ছুটির দিনে স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনে সম্পর্কে প্রশ্নের ঝাঁপি নিয়ে হাজির হয়েছিলেন এই পাঠ​েকরা। ছবি: সাব্বির আহমেদ খান
ছুটির দিনে সম্পর্কে প্রশ্নের ঝাঁপি নিয়ে হাজির হয়েছিলেন এই পাঠ​েকরা। ছবি: সাব্বির আহমেদ খান

‘মনের জানালা বিভাগে কে পরামর্শ দিয়ে থাকেন?’ কুইজের উত্তর দিতে গিয়ে একটু বিরক্তই হলেন তিনি। খানিক বাদে, নীরবতা ভেঙে বলতে শুরু করলেন, ‘আপনারা কুইজে এসব কী প্রশ্ন করেছেন! এগুলো কে না জানে?’ ঢাকার মাতুয়াইল থেকে আসা ইশতিয়াক আহমেদের কথার জুতসই উত্তর দিতে গিয়ে আমাদেরও মনে হলো, এসব কে না জানে!
এটা ছিল ‘সতেরোয় স্বাগতম’-এ ছুটির দিনে স্টলে কুইজ পর্বের একটি ঘটনা। ছুটির দিনের নানা আয়োজন নিয়ে তিনটি কুইজের একটি ছিল এটি। প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ‘সতেরোয় স্বাগতম’ নামে পাঠক মেলার আয়োজন করা হয়েছিল ১৩ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে। ক্রোড়পত্রগুলোর অংশে ছুটির দিনের স্টলও ছিল। আর সেখানে যথারীতি পাঠকের জন্য নানা আয়োজন।

মেহতাব খানমকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার পরামর্শ নেন পাঠকেরা। ছবি: খালেদ সরকার
মেহতাব খানমকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার পরামর্শ নেন পাঠকেরা। ছবি: খালেদ সরকার

দুপুরের পর স্টলে আসেন ছুটির দিনের লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তাঁকে ঘিরে শুরু হয় পাঠকের নানা প্রশ্ন। ব্যক্তিগত, পারিবারিক—নানা জিজ্ঞাসা তাঁর কাছে। মেহতাব খানমও দিতে থাকেন পরামর্শ। কেউ কেউ আবার তুলে নিলেন ছবি।
এরই মধ্যে হাজির চলচ্চিত্র তারকা নিপুণ ও কুসুম শিকদার। দুই তারকাকে ঘিরে পাঠকের জটলা কাটতে না কাটতেই একদল ছুটির দিনে-ভক্তের আগমন। হাজারো প্রশ্নের ঝাঁপি নিয়ে হাজির এই তরুণ দল। ‘আপনার রাশিফল’ লেখক কাওসার আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজও নিলেন তাঁরা। আর ভুল করলেন না দল বেঁধে ছবি তুলতে।
দুপুর গড়িয়ে বিকেল। মেলায় পাঠকের ঢল। শেষ বেলায় মেহতাব খানম বলে গেলেন পাঠকের সঙ্গে সময় কাটানোর অনুভূতি, ‘পাঠক মেলা, পাঠকের কাছে আসার মেলা। মেলায় এসে আমি খুবই আনন্দ পাই। অনেক পাঠকের সঙ্গে কথা হয়, তাঁদের আগ্রহ, ভালোবাসার কথা জানতে পারি। ছোট বাচ্চাদের সঙ্গে ছবি তোলা—সত্যি এ এক অন্য রকম প্রাপ্তি।’
পাঠকের এমন প্রশ্ন-অভিযোগ-পরামর্শ আর প্রশংসায় সেদিন সারা দিন কেটেছে।