ছুটিতে বাড়ি ফিরে সড়ক মেরামত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। জনপ্রতিনিধিদের কাছে অনেক দেন-দরবার করেও লাভ হয়নি। ভাঙাই থেকে গেছে সাতকানিয়া উপজেলার কারিয়াইশ ইউনিয়নের মৌলভীপাড়া সড়ক। অবশেষে নিজেরাই উদ্যোগ নিয়ে সড়কের সংস্কার করলেন স্থানীয় লোকজন। শহরে বসবাসকারী চাকরিজীবীরাও ঈদের ছুটিতে বাড়ি ফিরে সড়ক মেরামতের কাজে হাত দিয়েছেন। বেসরকারি মোবাইল ফোন কোম্পানির প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, ‘সরকারিভাবে বরাদ্দ পাওয়ার অনেক চেষ্টা করেও না পেয়ে অবশেষে লম্বা ছুটি পেয়ে নিজেদের সড়ক নিজেরা মেরামত করে নিচ্ছি। চেয়ারম্যান ও মেম্বারদের অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু কোনো লাভ হয়নি।’জানা যায়, মৌলভীপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। ১৯৯৭-৯৮ অর্থবছরে এ সড়কে ইট বিছানো (ব্রিক সোলিং) হয়েছিল। এরপর বেশ কয়েক বারের বন্যার পানিতে ডুবে সড়কের বেশির ভাগ স্থানের ইট উঠে যায়। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁরা বহুবার রাস্তা মেরামত অথবা পুনর্নির্মাণের আবেদন করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। এ সড়ক দিয়ে মৌলভীপাড়া, তালুকদারপাড়া, মুন্সিরপাড়া, ঢেঁকিপাড়া ও মাইঙ্গাপাড়ার প্রায় সাড়ে চার হাজার লোক চলাচল করেন। তা ছাড়া এ সড়ক দিয়ে কৃষিপণ্য আনা-নেওয়া করেন গ্রামবাসীরা। কালিয়াইশ বিলে উৎপাদিত আউশ, আমন ও বোরো—তিন জাতের ধানসহ শীতকালীন সবজি এ সড়ক দিয়ে বিভিন্ন বাজারে নেওয়া হয়।বেসরকারি ব্যাংক কর্মকর্তা খোরশেদ আনোয়ার বলেন, ‘সড়কের গুরুত্বের কথা বিবেচনা করে ঈদের ছুটিতে এসে এলাকার যুবকদের নিয়ে সড়ক মেরামতের কাজে লেগে গেছি। এলাকার প্রায় ৪০ জন যুবক সড়ক মেরামতের কাজে অংশ নিয়েছেন।’ সরেজমিনে দেখা গেছে, দল বেঁধে এলাকার তরুণ যুবকেরা সড়ক মেরামত করছেন। কেউ মাটি কাটছেন, কেউ ইট তুলছেন, কেউ বালি ফেলছেন সড়কে। সড়কের পাশে বৃক্ষ রোপণ চলছিল সমান তালে। কালিয়াইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাব্বির আহমদ ওসমানী বলেন, ‘ঈদের ছুটিতে এলাকার যুবকেরা সড়ক মেরামতের যে কাজ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। সড়কের বাকি অংশের অসমাপ্ত কাজ কাজের বিনিময়ে খাদ্য বা কর্মসৃজন প্রকল্পের আওতায় শেষ করা হবে।’