ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে এলে কখনোই আমার ঠিকমতো ঘুম হয় না। তার ওপর শুয়েছি মামার সঙ্গে। তাঁর নাক ডাকার আওয়াজ অনেকটা বেইজ গিটারের আওয়াজের মতো। কানের পাশে সারা রাত বেইজ গিটার বাজলে ভালো ঘুম হওয়ার কথা নয়। মামা অবশ্য আরামের একটা ঘুম দিয়ে চেয়ারে বসে পত্রিকা পড়ছেন। ঈদের ছুটিতে আমরা গ্রামে এসেছি। গ্রামে কত কিছু দেখা যায়! কী সুন্দর প্রকৃতি! তার পরও কেন যেন খালি খালি লাগছে। মনে হচ্ছে, ঢাকায় কী যেন ফেলে এসেছি। এ ব্যাপারে মামার সঙ্গে মতবিনিময়ের প্রয়োজন। গ্রামে এত সকালে পত্রিকা আসার কথা নয়। খেয়াল করে দেখলাম, মামা তিন দিনের আগের পত্রিকা পড়ছেন। তাতে কোনো সমস্যাই নেই। আজকাল পত্রিকায় প্রতিদিন একই খবর ছাপা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, বিপণিবিতানগুলোয় কেনাকাটার ধুম, যানজট, হত্যা আর বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধারের খবর ছাড়া পত্রিকাগুলোয় তেমন কিছু থাকে না। আমি আবৃত্তিশিল্পীদের মতো সুন্দর করে ডাকলাম, মামা?মামা আমার দিকে রাগতভঙ্গিতে তাকিয়ে পত্রিকা পড়ায় মনোযোগ দিলেন। তিনি আমার ওপর রাগ করেছেন। আসার সময় বাসের হেলপারকে মামা বলে ডেকেছিলাম। এটাই তাঁর রাগের কারণ। তাঁর বক্তব্য হচ্ছে, হেলপারকে মামা বলে ডেকে আমি তাঁকে অপমান করেছি। হেলপারকে মামা ডাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে তিনি রুল জারি করেছেন। —মামা, কথা বলবে না?—না।—কেন? আমাদের মন্ত্রী তো কম খেতে বলেছেন, কম কথা তো বলতে বলেননি। —চুপ! একদম চুপ!রেগে যাচ্ছেন কেন?—তুই হেলপারকে মামা ডাকলি কেন? ওই ব্যাটা, হেলপার তোর কোন ধরনের মামা?—হেলপারকে মামা বলে ডাকা যাবে না—এমন কোনো আইন বাংলাদেশে নেই। —আমাকে আইন শেখাচ্ছিস? দু-তিনটা আউট বই পড়ে মনে করেছিস সব জানিস? একটা চড় দিলে তো আধা ঘণ্টার জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলবি! হেলপারকে মামা ডাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তীব্র ধিক্কার!—তুমি বলেছিলে আমার সঙ্গে কথাই বলবে না! এখন এত কথা বলছ যে? —চুপ! একদম চুপ!আমি চুপ করলাম। জানালা দিয়ে তাকালেই পুকুরঘাট। সেখানে বসে বাবা ল্যাপটপ নিয়ে কী যেন করছেন। আসার পর থেকে এক মুহূর্তের জন্যও বাবা ল্যাপটপের দখল ছাড়েননি। এটা যে কত বড় একটা সমস্যা, তা বোঝানো সম্ভব নয়। মামার দৃষ্টি আকর্ষণ করলাম।—মামা, বাবা পুকুরঘাটে ল্যাপটপ নিয়ে বসে আছেন। গ্রামে এসেও যান্ত্রিকতার গ্রাসমুক্ত হতে পারেননি। গতকাল তোমাকে দেশসেরা ছাগল বলেছিল। তার প্রতিশোধ নেওয়ার এটাই সুযোগ!—ওরে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুই আয় আমার সঙ্গে! —আপুকেও ডাকি।আমি লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লাম। এ ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করতে আমার খুব ভালো লাগে। গত রাতে আপুর বালিশের পাশে একটা প্লাস্টিকের টিকটিকি রেখে এসেছিলাম। এখনো কোনো চিৎকার শুনিনি। অতএব ও এখনো ঘুমাচ্ছে—এটা নিশ্চিত। কিন্তু ঘরে ঢুকে দেখি, হাতপাখা দিয়ে মাকে বাতাস করছে আপু। আমি গলায় সংশয়ের একটা ভাব এনে বললাম, কী হয়েছে?