ছুটি পেলেই ছুটে চলা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘শহরের বাইরের বাতাসে কী যেন একটা জাদু আছে!’ বলছিলেন ফয়সাল রশীদ। একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক তিনি। বাতাসে জাদুর রহস্য ভেদ করতে পারেননি, তবু এই জাদুর টানেই ছুটি পেলে ছুটে যান ঢাকার বাইরে। ‘সারাটা সপ্তাহ কাজের চাপ থাকে। সোম-মঙ্গলবারের দিকেই মনে হয় আর পারছি না। তখন নিজেই নিজেকে সান্ত্বনা দিই। আর মাত্র কয়েকটা দিন, বৃহস্পতিবার রাতেই ঢাকা ছেড়ে পালাব। কক্সবাজার, কুয়াকাটা, শ্রীমঙ্গল... কিংবা অন্য কোথাও দু-এক দিন কাটিয়ে ঢাকায় ফিরি।’ ফয়সালের মতো অনেকেই সপ্তাহ শেষের ছুটিটা কাটাতে চান গ্রামের পরিবেশে। বৃহস্পতিবার সকাল থেকেই ভেতরে ভেতরে কাজ করে চাপা রোমাঞ্চ। অফিসের ফাঁকেই হয়তো যাত্রার সঙ্গীদের সঙ্গে চলতে থাকে খুদেবার্তা বিনিময়, ‘আসছিস তো?’ ‘বাস কিন্তু ঠিক ১০টায়।’ দল বেঁধে ঢাকা ছাড়লেই মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। কেবল শহরের যানজট-ভিড়ভাট্টাই তো নয়, পেছনে পড়ে যায় অফিসের ফাইল-পত্তর আর রাজ্যের দুশ্চিন্তাও।

.
.

দূরের যাত্রায় কারও সঙ্গী পুরোনো বন্ধুরা, কারও অফিসের সহকর্মী, কেউ বা বেরিয়ে পড়েন পরিবারের সবাইকে নিয়ে। দু-একটা দিন কাটিয়ে হয়তো রাতের বাসে ঢাকা ফিরেই সকালে অফিস ধরতে হয়। তবু বেড়ানোর আনন্দের কাছে এই ক্লান্তিটুকু ম্লান হয়ে যায়। এমনটাই জানা গেল সিটি ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র রিলেশনশিপ ব্যবস্থাপক এস এম কামরুল আহসান খানের সঙ্গে কথা বলে। ‘কখনো মনে হয়, ছুটিটা আরেকটু লম্বা হলে ভালো হতো। তবু, যেটুকু সময় পাই, তা-ই কাজে লাগানোর চেষ্টা করি। আসলে প্রতিদিন একই রুটিন মেনে জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে যায়। বেড়াতে গেলে সেটা কিছুটা হলেও দূর হয়। কিছুদিন আগে কিশোরগঞ্জ গিয়েছিলাম। গত বছর গিয়েছি সিলেটে। টানা দুই-তিন দিন বন্ধ পেলেই বেড়ানোর পরিকল্পনা করতে থাকি।’ বিয়ের আগে এস এম কামরুল আহসান খানের সঙ্গী হতেন বন্ধুরা। এখন সময়-সুযোগ হলে স্ত্রী শারমিন শরীফকে নিয়ে বেরিয়ে পড়েন তিনি।
বান্দরবান, কক্সবাজারের মতো খুব দূরে কোথাও যাওয়ার সুযোগ না হলে ইদানীং ঢাকার কাছাকাছি বিভিন্ন রিসোর্ট থেকেও ঘুরে আসছেন কেউ কেউ। তাঁদের কাছে খানিকটা হাওয়াবদলই মুখ্য। একটি বিজ্ঞাপনী সংস্থার ব্র্যান্ড ব্যবস্থাপক তানভীর হায়দার যেমন দুটো দিন কাটিয়ে এলেন গাজীপুরের একটি রিসোর্ট থেকে। বলছিলেন, ‘বন্ধুরা সবাই মিলে গেলে আসলে কোথায় গেলাম, সেটা বড় কথা না। ঢাকা থেকে খুব বেশি দূরে না হলেও, রিসোর্টে আমাদের সময় খুব ভালো কেটেছে। সারা দিন সুইমিং পুলে দাপাদাপি করেছি। তা ছাড়া দিন-রাত আড্ডা তো আছেই। যদিও আবার ঢাকার বাস ধরতে মন চাইছিল না।’ মন না চাইলেও, মেনে নিতেই হয়। ছুটি শেষে হাজিরা দিতে হয় অফিসে। তবু, মনটাকে জাগিয়ে রাখে আবারও ছুটি, আবারও বেরিয়ে পড়ার অপেক্ষা...