ছুটির দিনের সঙ্গে একদিন

প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আমাদের মধ্যে সপ্তাহজুড়েই উত্তেজনা। আগের দিন বিকেলে অফিসে আলোচনা হলো পরের দিনে বাংলা একাডেমিতে কী কী হচ্ছে! পরিকল্পনা শুনে সবার মুখে হাসি আর সকাল হওয়ার অপেক্ষা।
৭ নভেম্বর সকালে ছুটলাম বাংলা একাডেমি। ততক্ষণে ১১টা পেরিয়ে গেছে। শুরু হয়ে গেছে পাঠকমেলা—‘উৎসব ১৬ আনা’ গেটের বাইরে সে কী গাড়ির লাইন! ভেতরে মানুষ আর মানুষ। দৌড়ে গেলাম প্রথম আলোর ক্রোড়পত্রগুলোর জন্য বরাদ্দ করা জায়গায় ছুটির দিনের স্টলের কাছে। পৌঁছেই মনে হলো, বাহ! বেশ তো!
স্টলের সামনে উপচে পড়া ভিড়। পুরোটায় দাঁড়িয়ে আছেন পাঠকেরা। স্টলের ডান কোনায় একটা বোর্ড। বোর্ডের চারপাশে পাঠকের বিশাল একটা বৃত্ত। হবে না কেন? বোর্ডে যে ছুটির দিনে সম্পর্কিত কুইজ! দুটো মাত্র প্রশ্ন সেখানে। উত্তরপত্রও রাখা আছে টেবিলে। কিছু বুঝতে না পারলে পাঠকের সহযোগিতার জন্য ছুটির দিনের পুরো দল বসে আছে।
বাঁ দিক দিয়ে স্টলে ঢোকার মুখে দেখলাম বাচ্চাদের উপচে পড়া ভিড় আর হাততালি। ঘটনা কী জানতে দাঁড়িয়ে গেলাম। চোখ বড় বড় করে দেখি, এখানে তো জাদু দেখাচ্ছে, জাদু! জাদুশিল্পী উলফাত কিবর মাতিয়ে দিলেন বাচ্চাদের। আর সেই জাদুটা যখন ভালো মানুষটির মতো শিখিয়েও দিলেন, বাচ্চা-বুড়ো সবার খুশি দেখে কে!

সারা দিন স্টলে ঘুরে ঘুরে নানা মতামত দিয়েছেন আমাদের পাঠকেরা। কেউ কেউ সপ্তাহের আওয়াজ লিখে দিয়ে গেছেন। কেউ এসে নিজের পছন্দের ফিচার লেখকের খবর নিচ্ছেন। অভিনেতা সাজু খাদেম আর মিশু সাব্বির স্টলে এসে একটা হাসির ঢেউ বইয়ে দিয়ে গেলেন। শুরু হলো তাঁদের সঙ্গে সেলফি তোলার প্রতিযোগিতা।
ক্রিকেটার নাসির আর তাসকিনকে ঘিরে তরুণ-তরুণীর ভিড় লেগেই ছিল। একে একে এলেন আরও অনেক তারকা। প্রায় সবার সঙ্গেই পাঠকের ছোটখাটো আড্ডা হয়ে গেল। দেড়টায় মঞ্চজুড়ে ছুটিরদিনে টিম। উদ্দেশ্য কুইজের পুরস্কার বিতরণ। পুরস্কার পেয়ে পাঠকের খুশিতে ‘সবমিশালী’ মঞ্চ বর্ণিল। উপহার পাওয়া চার তরুণীর আনন্দ দুপুরের কড়া তাপে এনে দিল মিষ্টি হাসি।
বিকেলে এলেন মেহতাব খানম। সঙ্গে নিয়ে এলেন পাঠকের ঢল। সবার মনে প্রশ্ন। সবার প্রশ্নের উত্তর দিলেন তিনি। সেই সঙ্গে আমাদের কুইজের উত্তরের পর্বও তখন চলছে। পাঠকের চোখে-মুখে উচ্ছ্বাস। সারা দিন, সারা বিকেলে চলল পাঠকের ছুটির দিনের প্রতি ভালোবাসা প্রকাশ আর আমাদের তা দেখার তৃপ্তি!