
ঘুম অবশ্যই দরকারি। তাই বলে সপ্তাহে একটা ছুটির দিন পেলেন আর অমনি সারা দিন ঘুমিয়েই কাটিয়ে দিলেন—তাহলে কিন্তু বিপদ। কেবল ছুটির দিন নয়, এর সঙ্গে মিলিয়ে অন্যান্য দিনে ঘুমও যেন ঠিকঠাক থাকে, সে বিষয়ে সতর্ক থাকা দরকার।
ঘুমানো মানেই সময় নষ্ট করা—এই ভুল ধারণা আমাদের অনেকেরই আছে। এ রকম ধারণা কিংবা দুশ্চিন্তার কারণে কারও কারও জীবন থেকে ঘুমের প্রকৃত স্বাদ যেন হারিয়ে যাচ্ছে। ঘুম ও এর প্রভাব নিয়ে আমাদের দেশে তেমন গবেষণা না থাকলেও যুক্তরাষ্ট্রের নতুন একটি গবেষণা বলছে, ঘুমের নানা ইতিবাচক দিকের কথা। তারা বলছে, নিয়মিত ভালো ঘুম হলে পরবর্তী জীবনে দারুণ প্রভাব পড়তে পারে।
গবেষণাটি করেছে টেক্সাসের বেয়লর বিশ্ববিদ্যালয়ের স্লিপ নিউরোসায়েন্স অ্যান্ড কগনিশন ল্যাবরেটরি। ওই গবেষণায় দেখা যায়, মধ্যবয়সে ভালো ঘুম ভবিষ্যতের মানসিক প্রশান্তির জন্য দারুণ এক পুঁজি হিসেবে কাজ করতে পারে। মধ্যবয়স বলতে ত্রিশোর্ধ্ব সময়কে বোঝানো হয়েছে।
কিন্তু আমাদের দেশের জন্য তা কি ঠিক? এ প্রসঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ওয়াজি-উল-আলম চৌধুরী বলেন, ভালো ঘুমের সঙ্গে স্মৃতিশক্তির বেশ নিবিড় যোগসূত্র রয়েছে। সাধারণত বৃদ্ধ বয়সে স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি লোপ পায়, মানসিক দুর্বলতা তৈরি হয়। ঘুমের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শেষ বয়সে অনেকেরই অনিদ্রা প্রায় নিয়মিত সমস্যা হয়ে দেখা দেয়। মধ্যবয়সে একজন মানুষ নিয়ম মেনে পরিমিত ঘুমালে তার সুফল বৃদ্ধ বয়সে পৌঁছার পর সবদিক থেকেই পেতে পারেন।
সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘুমের পরিমাণ এবং চিন্তাধারা বদলাতে থাকে। বেয়লর বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ৫০ বছরের গবেষণার অভিজ্ঞতা থেকে বলছেন, সাধারণত এই বয়সে যদি নিয়ম মেনে আরামের ঘুম হয়, তবে তা ভবিষ্যতের স্মৃতিশক্তির প্রসার এবং মানসিক প্রশান্তির জন্য খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে।
ছুটির দিনের ঘুম
ঢাকার বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আমিনের পরামর্শ, ছুটির দিনে ঘুম কেমন হবে, তা নির্ভর করে কিছু বিষয়ের ওপর। আপনি যদি সারা সপ্তাহ খুব মানসিক অস্থিরতা কিংবা শারীরিক পরিশ্রম করেন, একটি দিন খানিকক্ষণ ঘুমিয়ে বিশ্রাম নিতেই পারেন। কিন্তু পুরো সপ্তাহে যদি পরিমিত ঘুম ঘুমিয়ে থাকেন, তবে ছুটির দিনটি শুরু করুন হাঁটাহাঁটি কিংবা শারীরিক ব্যায়ামের মাধ্যমে। তারপর না হয় দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিলেন, কিন্তু অতিরিক্ত ঘুম একেবারেই নয়। এর ব্যতিক্রম হলে স্থূলতাজনিত বিভিন্ন সমস্যা আপনার সঙ্গী হয়ে উঠবে।
সম্প্রতি নিউজিল্যান্ডে আরেকটি গবেষণার ফলাফলে বলা হয়, হঠাৎ নিয়মের বাইরে গিয়ে ঘুমের তারতম্য হলে তা শরীরে অতিরিক্ত মেদ সঞ্চারের পাশাপাশি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের জন্ম দিতে পারে। মূলত কর্মমুখর সপ্তাহ এবং ছুটির দিনের মাঝে ঘুমের যে বিশাল পার্থক্য হয়, এতে দেহঘড়িটা হঠাৎই দ্বিধান্বিত হয়ে পড়ে। আর এই অবস্থাকেই বিজ্ঞানীরা বলছেন ‘সোশ্যাল জেট-ল্যাগ’।