ছুটি শেষে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছুটির পর স্কুল খুলছে। এই ছুটিতে অনেক নিয়ম-কানুন, অভ্যাস বদলে গেছে শিশুদের। সকালবেলা আর চাইলেই ঘুম থেকে দ্রুত উঠতে পারে না তারা। বইপত্র থেকে শুরু করে অন্য জিনিসপত্র গুছিয়ে রাখার অভ্যাসটাও কমে যায়। বাড়ির কাজ করার কথা হয়তো বেমালুম ভুলে গেছে। দীর্ঘ ছুটির পর শিশুদের এসব সমস্যা হতেই পারে। এ জন্য ওদের দোষ দেওয়া যায় না। এটাই বরং স্বাভাবিক। এ জন্য বাচ্চাকে বকাঝকা না করে ওদের সাহায্য করতে হবে পুরোনো অভ্যাসটা আবার ফিরিয়ে আনতে।ছুটির পরে শুরুতেই একগাদা পড়াশোনা বা বইপত্র ধরিয়ে দেওয়া উচিত নয়।যদিও বাংলা মাধ্যমের স্কুলগুলোতে ছিল মাস খানেকের বন্ধ। আর ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষা বছর। বলেন আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুলের প্রাইমারি শাখার অধ্যক্ষ সামসে এ হাসান। তাঁর পরামর্শ হলো, এখানে বড় ভূমিকা পালন করতে হবে মা-বাবাকে। তাঁরাই ছুটির সময় শিশুর সব নিয়মকানুন, অভ্যাসের মধ্যে ধরে রাখতে পারেন, যাতে ছুটির পরপরই সে কোনো ধাক্কা না খায়। সকালে ঘুম থেকে ওঠা, অল্পস্বল্প পড়াশোনা করা ইত্যাদি হতে পারে অন্যতম। পড়াগুলো যে পাঠ্যবইয়ের পড়াই হতে হবে তা নয়, গল্প বা কমিকসের বইও হতে পারে এ সময়ের সঙ্গী। ছবি আঁকার শখ থাকলে হাতে তুলে দিতে পারেন রংপেনসিল বা তুলি। ছুিটতে যেহেতু নিয়মের কিছুটা হেরফের হয়ে থাকে, তাই স্কুল খোলার কয়েক দিন আগে থেকেই বাচ্চাকে নিয়মের মধ্যে আনতে হবে। চেষ্টা করুন একটু আগে ঘুম থেকে তুলে দেওয়ার। স্কুলে যে সময়ে টিফিন করত, ওই সময়ে নাশতা করানোর। আর বিশ্রামের সময় পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম। খেলাধুলার সময়টাও বরাদ্দ থাকবে আগের মতোই। ‘স্কুলের শিক্ষকদেরও হতে হবে যত্নবান। ছুটির পর বেশি চাপ দিয়ে লেখাপড়া শুরু করা উচিত নয়। বাচ্চারা ছুটিতে কে কী করল, কী বই পড়ছে, কোথায় বেড়াতে গেছে—এসব নিয়ে আলোচনা করা যেতে পারে। কেউ ভালো কোনো কাজ করলে তাকে উৎ সাহিত করতে হবে। ছুটি নিয়ে গল্প লেখা বা ছবি আঁকা যেতে পারে। এভাবে ধীরে ধীরে পাঠ্যবইয়ের পড়াশোনার ভেতর ঢুকতে হবে।’ বলেন সামসে এ হাসান। এতে করে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ে। পড়াশোনার ভয়ও কেটে যায় অনেকটা।সাউথব্রিজ স্কুলের প্রাইমারি শাখার শিক্ষক আবিদা খান লোদী বলেন, ছুিটর পরপর অনেক বাচ্চাই স্কুলে আসতে চায় না। বিশেষ করে, ছোট ক্লাসের শিক্ষার্থীরা। স্কুল খুললে ওদের ছোট ছোট গল্পের বই পড়তে দিতে হবে। শিক্ষণীয় মজার সব খেলার মাধ্যমে পড়াশোনার জগতে নিয়ে যেতে হবে। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা নতুন ক্লাসে নতুন বই পাবে। পড়াশোনা নতুন করে শুরু করবে। তাদেরও একধরনের আগ্রহ থাকবে। তবে এসব ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের কৌশলী হতে হবে। ওদের দিকে দিতে হবে তাই বাড়তি নজর।গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ মোরশেদা বেগম বলেন, ‘স্কুল খোলার কয়েক দিন আগে থেকেই মা-বাবাকে বাচ্চাদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে। বইখাতা ঠিকমতো গোছানো, বাড়ির কাজ দেওয়া থাকলে তা তৈরি হয়েছে কি না ইত্যাদি বিষয় খেয়াল করতে হবে। স্কুলে যাওয়ার নির্দিষ্ট তারিখ বারবার মনে করিয়ে দিতে হবে। অনেক দিন পর স্কুলে গেলে পুরোনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে, অনেক আনন্দ হবে—এসব বোঝাতে হবে। কোনো রকম ভয়ভীতি দেখিয়ে স্কুলে পাঠানো ঠিক নয়। নিজের খাবার নিজে খাওয়া, ক্লাসে যেন উচ্চ স্বরে কথা না বলে, দুষ্টুমি না করে, শিক্ষকদের কথা শুনে এসব গল্পচ্ছলে বলতে হবে। আর স্কুলের নিয়মকানুন আবার বলে দিতে হবে।’আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীদার চৌধুরী বলেন, বাংলা মাধ্যমের স্কুলগুলোতে ছুটির আগেই স্কুল থেকে কিছু বাড়ির কাজ দেওয়া হয়ে থাকে। ছুটির সময়ে একটু নিয়ম করে সেগুলো পড়লেই ছুটির পর আর কোনো সমস্যা হয় না। তবে শিশুদের একঘেয়েমি কাটাতে ছুটিতে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া উচিত। এ ছাড়া স্কুলের পড়াটাকে বিনোদনভিত্তিক করা যেতে পারে, যাতে স্কুুল খুললে তারা একঘেয়েমিতে না ভোগে। সব সময়ই শিশুদের বাড়তি চাপ না দিয়ে নিয়মের মধ্যে চলার অভ্যাস করা যেতে পারে, তা সে ছুটির আগে হোক বা পরে।