ছুটিতে আবার দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎ​সবের লম্বা ছুটিতে পাওয়া যায় বন্ধু–স্বজনদের। সবাই মিলে চলে তুমুল আড্ডা। মডেল: খায়রুল বাশার, নাইমা শারমিন, রাজ, অর্পণ ও শিফা। ছবি: কবির হোসেন
উৎ​সবের লম্বা ছুটিতে পাওয়া যায় বন্ধু–স্বজনদের। সবাই মিলে চলে তুমুল আড্ডা। মডেল: খায়রুল বাশার, নাইমা শারমিন, রাজ, অর্পণ ও শিফা। ছবি: কবির হোসেন

অন্য ছুটিগুলো হয়তো সবার সঙ্গে মেলে না। তাই ঈদের ছুটিতে পাওয়া যায় পুরোনো বন্ধুবান্ধবসহ প্রায় সবাইকে। এবার ঈদ ও পূজা মিলিয়ে ছুটিটা বেশ লম্বাই ছিল। এমন বড় ছুটিতে সবার সঙ্গে মিলে আড্ডা দেওয়া, খাওয়াদাওয়ার আনন্দই প্রেরণা জোগায় ছুটির পরে আবার কেজো জীবনে ফিরে যেতে

সাব্বির-তমা দম্পতির দুজনেই চিকিৎসক। সারা বছর কাটে খুব ব্যস্ততায়। ছুটি বা অবসর নেই বললেই চলে। তাঁরা দুজন একসময় সহপাঠীও ছিলেন। ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় তাঁদের একটা দল ছিল। সেই বন্ধুদের অনেকেই বিদেশে, আর যাঁরা দেশে, তাঁরাও নিজ নিজ ক্ষেত্রে এত ব্যস্ত যে ফেসবুক ছাড়া কারও সঙ্গে কারও দেখা হয় না। কিন্তু ঈদ বা পূজার সময়টাই অন্য রকম। উৎসবের এই ছুটি মানেই সবাই আবার একসঙ্গে হওয়া। এবার তো দুই উৎ​সব মিলে অনেকটাই লম্বা ছুটি। বেশ কয়েক বছর ধরে ঈদের পরদিন সাব্বির-তমার বাড়িই হয়ে উঠেছে পুরোনো বন্ধুদের বার্ষিক ভেন্যু। সাব্বির ও তমাই নিজ উদ্যোগে ব্যাপারটা চালু করেন বছর সাতেক আগে। কেননা, তাঁরা দুজনেই বন্ধু হওয়ায় এই বাড়িতেই বন্ধুরা সবচেয়ে বেশি খোলামেলা হতে পারেন। এখন বিষয়টা প্রায় রুটিনই হয়ে দাঁড়িয়েছে। হাসতে হাসতে বলেন তমা, ‘গেল বছর এই গেট টুগেদারের লোভে ঈদ করতে তো বিদেশ থেকে দুই বন্ধু পরিবার নিয়ে দেশে চলে এসেছিল!’ এই দিনটার জন্য সারা বছর উন্মুখ হয়ে থাকেন তাঁরা। প্রতিবছর ঈদের ছুটিটা তাঁদের একসঙ্গে মিলিয়ে দিতেই আসে যেন। পুরোনো দিনের স্মৃতি, হইহল্লা, আড্ডাবাজি, হা হা হাসি—হ্যাঁ, সাব্বির অকপটে স্বীকার করেন পরবর্তী দিনগুলোর জন্য অনুপ্রেরণা নিয়ে আসে।

দুই.

বিয়েশাদি  বা জন্মদিন-বিবাহবার্ষিকীতে একটুক্ষণের সাক্ষাৎ এটা নয়। এটা প্রাণ খুলে কথা বলা, চায়ের টেবিল উড়িয়ে দেওয়া গল্প করার আর হা হা করে হাসির সময়।
বিয়েশাদি বা জন্মদিন-বিবাহবার্ষিকীতে একটুক্ষণের সাক্ষাৎ এটা নয়। এটা প্রাণ খুলে কথা বলা, চায়ের টেবিল উড়িয়ে দেওয়া গল্প করার আর হা হা করে হাসির সময়।

