ছুটির দিনের সঙ্গে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যালো, সৌরভ কুমার কর্মকার বলছেন? ছুটির দিনের সবজান্তার চ্যালেঞ্জে আপনি বিজয়ী নির্বাচিত হয়েছেন। আমাদের স্টলে এসে আপনার পুরস্কারটা নিয়ে যান।’ ছুটতে ছুটতে এলেন সৌরভ। ভিড় ঠেলে ছুটির দিনের স্টলের সামনে দাঁড়াতেই উপস্থিত দর্শনার্থীরা সবাই করতালি দিয়ে তাঁকে স্বাগত জানাল। হাসি এ-কান ও-কান হয়ে গেল তাঁর। পুরস্কারটা সামান্য হতে পারে, কিন্তু বিজয়ে আনন্দটা সত্যিই অসামান্য!১৫ নভেম্বর প্রথম আলোর ১৩ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রদর্শনীতে ছুটির দিনের স্টল এমনই হাসি-আনন্দের উপলক্ষ হয়ে উঠছিল বারবার। দিনভর লেগে ছিল দর্শনার্থীদের ভিড়। প্রদর্শনীতে আগত হিসেবে তাদের এক কথায় ‘দর্শনার্থী’ বলা হলেও, তাদের সবার মধ্যে যে জায়গাটায় মিল তা হলো, সবাই ‘ছুটির দিনে’ তথা প্রথম আলোর পাঠক! প্রদর্শনীতে আগতদের জন্য ছুটির দিনে আয়োজন করেছিল কুইজ প্রতিযোগিতা, ‘সবজান্তার চ্যালেঞ্জ’। মনিটরের পর্দায় ভেসে উঠছিল তিনটি করে প্রশ্ন। প্রতি ঘণ্টায় চলছিল ফলাফল ঘোষণা আর বিজয়ীদের পুরস্কার বিতরণ। প্রথম ঘণ্টা শেষে দর্শনার্থীদের মধ্যে তুমুল উত্তেজনা, কে হবেন সবজান্তার চ্যালেঞ্জজয়ী? সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত হবেন। লটারিতে সহায়তার জন্য প্রদর্শনীতে আগত এক শিশুকে নিয়ে আসা হলো। ‘এই বাবু, আমারটা তুইলো’, ‘ভালো কইরা ঝাঁকায় নেন’, ‘চোখ বন্ধ করে একটা তুলে ফেলো’—কুইজে অংশগ্রহণকারীদের নানা রকম মন্তব্যে বেচারি গেল ঘাবড়ে! বাবার গলা জড়িয়ে তার প্রায় কাঁদো কাঁদো ভাব, ‘আমি তুলবই না!’ বাধ্য হয়ে ছুটির দিনের কর্মী বাহিনী ছুটল অন্য আরেক শিশুর খোঁজে।কুইজের পাশাপাশি ‘ছুটির দিনের কোন বিভাগ আপনার প্রিয়?’ এমন প্রশ্নও রাখা হয়েছিল দর্শনার্থী-পাঠকদের কাছে। দেখা গেল একেক জনের পছন্দ একেক রকম। কারও পছন্দ মূল রচনা, কারও ঘর-মন-জানালা, কারও বা কাওসার আহমেদ চৌধুরীর রাশিফল। সকালে ছুটির দিনের স্টলে এসেছিলেন এক পাঠক। কাওসার আহমেদ চৌধুরী আসবেন শুনেই ঘোষণা দিয়ে ফেললেন, ‘এখান থেকে তো আর নড়াই যাবে না!’ পাঠকদের অপেক্ষা দীর্ঘায়িত না করে কিছুক্ষণ পরই আগমন এই স্বনামধন্য জ্যোতিষীর। সকালে ছুটির দিনের স্টলে উপস্থিত ছিলেন পাঠকদের পরিচিত প্রিয়জন, ‘মনের জানালা’র ড. মেহতাব খানম।সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি ছুটির দিনের স্টলে এসে কুইজে অংশগ্রহণ করেছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। জুয়েল আইচ জানালেন, ছুটির দিনেতে তাঁর প্রিয় বিভাগ মূল রচনা আর যে খবর নাড়া দেয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের প্রিয় বিভাগ “আপনার রাশি”। সামিনা চৌধুরী পছন্দ করেন ঘর-মন-জানালা। এস আই টুটুল আবার তাঁর ভোটটা দিলেন ‘অন্তত শনিবারে হাসুন’-এর ঘরে। কুইজে অংশগ্রহণ করে টুটুল হাসতে হাসতে বললেন, ‘শোন, কুইজে যে-ই জিতুক, কুপন তুলে নাম বলবা “এস আই টুটুল”! আমরা এ রকম কত করেছি! হা হা হা...’। আকরাম খান ব্যাটে-বলে যেমন ছিলেন মারদাঙ্গা, উত্তরও দিয়ে দিলেন তেমনি ঝটপট। ছুটির দিনের স্টলে আরও এসেছিল তিশা-ফারুকী দম্পতি। এসেই বললেন, ‘আমরা দুজন মিলে কিন্তু একটা কুপন জমা দিব!’ এই দম্পতিও প্রশ্ন দেখেই ত্বরিতগতিতে উত্তর দিয়ে দিলেন। জয়া আহসান ভয়ে ভয়ে কুইজে অংশগ্রহণ করতে এসেছিলেন। এমন সময় পর্দায় ভেসে উঠল তাঁর নিজেরই একটি ছবি—পিস্তল হাতে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছেন জয়া। প্রশ্নটি ছিল, ‘এই দৃশ্যটি কোন চলচ্চিত্রের?’ জয়া উৎফুল্ল হয়ে বললেন, ‘আরে, এটা তো আমি পারি, এই চলচ্চিত্রের নাম গেরিলা!’ ছুটির দিনের স্টলে আরও এসেছিলেন কানিজ আলমাস, আব্দুন নূর তুষার, শুভ্র দেব, দীপা খন্দকার, ইবরার টিপু, প্রাণ রায় প্রমুখ।সব মিলিয়ে লেখক আর দর্শনার্থী পাঠকদের অংশগ্রহণে চমৎকার ছিল দিনটি।