ছুটির পর কাজে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি—ছোট্ট একটা শব্দে কী অনাবিল আনন্দ আর মুক্তির প্রকাশ! তাবৎ দায়-দায়িত্ব ঝেড়ে ফেলে ছুটির ডানায় চেপে ভাবনাহীন কয়টা দিন কাটানোয় কতই না মজা! তবে কয়েক সপ্তাহের লম্বা ছুটির পর সেই তো রাজ্যের ফাইলের স্তূপ, মিটিং আর কাগজের তাড়ায় চোখ ডুবিয়ে সারা দিন। কয় দিনের বিরতি আর অনভ্যাসে কাজে আবার মনোনিবেশ করা একটু কঠিন হয়ে দাঁড়ায় বৈকি। চেনা পরিবেশই একটু নতুন নতুন লাগতে থাকে। গ্রাস করতে পারে মন-খারাপ, অনিচ্ছা আর ঢিলেমি। তার পরও কাজ তো করতেই হবে। কী করে শুরু করবেন তবে? গ্রো-এন-এক্সেলের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) এবং মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেন বলছেন, ‘ছুটি শেষে কাজে মন দেওয়ার চিন্তার আগে আসলে যেটা করা উচিত, তা হলো দুশ্চিন্তামুক্ত অবস্থায় দারুণ একটা ছুটি কাটানো। আপনাকে ছাড়া দপ্তর চলবে না, এমন দুশ্চিন্তা মাথা থেকে একেবারে বিদায় দিয়ে ছুটিটা উপভোগ করুন। তবেই ছুটি শেষে ফুরফুরে হয়ে কাজে ফিরতে পারবেন। কারণ, ছুটি যিনি ঠিকমতো উপভোগ করতে পারেন, তিনিই কিন্তু একজন ভালো নির্বাহী।’ ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দিয়ে প্রথমেই একবারে কাজে ঝাঁপিয়ে পড়া নয়, পূর্ণ উদ্যমে কাজে ফেরার সহজ পথটি হলো ধাপে ধাপে এগোনো। এর উপায় সম্পর্কে বলেছেন এম জুলফিকার— আপনার অনুপস্থিতিতে যাতে কাজের বড় কোনো সমস্যা না হয় তাই ছুটিতে যাওয়ার আগে কাজ যতটুকু পারা যায় গুছিয়ে রাখুন। যে কাজগুলো আপনি নিজে করে ফেলতে পারবেন তা শেষ করে নিন। কিছু কাজ যা আপনার অনুপস্থিতিতেও হওয়া চাই, সে ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার সহকর্মী বা আপনার পদে সাময়িকভাবে ভারপ্রাপ্ত যিনি, তাঁকে বুঝিয়ে দিন ঠিকমতো।  রোজকার নিয়মের বেড়াজাল থেকে মুক্ত বলে ছুটির কদিন বেশ অনিয়ম হয়। তবে কাজে ফেরার পর যত দ্রুত সম্ভব পুরোনো সময় অনুযায়ী খাওয়া, ঘুমানো ইত্যাদির প্রয়োজন। এটা আপনাকে তাড়াতাড়ি আগের নিয়মে অভ্যস্ত হতে ও সময়ের সঙ্গে তাল মেলাতে সাহায্য করবে।  যে সহকর্মীকে দিয়েছেন আপনাকে সাহায্য করার ভার, ফিরে এসে আপনার দায়িত্ব হলো অবশ্যই তাঁকে আগে ধন্যবাদ জানানো। খুব ভালো হয়, যদি বেড়ানো শেষে ফিরে সঙ্গে আনা টুকটাক স্যুভেনির তাঁকেসহ সব সহকর্মীকে উপহার দেওয়া যায়। ফিরে এসে দেখবেন অনেক কাজ এগিয়ে গেছে, কিছু পড়ে আছে, নতুন কাজ জমা হচ্ছে। সবকিছু একসঙ্গে শুরু না করে নিজেকে প্রথমে কাজের প্রতি উদ্বুদ্ধ করতে দু-এক দিন সময় দিন, যাকে বলে নিজেকে ‘রি-ওরিয়েন্ট’ করা। সহকর্মীর কাছ থেকে কাজের হালনাগাদ ও অগ্রগতির খোঁজ করুন। বুঝিয়ে দেওয়া কাজ কত দূর হয়েছে, আর কী করতে হবে সে বিষয়ে জানুন।  জমে থাকা ই-মেইলগুলো পড়ে ফেলুন ও জবাব দেওয়া শুরু করুন। অন্যান্য চিঠিপত্রেও চোখ বোলান, উত্তর দিন আর কাজে লেগে পড়ুন। যে কাজগুলো আটকে ছিল সেগুলোর প্রতি এবার নজর দিন ও প্রয়োজনমতো পদক্ষেপ নিন। মনে রাখুন, কাজে নতুন করে উদ্যম পেতে ছুটি কাটানোর ভালো লাগাটুকু কাজের মধ্যে ছড়িয়ে দিন। কম্পিউটারের ওয়ালপেপারে বা কাজের টেবিলে না হয় বেড়ানোর সময়কার একটা ছবি রাখুন। আর এভাবেই ছুটিতে যে মজা হয়েছে, সে স্মৃতি সামনে রেখে তরতাজা হোন। ছুটির দিনগুলো শেষ বলে মন খারাপ করা নয়, বরং চুটিয়ে কাজ করে আবার ভবিষ্যতে একটা ছুটি কাটানোর আশায় নিজেকে উৎসাহিত করুন। তবে সব ক্ষেত্রেই মন-খারাপটা সামাল দেওয়া সহজ নয়। বিশেষত, নারীরা যখন মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফেরেন, তখন স্বভাবতই মন পড়ে থাকে শিশুর কাছে। আর কয় মাসের ছুটি শেষে আবার নিজেকে দপ্তরে মানিয়ে নেওয়ার ব্যাপার তো আছেই। এ বিষয়ে এটিএন বাংলার এডিশনাল চিফ রিপোর্টার শাহনাজ মুন্নী বলেন, ‘আমার এক সহকর্মী মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরে প্রথমে খুব বিষণ্ন থাকত বাচ্চার জন্য। আবার ছুটি নেওয়ার চিন্তা করায় তাঁকে পরামর্শ দিয়েছিলাম, আর বিরতি না নিয়ে বরং কাজ করে যাওয়াটাই ভালো হবে। কারণ, বাচ্চার কাছে থাকার, ছুটি নেওয়ার এ আকাঙ্ক্ষা কখনোই শেষ হওয়ার নয়। নিজেকে বরং কাজের সঙ্গে সম্পৃক্ত করলে কাজে মন বসানো যাবে। এভাবে সে একসময় নিজেকে কাজের সঙ্গে জড়িয়ে নিতে সক্ষম হয়। নিজের বেলায় অন্য ব্যবস্থা করেছিলাম; যেমন—বাসা দপ্তরের কাছে নিয়েছিলাম, যাতে দুপুরে খাবার সময়টা বাচ্চাকে দিতে পারি।’ শাহনাজ মুন্নী মনে করেন, ছুটির পর কাজে ফিরে নিজেকে যোগ্য প্রমাণ করা নিজেরই বাড়তি দায়িত্ব। তার জন্য ক্যালেন্ডারে ছুটির শেষের তারিখটায় বা কদিন বাকি তাতে দাগ দিন। আর দিন দুয়েক আগে থেকেই কাজে আবার যুক্ত হওয়ার জন্য মনকে তৈরি করতে থাকুন। মনের সঙ্গে শরীরকেও পোক্ত করা দরকার নতুন মায়েদের, তাই নিজের শারীরিক অবস্থার প্রতি যত্নশীল হতে হবে। ক্যারিয়ারে একটা ছেদের পর এগিয়ে যেতে কাজ করার ইচ্ছা আর মনের জোরটাই বড় কথা। তবে তার সঙ্গে পরিবারের সাহায্য ও সমর্থন থাকলে তা বেশ সহজ হয়ে দাঁড়ায়। দপ্তরে থাকার সময় বাসায় বাচ্চাকে দেখাশোনার ব্যবস্থা করে রাখা, কাজ শেষেই দ্রুত বাড়ি ফিরে যাওয়া, সাপ্তাহিক ছুটিতে বাচ্চার সঙ্গেই থাকা—এগুলো করা যেতে পারে। কাজ বেশি জমা হয়ে থাকলে একটু সকাল সকাল দপ্তরে চলে আসুন, সময় করে পুরোনো কাজ দেখে নিন আর একটু সময়-ব্যবস্থাপনা করে চলুন। এভাবেই ছুটির পর আবার কাজে মনোযোগ দিতে পারবেন একসময়।