—প্লাস্টিকের টিকটিকি দেখে মা ভয় পেয়েছে। প্রেশার বেড়ে গেছে।—সে কী! টিকটিকি রাখল কে?—এ ধরনের লো কোয়ালিটির ফাজলামো তুই ছাড়া কেউ করবে না। কত বড় বেয়াদব! মাকে ভয় দেখায়!—তোকে মামা ডাকছে—বলেই আমি ও ঘর থেকে চলে এলাম। এইচএসসিতে মনোবিদ্যা আপুর থার্ড সাবজেক্ট ছিল। মনোবিদ্যার কিছুই যে ও জানে না, তা আবারও প্রমাণিত হলো। জানলে ঠিকই বুঝত, কাকে ভয় দেখাতে চেয়েছিলাম। আমি আসতেই মামা বললেন, মিতি কই?—মায়ের সেবা করছে।—ভেরি নাইস। আজকাল তো মাতৃভক্তি দেশ থেকে উঠেই গেছে। তা তুই ওকে হেল্প করলি না? —আমি তো তোমাকে হেল্প করতে এলাম। বাবার ওপর প্রতিশোধ নেবে না?—ও ইয়া ইয়া। চল। শুভ কাজে দেরি করতে নেই। লেটস গো।বোঝাই যাচ্ছে, মামা বেশ উত্তেজিত। উত্তেজনার কারণেই কাচারিঘরের সামনের পিচ্ছিল জায়গাটা খেয়াল করলেন না। পা পিছলে পড়ে গেলেন। আমি কিছুতেই হাসি আটকাতে পারলাম না। মামা বললেন, চুপ! একদম চুপ!পুকুরঘাটে এসে হাতমুখ ধুয়ে নিলেন মামা। বাবা ল্যাপটপে কী যেন লিখছিলেন। মামাকে দেখে বললেন,—তোমার প্যান্টে কাদা লাগল কী করে? পড়ে গিয়েছিলে নাকি?—সবাইকে নিজের মতো ভাববেন না, দুলাভাই। প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার একটা চেষ্টা করেছিলাম। কবি বলেছেন, ‘শত সন্তান সাধ করি এর ধূলি মাখি সারা গায়’ আমি মেখেছি কাদা! আমার মনটাও যে কাদামাটির মতো নরম, তা বুঝলাম। আপনি এসব বুঝবেন না। ল্যাপটপ নিয়ে কী করছেন? এই প্রাকৃতিক শোভার মাঝে আপনার যান্ত্রিকতা এক্কেবারে মানাচ্ছে না। আপনি হালচাষ করলে পারফেক্ট হতো।—ওটা তোমার কাজ। আমি কবিতা লিখছি। বাসে আসার সময় কিছু ঈদসংখ্যা পড়ে আমার মনে হয়েছে, কবিতা লেখা কঠিন কিছু নয়। ইটস সিম্পল। বাংলা টাইপটা এখনো পুরোপুরি আয়ত্তে আনতে পারিনি। পারলেই কবিতা অটো আয়ত্তে চলে আসবে।—বাংলা টাইপ আয়ত্তে এলেও কবিতা আপনার আয়ত্তে আসবে না। প্রতিভা লাগে।—আমার প্রতিভা নাই? তুমি জানো? স্কুল ম্যাগাজিনে ‘ফিশিং ইজ মাই হবি’ নামে ইংলিশে একটা প্রবন্ধ লিখেছিলাম, জানো?—কোত্থেকে দেখে লিখেছেন, তা কে জানে? আপনি ফিশিংয়ের কী জানেন? জীবনে একটা মাগুর মাছও তো ধরতে পারেননি। —হোয়াট! ছাগলটা বলে কী? আমি মাছ ধরতে পারি না? এই, বড়শি আন। দেখিয়ে দিই, মাছ ধরা কাকে বলে। —আজ হবে প্রমাণিত কে ছাগল। আমিও দেখিয়ে দেব। বড়শি আনার সঙ্গে সঙ্গে বাবা আর মামা উচ্চকণ্ঠে মাছ ধরার প্রতিযোগিতায় নেমে গেলেন। এই ফাঁকে আমি ল্যাপটপটা নিজের দখলে নিয়ে পেছনের বাঁশঝাড়ে চলে গেলাম। আহ! বড় শান্তি লাগছে। ওরা মাছ ধরুক, এই চান্সে আমি সিমির সঙ্গে চ্যাটিং করি! এই প্রথম ছুটিটা ভালো লাগছে। এখন আর মনে হচ্ছে না ঢাকায় কিছু ফেলে এসেছি। মনে হচ্ছে আজই ঈদ! ইশ! ল্যাপটপটা না থাকলে কী যে হতো।