ছুটির দিনে পারকি সৈকতে পর্যটকের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ-হরতালের কারণে ধস নেমেছে পর্যটনশিল্পে। তবে ছুটির দিনগুলোতে ফাঁক পেলেই অনেকে কাছে কোথাও বেড়িয়ে আসছেন। আনোয়ারার ঝাউগাছে ঘেরা পারকি সমুদ্রসৈকতে গিয়ে সেটা বোঝা গেল। সম্প্রতি সপ্তাহিক ছুটির দিনগুলোয় এই সৈকতে ঢল নামছে পর্যকদের।

শহর থেকে মাত্র ঘণ্টা খানেকের দূরত্বের পথ। দিনে এসে দিনেই ফিরে যাওয়া যায়। তা ছাড়া যাতায়াতব্যবস্থারও উন্নতি ঘটেছে। এ কারণে শুক্রবার বা অন্যন্য রাষ্ট্রীয় ছুটির দিনে নানা শ্রেণী-পেশার মানুষ ঘুরে যাচ্ছেন পারকি সৈকত।

নয়নাভিরাম এই সৈকতে সরকারি ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে শৌচাগার ও গোসলখানা। বেসরকারিভাবে গড়ে উঠেছে রিসোর্ট ও রেস্তোরাঁ। এ ছাড়া সৈকতের আশপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকানপাট।

সম্প্রতি পারকিতে গিয়ে নানা বয়সের পর্যটকের ভিড় দেখা গেছে। প্রশস্ত বালিয়াড়ি ও ঝাউবাগান এই সৈকতকে আলাদা মাত্রা দিয়েছে বলে জানালেন বেড়াতে আসা কয়েকজন পর্যটক। কেউ এসেছেন পরিবার-পরিজনের সঙ্গে, কেউ বা দলবেঁধে এসেছেন বনভোজন করতে। হালিশহর এলাকা থেকে অনির্বাণ নামের একটি সংগঠনের সদস্যরা এসেছেন বনভোজনে। সংগঠনের সদস্য নাজমুল আলম বলেন, ‘অবরোধ-হরতালে দূরের কোথাও না গিয়ে পারকি এসে দারুণ উপভোগ করলাম।’

পারকি সৈকতের লুসাই পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, শুক্রবার এলেই দর্শনার্থীদের পদভারে মুখর হয়ে ওঠে পারকি সৈকত। অন্যান্য ছুটির দিনেও এখানে বেড়াতে আসেন দর্শনার্থীরা। এদিকে, পারকি সৈকতে বেড়ানোর পরিবেশ নিরাপদ করতে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ আহমেদ বলেন, দর্শনার্থীরা যাতে সাচ্ছন্দ্যে বেড়াতে পারেন, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছেন।