ছুটির পরে সুস্থ থাকতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

ঈদে বাড়ি কিংবা অন্য কোথাও বেড়াতে যাওয়া তো হলো। সবাই এখন ফিরতে শুরু করেছেন নিজ বাসস্থানে। যাতায়াতের এমন সময়ে খাওয়াদাওয়ার অনিয়ম তো হয়েছেই, সঙ্গে আছে আবহাওয়ার পরিবর্তন। সব মিলিয়ে এই সময়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এ বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এম এ আজহার বলেন, আবহাওয়া পরিবর্তনের কিছু সমস্যা দেখা দেয় অনেকের। এসব সমস্যা এড়াতে সচেতন থাকতে হবে।

খাদ্য গ্রহণে সতর্কতা
বিভিন্ন স্থানে যাতায়াতের সময় নিরাপদ পানি সঙ্গে রাখা উচিত। বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়াও উচিত নয়। ঈদে হয়তো খাবার রান্না করেছেন, তা এখনো ফ্রিজে রেখে খাচ্ছেন কেউ কেউ। এটি ঠিক নয়। গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়া খাবার খেলে বমি, ডায়রিয়া ও বদহজম হতে পারে। এ ধরনের সমস্যা হলে সহজপাচ্য খাবার খাওয়া উচিত। হজম হতে বেশি সময় লাগে—এমন খাবার এ সময় না খাওয়াই ভালো। ডায়রিয়া হলে প্রচুর পানি ও স্যালাইন খেতে হবে। ডায়রিয়া বা অতিরিক্ত বমির ফলে শরীর পানিশূন্য হয়ে পড়তে পারে। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হোন।

গরমে অস্বস্তি
গরমে পানিশূন্যতাসহ অন্যান্য সমস্যা হতে পারে। এসব সমস্যা এড়াতে প্রচুর পানি পান করতে হবে। আর ঘরে-বাইরে সবখানেই পোশাক হতে হবে আরামদায়ক।

ঠান্ডা-কাশির সমস্যায়
ঠান্ডা লাগলেই কোনো ওষুধ খাওয়া জরুরি নয়। তবে শিশুদের ক্ষেত্রে জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইট আর বড়দের ক্ষেত্রে জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ খাওয়াতে পারেন। বিনা প্রয়োজনে অতিরিক্ত ওষুধ খাওয়া শরীরের জন্য ভালো নয়। কাশি ও সর্দি যদি বেশ কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করতে হবে।
গ্রন্থনা: রাফিয়া আলম