ভাবুন তো কেমন হবে, যদি ইউরোপ বা আমেরিকা থেকে আসা কিছু মানুষ আপনার কথামতো চলাফেরা করে? আপনি যেমনভাবে তাঁদের দিকনির্দেশনা দেন, ঠিক তেমনভাবেই তাঁরা চলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি ট্যুরিস্ট গাইডদের কথা বলছি। আজিজুর রহমান তেমনই একজন ট্যুরিস্ট গাইড, যাঁর কাঁধে নিজের দেশকে বিদেশিদের কাছে উপস্থাপন করার দায়িত্ব।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারে পড়েন আজিজ। পড়াশোনার পাশাপাশি ট্যুরিস্ট গাইড হিসেবেও কাজ করেন তিনি। ‘বিদেশিদের যখন নিজের দেশের কোনো স্থান ঘুরিয়ে দেখাই এবং সেই স্থান সম্পর্কে তাঁদের ধারণা দিই, তখন খুব ভালো লাগে।’ নিজের ভালো লাগাটাকে এভাবেই বর্ণনা করছিলেন আজিজ।২০০৬ সাল থেকে আজিজ ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করছেন। প্রথম দিনেই অবশ্য আজিজ ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ শুরু করেননি। প্রথমে তিনি মার্কেটিংয়ে কাজ করতেন। অনেক সময় বড় বড় হোটেলে, যেখানে বিদেশিদের আনাগোনা হয়, সেখানে ব্রোশিয়ার বিলি করতেন। তারপর একসময় নিজের উপস্থিত বুদ্ধি আর ইংরেজিতে দক্ষতার জন্য কাজ পেয়ে যান গাইড হিসেবে।‘আমার প্রথম ভ্রমণ ছিল ঢাকা শহর। ইউরোপীয় চারজন পর্যটক এসেছিলেন বাংলাদেশে। তাঁদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। উফ, কী যে ভয় পাচ্ছিলাম! সবকিছুই যেন গুলিয়ে যাচ্ছিল। এরপর অবশ্য সেসব ভয় কেটে গেছে। এই কাজে বাংলাদেশ ঘুরে দেখছি, বিভিন্ন দেশের মানুষের সংস্পর্শে আসার সুযোগ পেয়ে ইংরেজিতে আরও বেশি দক্ষ হওয়ার সুযোগ পেয়েছি।’ নিজের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করছিলেন আজিজ।নরসিংদীর সেরেন্দা গ্রামে আজিজের বাড়ি। বাবা মোবারক হোসেন, মা আউলিয়া বেগম। চার ভাই এক বোনের মধ্যে চতুর্থ তিনি। পড়াশোনা চলে, সেই সঙ্গে চলে একটি পর্যটন প্রতিষ্ঠানে কাজ।এত দিন পর্যন্ত আজিজ যত ভ্রমণ করেছেন, এর মধ্যে তাঁর সবচেয়ে ভালো লেগেছে মেঘনা নদী। মেঘনার চরেও খুব আনন্দ হয়। বিদেশিরা বেশি উপভোগ করেন গ্রাম।‘খুব ভালো লাগে ঘুরতে, আবার অনেক সময় কষ্টও হয়। কখনো কখনো মনে হয়, আমি পরাধীন। পর্যটকের মন যেভাবে চাইবে, আমাকে সেভাবে চলতে হবে। ধরুন, সমুদ্রসৈকতে গেছি। আমার খুব ইচ্ছে হচ্ছে সমুদ্রের জলে গা ভাসাতে, কিন্তু তাঁরা হয়তো চান না সমুদ্রে নামতে। ব্যস, আর কী। সমুদ্রে নামা আমার আর হয়ে ওঠে না।এ রকম সামান্য কিছু সমস্যা বাদ দিলে ট্যুরিস্ট গাইড হতে পেরে বেশ খুশি আজিজ। পড়াশোনার চাপে যখন একেকটা ভ্রমণ বাদ দিতে হয়, তখন খুব কষ্ট হয় তাঁর। আর হবেই বা না কেন? মুক্তির স্বাদ পাওয়া পাখি কি কখনো খাঁচার ভেতর আটকা থাকতে পারে?