ছুটির ফাঁকে বেড়ানোর আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দে মেতে উঠতে পারেন ফয়’স লেকের সি ওয়ার্ল্ডে l (ফাইল ছবি)
আনন্দে মেতে উঠতে পারেন ফয়’স লেকের সি ওয়ার্ল্ডে l (ফাইল ছবি)

সারা বছর অবসর মেলে না। ঈদের ছুটিটা তাই বেড়ানোর সময়। তবে শহর ছেড়ে যাঁরা দূরে যেতে পারেন না, নদী, পাহাড় ও সমুদ্রের এই শহরে তাঁদের জন্যও কম বিনোদনের খোরাক নেই। এবারের ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পতেঙ্গা সমুদ্রসৈকত, প্রজাপতি পার্ক, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক, সি-ওয়ার্ল্ড, চট্টগ্রাম চিড়িয়াখানা ও নেভাল এলাকা নামে পরিচিত কর্ণফুলীর মোহনায়।
ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি-ওয়ার্ল্ড: ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি–ওয়ার্ল্ড ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত আটটা ও অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। ফয়’স লেক পার্কে ঈদের পর ১০ দিন পর্যন্ত থাকছে বিভিন্ন ধরনের গেম শো।
৮ আগস্ট ফয়’স লেকে অনুষ্ঠিত হবে ঈদের কনসার্ট। এখানে সব রাইডে চড়াসহ ঢুকতে হলে গুনতে হবে জনপ্রতি ৩০০ টাকা। ঈদের দিন থেকে ১০ দিনব্যাপী ওয়াটার পার্ক সি-ওয়ার্ল্ডে থাকছে ডিজে শো ও র্যাফেল ড্রয়ের আয়োজন। ফয়’স লেক দিয়ে সি-ওয়ার্ল্ডে ঢুকতেখরচ হবে জনপ্রতি ৫৫০ টাকা। তবে বিশ্ব কলোনি দিয়ে ৪০০ টাকা খরচ করে ঢোকা যাবে এই পার্কে। এখানে নৌকায় ভ্রমণ করতে জনপ্রতি ১৫০ টাকা খরচ হবে। এখানে রয়েছে অবকাশ যাপনের জন্য আধুনিক মানের রিসোর্ট।
কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘এ বছর ঈদে দর্শকদের পূর্ণ আনন্দের তৃপ্তি দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। ঈদ উপলক্ষে আমরা বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি।’
চট্টগ্রাম চিড়িয়াখানা: আর কিছু না হলেও বানরের বাঁদরামি দেখতে চিড়িয়াখানায় আসে শিশুরা। ফয়’স লেক পার্কের পাশে অবস্থিত এ চিড়িয়াখানায় রয়েছে সিংহ, সাপ, হরিণ, ময়ূর, ভালুক, কুমিরসহ বেশ কিছু প্রাণী। আসন্ন ঈদে দর্শকের ভিড় সামলাতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
পতেঙ্গা সমুদ্রসৈকত: শহরের দক্ষিণ প্রান্তের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতি বছরই ঈদের দিনে দর্শনার্থীদের ঢল নামে। ঈদের সময় দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নগর পুলিশ কর্তৃপক্ষ। এখানে খোলা হচ্ছে নগর পুলিশের বিশেষ কন্ট্রোল রুম। ঈদের ছুটিতে সাগরের ঢেউয়ে যাঁদের গা ভেজানোর ইচ্ছে রয়েছে, তাঁরা আসতে পারেন এখানে।

প্রজাপতি পার্কে দেখা মিলবে এমন হরেক রঙা প্রজাপতি
প্রজাপতি পার্কে দেখা মিলবে এমন হরেক রঙা প্রজাপতি

প্রজাপতি পার্ক: নগরের বিমানবন্দর সড়কের পাশেই পার্কটির অবস্থান। ঈদের দিন থেকেই এ পার্কের পুকুরে যুক্ত হচ্ছে ওয়াটার বল নামের একটি নতুন রাইড। প্রজাপতি পার্কের মহাব্যবস্থাপক সেলিম এরশাদ এ তথ্য জানান। ঈদ আনন্দ আয়োজনে এ পার্কে ঈদের দিন থেকেই রয়েছে গেমস শো, ব্যান্ড শো ও ডিজে শোসহ নানা ধরনের আয়োজন। এ পার্কে বড়দের প্রবেশমূল্য ২০০ টাকা ও শিশুদের প্রবেশমূল্য ৫০ টাকা।
নেভাল সড়ক: কর্ণফুলীর মোহনার পাশ দিয়ে চলে যাওয়া নেভাল মেরিনড্রাইভ সড়কে বিকেল থেকে রাত পর্যন্ত পর্যটকদের আনাগোনা থাকে। এখানে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও বাসে চড়ে নাগরিকেরা আসেন মোহনার অপূর্ব দৃশ্য উপভোগ করতে। সড়কের পাশে গড়ে ওঠা দোকানগুলোতে পেতে পারেন গরম পেঁয়াজু ও কাঁকড়া ভাজা।
এদিক–সেদিক বেড়ানো: এ ছাড়া ঈদের সময় যানজটহীন নগরের দর্শনীয় স্থান সিআরবি পাহাড়, ওয়ার সিমেট্রি, কর্ণফুলী সেতু এলাকাও ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। আবার ইচ্ছে হলে সাম্পান নিয়ে কর্ণফুলী নদীতেও ঘুরে বেড়ানো যাবে। যেতে পারেন হালিশহরে অবস্থিত কাট্টলী সমুদ্রসৈকতেও। দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরটিও ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য খোলা থাকছে। এ ছাড়া নগরের কালুরঘাটের স্বাধীনতা পার্ক, চট্টগ্রাম শিশুপার্ক ও কর্ণফুলী শিশুপার্কেও চাইলে ঘুরে আসা যায় শিশুদের নিয়ে।