
২০১১ সালের ১৯ সেপ্টেম্বর শুরু হয় ‘ছুটির দিনে’র ফেসবুক পেজের পথচলা। চিঠিতে পাঠকেরা তাঁদের কথা লিখতে পারেন, কিন্তু আমরাও যে কিছু বলতে চাই বা অন্তত একটা ছোট্ট ধন্যবাদ দেওয়ার আছে, সেটা আর হয়ে উঠত না।
সমাধানের পথ করে দিল ছুটির দিনের ফেসবুক পেজ। ইনবক্সে প্রচুর মেসেজ এসে জমা হলো। আনন্দ নিয়ে আমরা পড়তে শুরু করলাম। পাঠকের মনে হাজারো কথা, মনে প্রশ্নের ফুলঝুরি। তার ওপর আমরা যখন ফেসবুক থেকে পাঠকের লেখাও নিচ্ছি, তখন প্রশ্ন তো থাকবেই! আমরা চেষ্টা করেছি যথাসাধ্য উত্তর দেওয়ার। কতুটুকু পেরেছি জানি না।
মেসেজের উত্তর না পেয়ে অনেকে অভিযোগ করেন লেখা পড়া হয়নি। তাঁদের বলে রাখি, প্রতি সপ্তায় ছুটির দিনের জন্য লেখা বাছাইয়ের আগে সব কটি লেখাই আমরা পড়ার চেষ্টা করি। কিন্তু সব মেসেজের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না।
তবু কারও লেখা যদি আমাদের চোখ এড়িয়ে যায়, সে জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কেউ কেউ লেখা ছোট করে ছাপানোর অভিযোগ করেছেন। তার জবাবে বলব, ছুটির দিনের স্থানস্বল্পতাই এর কারণ। অনেক সময় লেখাকে আরও সুখপাঠ্য করে তোলার জন্যও প্রয়োজনীয় সম্পাদনা করতে হয়।
এখন সুখবরটা হচ্ছে, ফেসবুকে ছুটির দিনের লাইকের সংখ্যা লাখ ছাড়িয়েছে! সময়ের সঙ্গে সঙ্গে আমাদের আর পাঠকের ভালোবাসার সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। এই লাখো লাইক তারই প্রমাণ! আমাদের বহু ত্রুটি-বিচ্যুতি সত্ত্বেও আপনাদের আকুণ্ঠ ভালোবাসা আমরা পেয়েছি। আপনাদের ভালোবাসা নিয়েই ছুটির দিনে এগিয়ে যেতে চায়। লাখো লাইকের অভিনন্দন ছুটির দিনের সব পাঠককে।
—বি.স.