সপ্তাহের অন্যান্য দিনে ব্যস্ততা অনেক। তাই বেশির ভাগ সময় হয়তো গোসলটা সারতে হয় তাড়াহুড়া করে। কখনো অফিস যাওয়ার সময় কাকগোসল সেরে নেন, কখনো অফিস থেকে ফিরে সন্ধ্যায় ক্লান্ত হয়ে গা ভেজান।
কিন্তু একটা চমৎকার ও দীর্ঘ গোসলেরও যে প্রয়োজন আছে সুস্বাস্থ্যের জন্য, সে কথা হয়তো ভাবারও ফুরসত পান না। বাত ব্যথা থেকে শুরু করে ডায়াবেটিস, হৃদ্রোগ ও বিষণ্নতা বা উদ্বেগের মতো নানা রোগের চিকিৎসায় আনন্দময় গোসল ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই ছুটির দিনে আয়েশ করে স্নান বা গোসল করার সময় বরাদ্দ রাখতেই পারেন।
—নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, আধঘণ্টা গরম পানিতে গোসল করার পর রক্তের শর্করা ১৩ শতাংশ কমে যায়। কেননা এতে দেহের রক্তনালিগুলো প্রসারিত হয়। ফলে রক্তসংবহন বাড়ে এবং ইনসুলিন নামের হরমোন আরও বেশি কাজ করতে পারে।
—জাপানি একদল গবেষক বলছেন, উষ্ণ পানিতে ১০ মিনিটের গোসল শরীরের রক্তসঞ্চালন বাড়িয়ে দিয়ে আপনার হৃদ্যন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করতে সক্ষম।
—হালকা গরম পানিতে গোসল করার পর মস্তিষ্কে অক্সিটোসিনের মাত্রা যায় বেড়ে। এই জৈব রাসায়নিক পদার্থটি উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে।
আসুন, জেনে নিই নানা রকমের গোসল ও তার উপকারিতা সম্পর্কে—

উষ্ণ গোসল: বিজ্ঞানীরা বলছেন, ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে গোসল করার পর ঘামগ্রন্থিগুলোর মুখ যায় খুলে। ফলে শরীরের ক্ষতিকর পদার্থ বা টক্সিন বেরিয়ে যায়। এতে হাড় ও জোড়ার ব্যথা কমে এবং রক্তসংবহন বাড়ে। কোষ্ঠকাঠিন্যও দূর হয়। এই উপকার পেতে হালকা গরম পানি শরীরে ঢালতে হবে কমপক্ষে ১০ থেকে ২০ মিনিট।
চাপ কমায়: তুলনামূলক ঠান্ডা পানি উল্টোটা করে; মানে রক্তনালিকে সংকুচিত করে। এতে রক্তে শর্করা বাড়তেও পারে। তবে ঠান্ডা পানিতে গোসল করার একটা উপকারিতাও আছে; তা হলো, এটি মানসিক চাপ বা স্ট্রেস কমাতে পারে। খুব উদ্বেগ বা চাপের সময় ১২ থেকে ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ঠান্ডা পানিপ্রবাহের নিচে মাত্র ৩০ সেকেন্ড দাঁড়িয়ে থাকুন। এতে মানসিক চাপ কমে যাবে অনেকটা।
সংক্রমণ প্রতিরোধ: যাঁদের ত্বকে অ্যালার্জি বা অ্যাকজিমা আছে, তাঁরা হালকা গরম পানিতে অল্প সোডিয়াম বাইকার্বনেট বা সোডা মিশিয়ে নিলে অনেক উপকার পাবেন। আবার ত্বক সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে বাইরে থেকে এসে হালকা অ্যান্টিসেপটিক মেশানো পানিতে গোসল করা ভালো।
পা ভেজানো: পুরো গোসল না করে শুধু পা ভিজিয়ে রাখলেও নানা উপকারিতা পাওয়া যায়। ঠান্ডা জ্বর বা মাথা ব্যথা সারাতে একটা গামলায় হালকা গরম পানি নিয়ে তাতে লেবুর রস, পেপারমিন্ট বা যেকোনো সুগন্ধি রস মিশিয়ে পা ডুবিয়ে রাখতে হবে অন্তত আধঘণ্টা। তফাতটা তার পরই বুঝতে পারবেন। যাঁদের ঘুমের সমস্যা আছে, তাঁরা রাতে শোবার আগে ঠান্ডা পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখতে পারেন। ভালো ঘুম হবে।
সূত্র: মেডস্কেপ ও এনইজেএম।