এদিক-সেদিক করে প্রায় এক সপ্তাহের ছুটি পাওয়ায় রাজধানীর বেশির ভাগ মানুষই ভ্রমণে বেরিয়ে পড়েছেন। তবু রস+আলোর এই লেখকের মতো অনেক অভাগাই আছেন যাঁদের দিন কাটছে ঘরে বসে, ফেসবুক স্ক্রল করে। কিন্তু সেখানেও যখন ঘুরতে যাওয়া লোকজনের হাসিমুখের সেলফি দেখতে হয়, তখন ফেসবুকও অসহ্য লাগে। তাই আজ থেকে স্মার্টফোন বন্ধ করে ছুটির বাকি দিনগুলো আনন্দে কাটাতে কিছু কার্যকর আইডিয়া দিচ্ছেন আসফিদুল হক
অসময়ের অতিথি হয়ে যান
আজই মনে মনে একজন ‘শিকার’ খুঁজে বের করুন, যিনি আপনার মতোই এই ছুটির দিনগুলোতে বাসায় বসে ঝিমোচ্ছেন। ‘শিকার’ খুঁজে পাওয়ার পর বাসা থেকে বের হয়ে বাজারে যান, এক হালি আনারস অথবা দুটি ডাব কিনুন; সঙ্গে পাইনঅ্যাপলের সেই বিখ্যাত, ক্রিমওয়ালা এক প্যাকেট বিস্কুট। এরপর সেগুলো নিয়ে আচমকা হাজির হোন ‘শিকার’-এর বাসায়। তাকে সারপ্রাইজ দিয়ে বলুন, ’৯০ দশকের আবহ ফিরে পাওয়ার জন্য আগাম কোনো খবর না দিয়েই চলে এসেছেন। তারপর দুজন মিলে গঠনমূলক সমালোচনা শুরু করুন তাদের নিয়ে, যারা এই ছুটিতে বেড়াতে গিয়েছে। দেখবেন, সমালোচনা করতে করতেই ছুটির বাকি দিনগুলো আরামে কেটে গেছে।
সাপলুডু খেলুন
একসময় লুডুখেলা ছিল বাংলার মানুষের ঘরে বসে সময় কাটানোর অন্যতম উৎস। প্রযুক্তির করাল গ্রাসে লুডুখেলাও এখন ঢুকে গেছে আমাদের স্মার্টফোনে। হারিয়ে যাওয়া অনুভূতি ফিরে পেতে তাই এই ছুটিতে কিনে আনুন লুডু বোর্ড। কেনার পর লুডু খেলতে ইচ্ছুক পরিবারের সদস্য বা বন্ধুবান্ধব নিয়ে আসর জমিয়ে ফেলুন। আর খেলার মাঝে আপনার শৈল্পিক চৌর্যবৃত্তির হারিয়ে ফেলা প্রতিভা নতুন করে প্রয়োগ করুন। আশা করা যায়, লুডুকেন্দ্রিক নানা ঘটনা-দুর্ঘটনায় ছুটির বাকি দিনগুলো ভালোই কাটবে আপনার।
টিভির সংবাদ গুনুন
দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে ঘণ্টায় ঘণ্টায় খবর দেখানো হয়। কোন চ্যানেলে কতবার খবর দেখানো হয় এবং একই প্রতিবেদন ২৪ ঘণ্টায় কতবার দেখানো হয়, এটা গুনতে গুনতে এই ছুটির দিনগুলো আপনি অবলীলায় কাটিয়ে দিতে পারেন। পৃথিবীতে আজকাল সবকিছু নিয়েই গবেষণা হয়, সুতরাং কোনো দিন যদি বাংলাদেশের টিভি চ্যানেলের খবর নিয়ে গবেষণা হয়, তখন কিন্তু আপনার এই পরিশ্রমের ফসল অবিস্মরণীয় ভূমিকা রাখবে।
আপনার শিশুকে ‘শিক্ষা’ দিন
একসময় পরিবারের শিশুদের শিক্ষার হাতেখড়ি হতো দাদা-দাদি, নানা-নানি কিংবা মা-বাবার হাতে। কিন্তু এখন মা-বাবা নানান কাজে ব্যস্ত। তাই শিশুরা শিক্ষা লাভ করে কোচিং সেন্টার আর হাউস টিউটরের মাধ্যমে। ফলে গড়ে উঠছে জিপিএ ফাইভ প্রজন্ম, যার নানা ‘সুফল’ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তাই এই ছুটিটা আপনার সন্তানদের সঙ্গে গল্প করেই কাটিয়ে দিন। তাদের সঙ্গে মন খুলে কথা বলুন। বলুন যে, জিপিএ ফাইভ পাওয়াই জীবনের সার্থকতা নয়, একসময় আপনিও দু-চারটা সাবজেক্টে ফেল করতে করতে শিক্ষাজীবন পার করেছেন। লেখাপড়ার বাইরেও একটা জগৎ আছে। তবে ছুটির এই দিনগুলোতে মানবিক সম্পর্ক গড়ে তোলা যে কতটা জরুরি, সেটা রম্য ক্রোড়পত্রে যখন আপনাকে পড়তে হচ্ছে, তখন এর চেয়ে বড় রম্য সত্যিই আর কিছু হতে পারে না!