রাতের দ্বিপ্রহরে ট্যাক্সি এসে নামিয়ে দিয়ে গেছে।তাই বোঝা যায়নি। সকালে ঘুম ভাঙল ঝোড়ো বাতাস আর ঢেউয়ের শব্দে। জানালাটা খুলেই দৃষ্টিতে এল নীল সাগর। ঢেউগুলো সশব্দে পাড়ে আছড়ে পড়ছে আর জানালার পাশের গাছের পাতায় বাতাসের মাতামাতি। বিশেষ এক আমন্ত্রণেই এই দ্বীপে আসা। মনে মনে ভাবলাম, দিনগুলো ভালোই কাটবে। পাহাড়ের ওপর দোতলা লাল বাড়ির নিচ তলার একটি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ আমার জন্য বরাদ্দ। বাড়ির আঙিনা পেরিয়ে ঢালু পথ। পথটা ছোট বাঁক নিয়েই মিশেছে বড় রাস্তায়। বাঁ দিকে দুই মিনিটের পথ সমুদ্রসৈকত। বাড়ির আঙিনা পেরিয়েই বাঁ দিকে রাস্তার ধারে এক জরাজীর্ণ গাড়ি। ঝড়-বৃষ্টি-বাদলে মরিচা ধরে গেছে, ঝোড়ো বাতাস অনেক কিছুই উড়িয়ে নিয়ে গেছে। বায়ুহীন চারটে চাকা বসে গেছে পাথরের ওপর। সামনের হেডলাইটের ঢাকনাগুলো নেই। গাড়ির পাশেই পাথরের ফাটল বেয়ে বেড়ে উঠেছে বোগেন ভিলা। যেতে-আসতেই পথে পড়ে গাড়িটি। এমন অচল আর পুরোনো গাড়ি তো রাস্তার ধারে পড়ে থাকার কথা নয়, পদ্ধতিগতভাবে বিলুপ্ত হওয়ার কথা। কিন্তু হয়নি। লাল বাড়ির পাশেই দু-চারটি পরিবারের বসবাস। মূলত বাগানে জল দেওয়া, বাড়ির দেখাশোনা তাঁরাই করেন।সেদিন রাত ১০টায় ঘরে ফেরার পথে দেখি, গাড়ির পাশে এক বৃদ্ধা দাঁড়িয়ে। হালকা আঁধারে সাদা জামা আর বাতাসে উড়ছে মাথার পিঙ্গল পাকা চুল। পাশের বাড়ির দরজা খোলা। মনে হলো ওই বাড়িতেই থাকেন। কাছে গিয়ে অভিবাদন জানিয়ে জানতে চাইলাম গাড়িটির কথা। স্বামীর গাড়ি। স্বামীই চালাতেন। রোজই প্রায় সারা দ্বীপ ঘুরে বেড়াতেন দুজন। যদিও সে সময় দ্বীপে গাড়ি চালানোর মতো খুব একটা রাস্তা ছিল না, তবুও পাথরের ওপর দিয়েই চালাতেন। সে ছিল এক সুখ সময়। আঙুল গুনে গুনে ভাঙা ভাঙা ইংরেজিতে জানালেন, আজ ২৭ বছর গাড়িটি এখানেই আছে। নিয়মিত পার্কিং ফি দিয়ে যাচ্ছেন, তবে গাড়িটি ফেলে দিচ্ছেন না। স্বামীর স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। ২৭ বছর স্মৃতি ধরে রাখলেও গাড়িটি আরও পুরোনো। দেখে বোঝা যায় না কোনো মডেল, তবে ইতালিয়ান ফিয়াট হতে পারে। ২৭ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় স্বামী মারা গেছেন। দেহের কোনো কিছুই অবশিষ্ট ছিল না। স্বামী ছিলেন জাহাজের নাবিক, আমেরিকান। জাহাজে দেশ-বিদেশ ঘুরে বেড়াতেন। এভাবেই দ্বীপে আসা, তারপর পরিচয়। সে আজ বছর ৪০ আগের কথা। পরিচয়ের পাঁচটি বছর গিয়েছে স্বপ্নের মতো। বিয়ের পর সব স্বপ্নই বাস্তবে রূপ নিয়েছিল। সে ঘরে দুটি ছেলে আছে। দুজনেই আমেরিকায় থাকে। তিনি দ্বীপেই আছেন স্বামীর স্মৃতি আর গাড়িটি নিয়ে। বললাম, ‘গাড়িটি ফেলে দিলেই তো পারো? চমকে উঠে বৃদ্ধা ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, ‘নো মিস্টার, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ক্রাই।’রোডস আইল্যান্ড, গ্রিসliakat.stockholm@yahoo,com