ে গেল। একটা টিকিট আটকে যায়। জানতে পারলাম এ দলে যাঁরা এসেছেন, তাঁরা সবাই উসাইন বোল্টের আত্মীয়। জ্যামাইকা থেকে এসেছেন। সেদিন বোল্টের একটা ইভেন্টও ছিল স্টেডিয়ামে। যাঁর টিকিট স্ক্যানার মেশিনে পাস হচ্ছিল না, তাঁকে সঙ্গে নিয়ে আমি অফিসে গেলাম। সেখানে পরীক্ষা করে দেখা গেল তাঁর টিকিট ঠিকই আছে, আমাদের যন্ত্রে সমস্যা করছিল। অফিস থেকে স্টেডিয়ামের গেট পর্যন্ত ফেরার পথে তিনি জিজ্ঞেস করলেন, ‘কোন দেশ থেকে এসেছ?’ দুই দিনের বিমানযাত্রা করে বাংলাদেশ থেকে এসেছি শুনে তিনি খুবই বিস্মিত হলেন। খুশি হয়ে আমাকে জ্যামাইকার একটা স্মারক পিন উপহার দিলেন।
একদিকে অলিম্পিক আসরে অংশ নেওয়ার উত্তেজনা, অন্যদিকে চোখের সামনে উসাইন বোল্ট, মাইকেল ফেল্প্স, ফুটবলার নেইমারসহ বিশ্বখ্যাত ক্রীড়া তারকারা—সবকিছু একপাশে রেখে আমাদের লক্ষ্য ছিল যার যার কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অভিযাত্রী হিসেবে কাজ করেছি, শিখেছি, দেখেছি—নিজের অভিজ্ঞতার ঝুলিতে জমা করেছি অনেক কিছু।

আমরা সবাই যেন উসাইন বোল্ট!
আমরা সবাই যেন উসাইন বোল্ট!

পুরুষদের ১০০ মিটার দৌড়ের যেদিন কোয়ালিফাই রাউন্ড ছিল, সেদিন দেখা হলো জ্যামাইকার এক অ্যাথলেটের সঙ্গে। এক সহকর্মী বললেন, ‘ইনি কি চিনতে পেরেছ?’ আমি বললাম না। এই অ্যাথলেট জ্যামাইকার দৌড়বিদ ইয়োহান ব্লেক। মনে পড়ল লন্ডন অলিম্পিকে ব্লেক ১০০ মিটার স্প্রিন্টে রুপা জিতেছেন। ব্লেক আমার সঙ্গে করমর্দন করলেন, কথাও বললেন। রিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে চতুর্থ স্থান অর্জন করেন ইয়োহান ব্লেক।
অলিম্পিকে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ আমাদের জন্য বিরাট পাওয়া। মাসহুরুল হক তো অলিম্পিকে কাজের সুযোগ পেয়ে চাকরিকে ‘টা টা’ দিয়েই পাড়ি জমান ব্রাজিলে। আর রেজওয়ান বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টার বিরতি দিয়েই চলে আসেন রিওতে। তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাজ করেছেন। এ ধরনের কাজে অংশ নিলে সারা বিশ্ব থেকে আসা অনেক মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ থাকে। নিজের দেশকেও পরিচয় করিয়ে দেওয়া যায়।
এখনো আমি রিওতে। আগামী ৭ থেকে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় প্যারা অলিম্পিকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য থেকে গেছি। সাম্বার দেশ ব্রাজিলে অনেক গল্প জমা হয়েছে। দেশে ফিরে চায়ের আড্ডায় সবাইকে সেই হাজারো গল্প শোনানোর দিন গুনছি এখন।
ইংরেজি থেকে অনূদিত