ছুটছে সবাই দরজিবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরজিবাড়ি এখন সরগরম। পছন্দসই পোশাক তৈরিতে দরজির দোকানগুলোতে তরুণীদের ভিড়। ছবিটি গতকাল বেলা একটায় নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজার একটি দোকান থেকে তোলা l জুয়েল শীল
দরজিবাড়ি এখন সরগরম। পছন্দসই পোশাক তৈরিতে দরজির দোকানগুলোতে তরুণীদের ভিড়। ছবিটি গতকাল বেলা একটায় নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজার একটি দোকান থেকে তোলা l জুয়েল শীল

শুরু হয়ে গেছে ঈদ পালনের প্রস্তুতি। কাপড় কিনে মনের মতো পোশাক বানাতে সবাই এখন ছুটছে দরজিবাড়ি। হাতে সময় কম। আর কটা দিন দেরি হলেই বন্ধ হয়ে যাবে দরজিবাড়ির দরজা। সে কারণে দরজিবাড়িতে এখন ভিড় লেগেছে তরুণীদের।
নগরের আনাচকানাচে পাড়া–মহল্লায় তো বটেই, নগরের সব বিপণিকেন্দ্রের দরজি দোকানগুলো এখন কাপড় তৈরির ফরমাশ নিচ্ছে। কাজের পরিমাণের ওপর নির্ভর করে ১০ রোজার পর থেকেই ফরমাশ নেওয়া বন্ধ করে দেবে দোকানগুলো। নগরের বেশ কয়েকটি দরজি দোকান ঘুরে এমনই তথ্য পাওয়া গেল।
বর্ষা মৌসুমে ঈদ হলেও গরমের দাপট কম নয়। সে কারণে সুতি কাপড়ের পোশাক তৈরির ফরমাশ বেশি আসছে বলে জানালেন দরজিরা। এমব্রয়ডারি, ইয়ক বসানো সুতি থ্রি–পিসের কদর বেশি এবারও। এর বাইরে কেউ কেউ জর্জেট, লিনেন, নেট, চিকন ও সিল্কের কাপড়ও বেছে নিচ্ছেন।
নগরের একটি বিপণিকেন্দ্রে দরজির দোকানে কাপড় সেলাই করতে দেন খুলশী এলাকার ফারহানা আফরোজ। তিনি বলেন, ‘পছন্দের মাপের কাপড় পরার জন্যই রেডিমেড না কিনে সেলাই করতে দিই।’
টেরিবাজার, নিউমার্কেট, আখতারুজ্জামান সেন্টার, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, সেন্ট্রাল প্লাজাসহ নগরের সব ছোট-বড় বিপণিকেন্দ্রে এবারও সুতি কাপড়েরই জয়জয়কার।
বাজার ঘুরে দেখা গেল, চাহিদার কারণেই সুতি কাপড়ের বাহারি থ্রি–পিসের সম্ভারে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া রয়েছে কাজ করা সুতির গজ কাপড়। হালকা থেকে মাঝারি ধরনের এমব্রয়ডারি করা সেলাইবিহীন সুতি কাপড়ের থ্রি–পিস পাওয়া যাচ্ছে ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে। জমকালো কাজ করা থ্রি–পিসের দাম শুরু হচ্ছে ৪ হাজার থেকে। এ ছাড়া কাজ করা জর্জেট কাপড়ের থ্রিপিসও বেশ বিক্রি হচ্ছে। এগুলোর দাম পড়ছে ১ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা। সুতির কাজ করা গজ কাপড় পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৭০০ টাকার মধ্যে, কাজ করা নেটের গজ কাপড়ের দাম পড়ছে ৭০০ থেকে ১ হাজার টাকায়, চিকন কাপড়ের দাম শুরু হয়েছে ২৫০ টাকা থেকে।
নগরের অভিজাত বিপণিকেন্দ্র মিমি সুপার মার্কেটের তন্বী ফ্যাশনের স্বত্বাধিকারী আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এক রঙের তুলনায় ছাপা নকশার কাপড়ের ওপর এমব্রয়ডারির কাজ করা থ্রি–পিস বেশি বিক্রি হচ্ছে। ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে কাপড় বেশি বিক্রি হচ্ছে।
পোশাকের ছাঁটে এবার খুব একটা পরিবর্তন আসেনি বলে জানালেন দরজিরা। লম্বা ঝুলের কামিজ এবারও চলছে। এ ছাড়া বেশি ঘেরের আনারকলিও ছাঁটও অনেকে বেছে নিচ্ছেন। সালোয়ারের ক্ষেত্রে পালাজ্জো, পার্টি সালোয়ারই বেশি চলছে। এ ছাড়া চুড়িদারের চলতো রয়েছেই।
ঈদ উপলক্ষে এখনো সেলাইয়ের মজুরি তেমন বাড়ানো হয়নি বলে দাবি করলেন দরজিরা। তবে চাহিদা বুঝে সামনে মজুরি বাড়ানো হতে পারে বলে জানান কেউ কেউ। সাধারণ কাটের সুতির সালোয়ার কামিজ সেলাইয়ের মজুরি পড়ছে ৫০০-৭০০ টাকা, জর্জেট কাপড়ের সেলাইয়ের মজুরি ৬০০-৮০০ টাকা।
আনারকলি ও ফ্রক কাটের সালোয়ার কামিজ সেলাইয়ের মজুরি খানিকটা বেশি। কাপড় ও ধরন বুঝে ১০০০–১৫০০ টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে।
কল্লোল সুপার মার্কেটের বৈশাখী ফ্যাশন টেইলার্সের কাটিংমাস্টার বিমল নাথ বলেন, ‘শবে বরাতের পর থেকেই ঈদের অর্ডার নেওয়া শুরু করেছি। ১৫ রমজান পর্যন্ত অর্ডার নেওয়ার চিন্তা আছে। ছয়জন কারিগর পুরোদমে সেলাই করছে। চাঁদরাত পর্যন্ত কাপড় ডেলিভারি দেওয়া হবে।’