জুনায়েদ আহমেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান। যে প্রতিষ্ঠানটি তিনি চালান, সেটা ছোট হলেও পরিবেশ সৌহার্দ্যপূর্ণ। সারা বছর প্রতিদিন অফিসে দেখা হয়, কথা হয়—সেটা দৈনন্দিন ব্যাপার। জুনায়েদ চেষ্টা করেন অফিসের বাইরেও একটা বন্ধুবৎসল পরিবেশ গড়ে তুলতে। তাই প্রথম থেকেই প্রায় প্রতিবছর ঈদের দিন রাতে অফিসের সবাইকে পরিবারসহ বাড়িতে ডাকেন তিনি। এবারও তার ব্যতয় ঘটেনি। এই দিনটি যেন পাল্টে দেয় সবাইকে। সেদিন সবকিছু ভুলে সবাই অন্য রকম আমেজে আনন্দে-উল্লাসে মেতে ওঠেন। তাঁদের স্ত্রী বা স্বামীরা, ছেলেমেয়েরা একসঙ্গে আসে। একটু গর্বিত ভঙ্গিতে বলেন তিনি, ‘আমার অফিস ছেড়ে কেউ আজ পর্যন্ত স্বেচ্ছায় কোনো কারণ ছাড়া চলে যাননি। আন্তরিকতার অভাবও নেই কারও কাজে। একটা সুদৃঢ় বন্ধন গড়ে উঠেছে। হ্যাঁ, হয়তো প্রতিবছর এই একসঙ্গে হওয়াটা প্রেরণা দেয় আমাকে, আনন্দও দেয়। সারা বছর আমি অপেক্ষা করি এই ঈদের জন্য।’

উৎসবে ছুটিতে
উৎসবে মানুষে মানুষে মেলার সংস্কৃতিটাকে ধারণ করে। আর সে কারণেই ঈদ হয়ে উঠেছে আমাদের বৃহত্তম সামাজিক উৎসব। এটা ঘিরেই প্রতিবছর এই সময়ে হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে সারা রাত জেগে ট্রেনের টিকিট কাটে, পথের বিশাল বাধা অতিক্রম করে বাড়ি যায়—কেবল পরিবার ও স্বজনদের সঙ্গে মিলবে বলে। আবার ফিরে আসার পথেও থাকে নানা ঝক্কি। যারা রয়ে যায় এই শহরে, তারাও দিনটিকে বেছে নেয় বাবা-মা, ভাইবোন, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে উঠবে বলে। কর্ম‌ক্ষেত্রের চাপ, ছেলেমেয়ের স্কুল পরীক্ষা আর যানজটের এই অসহনীয় শহরে বেশির ভাগ মানুষ চাইলেও একে অন্যের সঙ্গে মিলতে পারে না, একসঙ্গে আড্ডা জমানো হয়ে ওঠে না সহসাই। কারও না কারও সমস্যা রয়েই যায়। কিন্তু ঈদের সময়টা ব্যতিক্রম। এই সময়টায় সবাই নিজেদের জন্য আলাদা করে সময় পায়। ঈদের ছুটির আগে থেকেই হয়তো শুরু হয়ে যায় পরিকল্পনা—এবার কোথায় কার বাড়িতে গেট টুগেদার হবে। কী কী খাওয়া হবে সেখানে৷ কী কী নিয়ে যাওয়া হবে। ওই নির্দিষ্ট অনুষ্ঠানে কোন পোশাকটা পরা হবে। কে কার আগে ফেসবুকে ছবিগুলো দেবে। কত দিন পর দেখা হবে অমুকের সঙ্গে। তমুক হয়তো বিদেশ থেকে এসেছে, তাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়, যেন অনুষ্ঠানটা কিছুতেই মিস না হয়। সারা বছরের একটুখানি দেখা, বিয়ে-শাদি বা জন্মদিন-বিবাহবার্ষিকীতে একটুক্ষণের সাক্ষাৎ এটা নয়। এটা প্রাণ খুলে কথা বলা, চায়ের টেবিল উড়িয়ে দেওয়া গল্প করার আর হা হা করে হাসির সময়। ভাইবোন বা বন্ধুবান্ধবকে একটা কার্ড পাঠিয়ে উইশ করে নিজেরা নিজেরা উৎসব উদ্‌যাপন করার মানসিকতাটা ভাগ্যিস আমরা এখনো রপ্ত করতে পারিনি। তাই শত ঝামেলায়ও হাসিমুখে সবাইকে আমরা এখনো অভ্যর্থনা জানাতে পারি উৎ​সবের ছুটির দিনগুলোতে। বেঁচে থাকুক এই উৎ​সবের আনন্দ।