
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা রহমান। বছর তিনেক হলো পেশাজীবনে পা রেখেছেন। ঈদের সময় দীর্ঘ একটা ছুটি পান, আর এটাই রীতিমতো আতঙ্ক হয়ে আসে তাঁর জীবনে। ছুটির আয়েশ আর আরামের কারণে ওজন চোখের পলকে বেড়ে যায়। এই নিয়ে তাঁর দুশ্চিন্তার শেষ নেই। সাবরিনার মতো অনেকেই ঈদের ছুটির সময়ে ওজনকে ঠিক রাখতে বেশ ভাবতে হয়। কর্মব্যস্ত জীবনে একটু সচেতন হলেই ওজন নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।
ঈদ মানেই যেন টেবিল-ভর্তি হরেক রকম রান্নার সমাবেশ। বারডেম জেনারেল হাসপাতালের পুষ্টি বিভাগের প্রধান আখতারুন নাহার আলো বলেন, ‘ছুটিতে বেশি বেশি খাওয়ার প্রবণতা থেকে নিজেকে বাঁচিয়ে চলা উচিত। মাংস বেশি খেয়ে ওজন বাড়িয়ে শরীরে গোলমাল বাধানো উচিত না।’
সারা বছর দৌড়ঝাঁপের জন্য আমাদের শরীরে একটা গতি থাকে, ঈদের ছুটিতে সেই গতিতে একটু বিরতি আসে। এই বিরতির সময় নিয়ম করে সকাল আর বিকেলে হাঁটা উচিত। হাঁটলে শরীর বেশ ভালো থাকে। বাজারে হেঁটে যান কিংবা পার্কে একটু সময় করে হেঁটে আসতে হবে।
যদি বাড়িতেই থাকেন, তাহলে ঘরের টুকটাক কাজ করে শরীরকে নিয়ন্ত্রণ করতে পারেন। শারীরিক পরিশ্রমের জন্য ঘরদোর পরিষ্কার, ঘর গোছানো, বারান্দায় বাগানও করতে পারেন।
ঈদের সময় রান্নার ক্ষেত্রে অনেকেই বেশি মাত্রায় তেল আর ঘি ব্যবহার করেন। নিজের আর পরিবারের সুস্থতার জন্য পরিমিত মাত্রায় তেল আর ঘি ব্যবহার করুন রান্নায়। বেশি করে পোলাও, মাংস খেয়ে শরীরে ঢিলেমি আনা ঠিক নয়। মনে করেন পুষ্টিবিদ আখতারুন নাহার।
এ সময় বাসায় ফল রাখতে পারেন। শিশু আর পরিবারের অন্য সদস্যদের জন্য মৌসুমি ফল রাখুন সব সময়। ডাবের পানি আর ফলের রস শরীরের জন্য আরামদায়ক। অনেকেই ঈদের সময়টায় সবজি ছুঁয়েও দেখতে চান না। এটা খুবই বাজে অভ্যাস, শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। যাঁদের সবজিতে অরুচি আছে, তাঁরা সালাদ বেশি বেশি খেতে পারেন। টমেটো আর লেটুস-পাতার সালাদ দুপুর আর রাতের আহারে পাতে নিতে পারেন। টমেটোতে চার ধরনের ক্যারোটিনয়েড বা ভিটামিন ‘এ’ থাকে বিপুল পরিমাণে। এই ক্যারোটিনয়েড বা ভিটামিন ‘এ’ ত্বক ও চোখের সুস্থতা এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে খুবই কার্যকর।
ঈদের ছুটি মানেই বেশি ঘুম—এই অভ্যাস থেকে বেরিয়ে আসুন। খাবার শেষ করে দুপুর বেলার ঘুম শরীরের ওজন বাড়িয়ে দেয়, এতে আলস্য ভর করে শরীরে আর মনে। রাতের বেলা নিয়মিত ছয় থেকে আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
ছুটিতে কাপের পর কাপ কফি আর চা খেতে খেতে পার করে দেন অনেকে। পুষ্টিবিদ আখতারুন নাহার বলেন, ‘কফি ঘুমের ব্যাঘাত ঘটায়। ছুটির সময় দিনে সর্বোচ্চ এক কাপ কফি খেতে পারেন। আর পরিমিত মাত্রায় লিকার চা বা রং-চা খেতে পারেন।’