ছুটির অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভার্সিটি ছুটি হতে আর মাত্র সাত দিন। এবার অনেকদিন পর বাড়ি যাচ্ছি। ঈদে বাড়ি ফেরার আনন্দে খানিকটা উন্মাদের মতো অবস্থা। গত ঈদে বাড়ি যাওয়া হয়নি। কত দিন মায়ের হাতের রান্না করা শিং মাছের ঝোল খাওয়া হয় না, চিংড়ি দিয়ে পালং শাক...। বাবাকে এখন পত্রিকা পড়ে শোনায় কেউ? কে? মল্লিকা মনে হয়। মল্লিকার সঙ্গে কত দিন মারামারি করি না। খুব মনে পড়ছে সবাইকে। কে জানে, এখনো বিন্দুু-র কপালে সেই কালো টিপটা আছে, নাকি নেই। নিশ্চয়ই আছে। স্কলারশিপের টাকায় তিন বছর আগে কেনা মুঠোফোনটা ১২ দিন ধরে নষ্ট। বিন্দুর সঙ্গে তিন দিন আগে একবার কথা হয়েছে বাইরের দোকান থেকে। বাড়ি ফিরব কবে এসব জানাইনি। হঠাৎ সামনে গিয়ে দাঁড়ালে খুব অবাক হবে ও। আনন্দে তার চোখ ছলছল করে উঠবে আমায় দেখে। কত দিন বিন্দুর চোখে চোখ রাখিনি, ইশ। এবার গিয়ে বাবা-মাকে বিন্দুর কথা সব বলে দেব। আর মাত্র ৬ মাস পর স্নাতক শেষ হলেই কয়েক মাসের মধ্যে একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে আশা করি। জহির ভাই তো বলেই রেখেছে তাঁর খালাতো ভাই শরীফ আহমেদকে। আমাকে জামালপুর ব্রাঞ্চে পোস্টিং দেবে বলেও তিনি কথা দিয়েছেন জহির ভাইকে। এখন শুধু গ্র্যাজুয়েশনটা শেষ করার অপেক্ষা। তারপর বিন্দুকে আমার ঘরনি করে নিয়ে আসব চিরতরে। বিন্দুর নাকের ডগা লাল করে দেওয়া লাজুক হাসিটা বিয়ের দিন কেমন লাগে, তা দেখার সাধ বহুদিন চেপে রেখেছি বুকের নিভৃত এক কোণে।বাস থেকে নেমে প্রায় দ্বিগুণ ভাড়ার একটা রিকশা নিলাম। আমার বাড়ি যেতে পথেই বিন্দুদের বাড়ি। ওখানে রিকশা থামিয়ে বিন্দুকে এক নজর দেখার জন্য নামলাম। উঠোনে দাঁড়িয়ে বিন্দু-বিন্দু বলে দুবার ডাকলাম। বিন্দু এল না, এল ওর বড় বোন মুক্তা। আমি বললাম, ‘বিন্দুকে একটু ডেকে দেবেন, আপা?’ আপা বললেন, ‘ও তো নেই।’ আমি বললাম, ‘কোথায় গেছে?’ আপা বললেন, ‘আমার সঙ্গে এসো।’ মুক্তা আপার সঙ্গে হেঁটে বাড়ির সীমানা পেরোনোর সময় রিকশাওয়ালা ডাকল পেছন থেকে। আমি গুরুত্ব না দিয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা কবরস্থান পার হওয়ার সময় আপা থেমে গেলেন। আমি অবাক চোখে তাকালাম। আপা বললেন, ‘বিন্দু এখানে।’ আমি দিশেহারার মতো প্রশ্ন করলাম, ‘এখানে মানে?’ আপা বললেন, ওই যে ডান কোণে কবরটাতেই শুয়ে আছে বোন। আপার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে নামতে দেখলাম। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। কিছুই মাথায় ঢুকল না। আপা হেঁটে চলে গেলেন। আমি কবরস্থানের পাশে দাঁড়িয়ে রইলাম হতবাক হয়ে। স্নায়ুতন্ত্র কাজ করছে না যেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার গেলাম বিন্দুদের বাড়ি। মুক্তা আপার কাছে জানতে চাইলাম সবকিছু। আপা বলতে লাগলেন, ‘সাত-আট দিন আগে পাশের গ্রামের মফিজ বিন্দুকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। বিন্দু তাতে রাজি হয়নি। পরের দিন ওর কলেজের এক বান্ধবী ওকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে যায়। ওই বান্ধবী বাসায় বিন্দুকে একা রেখে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর মফিজ তার লোকজন নিয়ে ওই বাসায় ঢোকে...’ ‘তারপর? ও মারা গেল কেমন করে?’‘ওই দিন রাতে ও বাড়ি ফিরে আসে ক্ষত-বিক্ষত হয়ে। বাবা ওকে কয়েকটা থাপড় দেয়। পরে আমি জানতে চাইলে ও কাঁদতে কাঁদতে সব খুলে বলে। পরের দিন সকালে পুকুরঘাটে ওর লাশ পড়ে ছিল। ও বিষ খেয়েছে। ওর নীল হয়ে যাওয়া মুখ দেখে শত শত মানুষ কেঁদেছে। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। তাই মফিজের কোনো সাজা হয়নি।’ আপা চোখ মুছতে মুছতে আমাকে বিদায় দিলেন। রিকশাওয়ালাকে আর দেখা গেল না। ভাড়া নিতে অপেক্ষার সময়টা বোধ হয় তার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল।শাকিলা জাহানবেইজিং, চীন।[email protected]