ছুটির দিনে ‘ইতি মৃণালিনী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃণালিনীর আত্মহত্যা করার সংকল্প দিয়ে শুরু হয় ঘটনা। রাতে সুইসাইড নোট লিখতে বসে অতীতের কিছু হারিয়ে যাওয়া স্মৃতি তাঁর মনে পড়তে থাকে। ছবির শেষে দেখা যায় মৃণালিনী স্মিত মুখে সকালবেলা তাঁর প্রিয় কুকুরটি নিয়ে বেরিয়ে পড়লেন হাঁটতে। গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চলছিল ইতি মৃণালিনী চলচ্চিত্রটি। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পুরস্কারপ্রাপ্ত ছয়টি চলচ্চিত্র নিয়ে ২১ ও ২২ অক্টোবর বিশ্ব চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করে। এগিয়ে যাওয়া কাহিনিতে ভাঙা-গড়ার খেলায় ইতি পড়তে থাকে মৃণালিনীর জীবনের এক একটি অধ্যায়ের। এর মধ্যে তাঁর জীবনে আসেন বন্ধু চিন্তন নায়ার। এই রকম বন্ধুর অপেক্ষা বোধহয় সব নারীর জীবনেই থাকে। তিনি ছিলেন মৃণালিনীর বন্ধু, প্রেমিক, দুঃসময়ের সঙ্গী। তবে এসব কিছুর ভিড়েও একদিন মৃণালিনী নিজেকে সরিয়ে নিতে চায় এই সংসার থেকে। কারণ তাঁর জীবনে ছিল বিশাল এক অপূর্ণতা। আর পাঁচটা মেয়ের মতো সেও চেয়েছিল সংসার, স্বামী, সন্তান, কিন্তু পরিস্থিতি তাঁকে একেবারে একলা করে দিল দুনিয়ায়। সব শেষ হয়েও আবার সেখান থেকে শুরু হয় নতুন করে পথচলা। কিন্তু সেখানেও বাধ সাধে নিয়তি। অপর্ণা সেনের ছবি মানেই দর্শকের প্রত্যাশা অনেক। প্রদর্শনী শেষে চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী পিয়াল পিউ বলেন, ‘কঙ্কনার অভিনয় দুর্দান্ত। বলতে দ্বিধা নেই পরিণত মৃণালিনীর চরিত্রে অপর্ণার অভিনয়কে কিছু সময় ছাপিয়ে গেছেন কঙ্কনা—কমবয়সী মৃণালিনীর চরিত্রে তাঁর পরিণত অভিনয়ে।’ স্থপতি জেরিনা খান বলেন, ‘ভালো লেগেছে। আমরা আরও ভালো সিনেমা দেখতে চাই। সব ধরনের সিনেমাই দেখতে চাই কিন্তু ছোট পরিসরে নয় আরও বড় পরিসরে। আমরা তো ছোটবেলায় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম এখনো দেখতে চাই।’ অপর্ণা সেন পরিচালিত ও ভেঙ্কটেশ প্রযোজিত এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—অপর্ণা সেন, কঙ্কণা সেন, রজত কাপুর, প্রিয়াংশু চ্যাটার্জি, সুজন বার্নেট প্রমুখ। এ ছাড়াও এই অধিবেশনে দেখানো হয় আলেকজান্দ্রো গঞ্জালেস ইনারেতু পরিচালিত বিউটিফুল, গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ, শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত অটোগ্রাফ, টরেন্স মালিক পরিচালিত দ্য ট্রি অব লাইফ ও সংগীতা দত্ত পরিচালিত লাইফ গোজ অন।