ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন মাসের ছুটি নিয়ে দুটি বেসরকারি (প্রাইভেট) ক্লিনিকে নিয়মিত রোগী দেখছেন একজন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন। ব্রজগোপাল পাল নামে ওই চিকিৎসক হাসপাতালে অনুপস্থিত থাকায় উপজেলার অসংখ্য চক্ষুরোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক রোগীকে বেশি টাকা খরচ করে ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চক্ষু বিশেষজ্ঞ পদটি দীর্ঘদিন শূন্য থাকার পর গত জানুয়ারিতে ব্রজগোপাল ছাগলনাইয়া হাসপাতালে যোগ দেন। গত ১৪ মে তিনি হাসপাতাল থেকে তিন মাসের ছুটি নেন। অথচ তিনি নিয়মিতভাবে ফেনী ও ছাগলনাইয়ার দুটি ক্লিনিকে রোগী দেখছেন।জানা গেছে, ব্রজগোপাল পাল ছাগলনাইয়া কলেজ সড়কের আল ইনসানিয়াত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখছেন। এ ছাড়া ফেনী শহরের ট্রাংক রোডের আলট্রাপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে প্রতিদিন বিকেল চার-আটটা পর্যন্ত রোগী দেখছেন। আলট্রাপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অরুণ দাশ বিষয়টি স্বীকার করে জানান, ব্রজগোপাল শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল চারটার পর থেকে রাত আটটা পর্যন্ত এই ক্লিনিকে রোগী দেখেন।ছাগলনাইয়া আল ইনসানিয়াত অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্যাহ জানান, তিনি (ব্রজগোপাল পাল) প্রতি শুক্রবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখেন।হাসপাতালে দেখা গেছে, অসংখ্য রোগী ব্রজগোপাল পালের চেম্বারের (কক্ষ) সামনে অপেক্ষা করছে। লিলি বেগম (৪৫) ও শাহ আলম (৩০) নামের দুই রোগী অভিযোগ করে বলেন, ‘পরপর দুইদিন হাসপাতাল থেকে ঘুরে গেছি, আজ জানতে পারলাম ডাক্তার তিন মাসের ছুটিতে গেছেন।’ শাহ আলম প্রশ্ন করেন, ‘ডা. ব্রজগোপাল ছুটি নিয়ে আল ইনসানিয়াত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কীভাবে রোগী দেখছেন?’হাসপাতালে কর্মরত কয়েকজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, বজ্রগোপাল ছুটি নিয়ে অন্যত্র বদলির জন্য তদবির চালাচ্ছেন। জানতে চাইলে ব্রজগোপাল পাল প্রথম আলোকে বলেন, ‘আমি এফসিপিএস ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অর্জিত ছুটি নিয়েছি।’ দুইটি ক্লিনিকে রোগী দেখার কথা স্বীকার করে তিনি বলেন, ‘পাওনা ছুটির মধ্যে আমি কোথাও রোগী দেখতে পারি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (আরএমও) নুরুল আবছার বলেন, ‘বজ্রগোপাল পাল অর্জিত ছুটি নিয়েছেন। ছুটি নিয়ে তিনি কোথায় কী করছেন তা আমার দেখার বিষয় নয়।’ স্বাস্থ্য কর্মকর্তা স্বীকার করেন, চক্ষু চিকিৎসক না থাকায় প্রতিদিন অনেক রোগী ফিরে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশীদ বলেন, ‘যোগ দেওয়ার কয়েক মাস না যেতেই তিন মাসের ছুটি কীভাবে পান সেটা ভাববার বিষয়।’ জেলা সিভিল সার্জন এ এন এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি নতুন যোগ দিয়েছি। এ ব্যাপারে কিছু জানি না। তবে বিষয়টি দেখব।’