ছুটি ছাড়াই তিন বছর ধরে কর্মস্থলে নেই এক শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ির বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ছুটি না নিয়ে িতন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এই তিন বছরে তাঁর কোনো খোঁজ পাননি সহকর্মীরা। ওই শিক্ষকের নাম রাজীব কুমার নাগ।
প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজীব কুমার নাগ ২০১১ সালের ১২ অক্টোবর বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৪ সালের ৭ আগস্ট থেকে তিনি অনুপস্থিত।
পরবর্তী সময়ে প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে বেশ কয়েকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো জবাব দেননি। তবে তাঁর বেতন-ভাতা বন্ধ রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তনয় চাকমা বলেন, ‘সহকারী শিক্ষক রাজীব কুমার নাগ চলে যাওয়ার পর একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে শিক্ষা কার্যালয়কে অবগত করা হয়েছে। তাঁর কারণে অন্য শিক্ষকও নিতে পারছি না। তিনিসহ দুটি শিক্ষকের পদ খালি রয়েছে। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশন চাকমা বলেন, রাজীব কুমার নাগ বিদ্যালয় থেকে কোনো ছুটি ছাড়া চলে গেছেন। চলে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই।
প্রাথমিক কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা বলেন, শিক্ষক রাজীব কুমার নাগ কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁর ঠিকানায় একাধিকবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি কোনো জবাব দেননি।
এ কারণে তাঁর বেতন-ভাতা অনুপস্থিত থাকার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জানতে রাজীব কুমার নাগের ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।