ছেঁড়া কাগজের মতো এক মুক্তিযোদ্ধার জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসারে আপন বলতে কেউ-ই নেই। একে একে সবাই ছেড়ে গেছেন তাঁকে। স্ত্রী হাজেরা বেগম মারা গেছেন আট-নয় বছর আগে। মারা গেছে দুই ছেলেও। কিছুদিন আগে মারা যান বড় ভাই। সবাইকে হারিয়ে একবারেই নিঃসঙ্গ তিনি। সারা দিন এখানে-ওখানে পরিত্যক্ত কাগজ কুড়িয়ে বেড়ান। বেলা শেষে ভাঙারি দোকানে তা বেচে যা আয় হয়, তা-ই দিয়ে কোনো রকমে খেয়ে না-খেয়ে দিন কাটান মুক্তিযোদ্ধা মো. শহিদ উল্লাহ। নগরের বায়েজীদ থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কের একটি লন্ড্রির এক পাশে সামান্য জায়গায় ভাড়া দিয়ে থাকেন শহিদ। শহিদ জানান, একসময় পুরোনো কাপড় ফেরি করতেন। কিন্তু শরীরে কুলায় না বলে তা ছেড়ে দিয়ে কাগজ কুড়ানোর কাজে নেমেছেন। বলেন, ‘আমার জীবনটাই দুঃখের। কয়েক বছর আগে (তারিখ স্মরণ করতে পারেননি) লিভারে পানি জমায় চিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিল থেকে আমাকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এর পর থেকে কেউ আর খবর নেয়নি। নিজের কষ্টের কথা কাউকে বলতেও ইচ্ছে করে না।’ শহিদ উল্লাহ ১৯৭১ সালে ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন (গেজেট নম্বর-৯৩৩, মুক্তিবার্তা নম্বর-০২১০০৩০৪৭৬)।শহিদের সহযোদ্ধা রামগঞ্জের মুক্তিযোদ্ধা সুবেদার আবদুল লতিফ জানান, স্বাধীনতার পর যুদ্ধে পুড়ে যাওয়া ভিটেমাটি ছাড়া আর কিছুই পাননি শহিদ। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়। তাঁর বড় ভাইও মারা গেছেন কিছুদিন আগে। তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন।রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, ‘স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধার এমন অবমাননাকর জীবনযাপন আমাদের সবাইকে লজ্জিত করবে।’ তিনি শহিদ উল্লাহর সব দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সরকারের কাছে আপনার কি কিছু চাওয়ার আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘কী চামু আমি, কিছুই তো মাথায় আসছে না।’ এ কথা বলে নিশ্চুপ রইলেন কিছুক্ষণ।এরপর আবার বললেন, ‘আপনে আমার খবর লইছেন হেতেই খুব খুশি অইছি। আপনার যা মনে হয়, সেভাবেই লিখি দেন কিছু একটা।’শহিদ উল্লাহর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর হরিশ্চর গ্রামে। গ্রাম ছেড়ে চট্টগ্রামে আসেন ১৯৭৯ সালে।