
‘গত তিন বছর ছুটির দিন কী, তা ভুলেই গেছি। মাসের ৩০ দিনই শুটিং। বছরের কোনো সময় ছুটি না পেলেও দুই ঈদে নিশ্চিত ছুটি মেলে। তাও আবার সপ্তাহ খানেকের জন্য। আর সেই সময়টা ঘুরতে বেরিয়ে পড়ি।’ বললেন অভিনয়শিল্পী সজল।
গতকাল বৃহস্পতিবার কথা হয় সজলের সঙ্গে। বললেন, ‘আমি তো ধারাবাহিক নাটকের কাজ খুব একটা করি না। খণ্ডনাটকই বেশি করি। তাই বছরের সব সময়ই চাপ থাকে। দুই ঈদের কয়েক মাস আগে তো এই চাপ বেড়ে যায় অনেক গুণ। শত কষ্ট সহ্য করে হলেও নাটকের কাজগুলো শেষ করি। এরপর দিই ছুট। মোবাইল বন্ধ। শুধু বাসার লোকজনের সঙ্গেই যোগাযোগ থাকে। কয়েকটা দিন নিজের মতো করে থাকার চেষ্টা।’
ছুটি এখন সজলের কাছে সোনার হরিণ। তাই সুযোগ পেলেই বেড়াতে সমুদ্রের কাছাকাছি থাকাটা তাঁর কাছে সবচেয়ে বেশি আনন্দের। সজলের কাছে কক্সবাজারের তুলনা নেই। বললেন, ‘পৃথিবীর অনেক দেশেই বেড়াতে গেছি। অনেক সমুদ্রসৈকত দেখা হয়েছে। কিন্তু কক্সবাজারের মতো এত বড় সমুদ্রসৈকত কোথাও দেখিনি। তিন-চার দিনের ছুটিও যদি পাই, বিমানের টিকিট কেটে উড়াল দিই। কখনো আত্মীয়স্বজন আবার কখনো বন্ধুরাই সঙ্গী।’
কক্সবাজার সমুদ্রসৈকতে রাতের বেলা হাঁটাহাঁটি দারুণ উপভোগ করেন সজল। পূর্ণিমা রাতে তো এ সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। রাতের বেলা সমুদ্রের সৌন্দর্য তাঁকে অদ্ভুত এক মায়ার জালে আটকে রাখে।
সজল কিন্তু দারুণ ভোজনরসিকও। কক্সবাজারে যত দিন থাকেন একেক বেলা একেক রেস্টুরেন্টে খেতে বেশি পছন্দ করেন। বললেন, ‘কক্সবাজারে যত দিন থাকি এক ফুডকোর্টে দ্বিতীয়বার যাই না। সেখানকার প্রতিটি ফুডকোর্টের খাবার আমার দারুণ পছন্দ। আর সামুদ্রিক যেকোনো মাছ এবং মাংসের কালো ভুনার তো তুলনাই হয় না।
বই পড়তেও ভালোবাসেন সজল। ভ্রমণে তাই ভ্রমণবিষয়ক আর থ্রিলার ধাঁচের বই সঙ্গে রাখেন।