চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মোসলেহ উদ্দিন। ব্যক্তিগত ছুটি নিয়ে দেশের বাইরে যান ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি। ছুটির নির্ধারিত মেয়াদ ছিল তিন মাস। কিন্তু আড়াই বছরেও তিনি ফেরেননি। বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য কর্তৃপক্ষ কয়েক দফা নোটিশ দিয়েছে তাঁকে। চূড়ান্ত নোটিশের জবাবে মোসলেহ উদ্দিন জানান, তিনি আর যোগদান করবেন না।২০০৫ সালে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে যোগদান করেন মোহাম্মদ জয়নুল আবেদীন। যোগদানের কয়েক মাস পর বিনা অনুমতিতে দেশের বাইরে চলে যান এ শিক্ষক। চাকরিতে যোগদানের জন্য তাঁকেও বারবার নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু কোনো জবাব মেলেনি। পরে গত ১ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চাকরিচ্যুত করা হয়।অনুসন্ধানে জানা গেছে, শুধু এ দুজন নন, ছুটিতে গিয়ে ফেরেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও ৭৫ জন শিক্ষক। তাঁরা উচ্চশিক্ষা ও অর্জিত ছুটি নিয়ে দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নেন। ছুটির মেয়াদ পার হলেও আর যোগ দেননি। এসব শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েও এই পাওনা আদায় করতে পারছে না।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, চাকরি বিধির ৮(২) ধারা ভঙ্গ করায় কর্তৃপক্ষ ৭৫ জন শিক্ষককে ইতিমধ্যে চাকরিচ্যুত করেছে। অপর দুজন নিজ থেকেই অব্যাহতি নিয়েছেন। নিয়ম অনুযায়ী, ছুটিতে থাকা শিক্ষকদের প্রথম তিন বছর বেতন-ভাতা দেওয়া হয়। তবে শর্ত থাকে, তিন বছর পর ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে হবে। না ফিরলে ফেরত দিতে হবে বেতন-ভাতা। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এসব শিক্ষকের কাছ থেকে পাওনা আদায়ে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মইনুল ইসলাম প্রথম আলোকে এ প্রসঙ্গে বলেন, ‘ছুটি নিয়ে পরে বিশ্ববিদ্যালয়ে ফিরে না আসার বিষয়টি একেবারেই উচিত না। এতে করে দেশের মেধা পাচার হচ্ছে।’ অনুসন্ধানে আরও জানা যায়, ছুটিতে গিয়ে না ফেরা শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি পদার্থবিদ্যা বিভাগের, ১০ জন। এ ছাড়া সমাজতত্ত্ব বিভাগের নয়জন, অর্থনীতির আটজন, রসায়নের ছয়জন; গণিত, ইতিহাস, রাজনীতিবিজ্ঞান এবং বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পাঁচজন করে; পরিসংখ্যান বিভাগের চারজন; লোকপ্রশাসন, ব্যবস্থাপনা এবং সামুদ্রিক বিজ্ঞান ও ফিশারিজ ইনস্টিটিউটের তিনজন করে; দর্শন, ইংরেজি ও হিসাববিজ্ঞান বিভাগের দুজন করে এবং বাংলা, উদ্ভিদবিদ্যা, যোগাযোগ ও সাংবাদিকতা এবং বিপণনবিদ্যা বিভাগের একজন করে শিক্ষক ছুটির মেয়াদ শেষ হলেও বিশ্ববিদ্যালয়ে ফেরেননি। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘উচ্চশিক্ষা গ্রহণ করে প্রত্যেক শিক্ষকেরই দেশে ফিরে আসা উচিত। সেখানকার অর্জিত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো শিক্ষক নির্ধারিত ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান না করার বিষয়টি অবশ্যই নীতিহীন ও গর্হিত কাজ। এতে বিশ্ববিদ্যালয় ও দেশ ক্ষতিগ্রস্ত হয়।’প্রশাসন সূত্রে জানা গেছে, ৭৭ শিক্ষকের মধ্যে ৫৪ জন বিদেশে চলে যান। এর মধ্যে ৩৭ জন যুক্তরাষ্ট্রে, ১১ জন কানাডায়, তিনজন অস্ট্রেলিয়ায় এবং তিনজন যুক্তরাজ্যে যান। অন্যরা দেশেই আছেন। চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে ১০ জন তাঁদের কাছে পাওনা ২৪ লাখ ১৫ হাজার ৩১৬ টাকা পরিশোধ করেছেন। অন্যদের কাছে বর্তমানে পাওনা দুই কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৬৭ টাকা।সূত্র আরও জানায়, বিদেশে থাকা শিক্ষকেরা সর্বশেষ যেসব দেশে অবস্থান করেছিলেন, সেখানকার দূতাবাসগুলোতে টাকার পরিমাণ জানিয়ে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া টাকা আদায়ে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দ্বারস্থ হয়েছিল কর্তৃপক্ষ। অর্থ পরিশোধ করার জন্য ১১ শিক্ষককে উকিল নোটিশও দেওয়া হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘ছুটি শেষে চাকরিতে যোগ না দেওয়া শিক্ষকদের কাছ থেকে টাকা আদায়ের প্রক্রিয়া অনেক এগিয়েছে। এরই মধ্যে কয়েকজন শিক্ষক টাকা ফেরত দিয়েছেন।’