মনের বাক্স
ছেঁড়া ক্যানভাস, মনে দ্বন্দ্ব
পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে
অভিমান ছেড়ে ফিরে আয় ভাই
তোর অপেক্ষায় আছি সেই অনেক বছর ধরে। তুই যে মা–বাবার সঙ্গে অভিমান করে ঘর চলে গিয়েছিলি, তারা তো পৃথিবী ছেড়েই চলে গেছে। তোর শোকে পাথর হয়ে বাবা কথা বলতেন না কারও সঙ্গে। মা শুধু নামাজের পাটিতেই বসে থাকতেন। তোকে ছাড়া আমারও বেড়ে ওঠা হচ্ছে না। ভাই পাশে না থাকলে এই সমাজে বেঁচে থাকাও কঠিন। আমার ধারণা তোরও কষ্ট হয়। ভাই, আমি তো পুরো একা পড়ে আছি। আমার কোনো অভিভাবক নেই। সবাই আমাকে তুচ্ছ মনে করে। শিপলু, তুই ফিরে আয় ভাই। আর তুই যদি না ফিরতে চাস তাহলে তোর ঠিকানা দে, আমি চলে আসি। তবু আমাকে একা ফেলে দূরে থাকিস না ভাই।
সুহৃদ, বগুড়া
ছেঁড়া ক্যানভাস, মনে দ্বন্দ্ব
আমি যে ক্যানভাসে তোমার অপূর্ণ অনুভূতি আঁকতে চেয়েছি, তাতে আমার জলরঙে তোমার ছায়া পড়েছে। টুকরো টুকরো কথা, অপ্রকাশিত অনুভূতি, স্পর্শবিহীন ছোঁয়া আমার ক্যানভাসে তুলির আঁচড়ে গোলাপি আভা ছড়িয়ে দিয়েছে। বড় আপুর মেহেদি রাতের কথা তোমার মনে আছে? তুমি জানতে চেয়েছিলে, তোমার সিগারেটের গন্ধ নিতে পারব কি না। আমার ক্যানভাসে আমি সেই ছবিগুলোতে নতুন রং দিয়ে বারবার সাজিয়ে তুলছি। আমার ক্যানভাসের ছবির রং এখন ফিকে হয়ে যাচ্ছে। আজ মনে হয়, হয়তো তোমার ক্যানভাসে আমি কখনোই ছিলাম না।
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম
জানিয়ে দিলাম মনের কথা
প্রিয় সারা, জানি না তুমি আমার এই লেখাটা পড়বে কি না। আজ আমি আমার দীর্ঘ সাড়ে ছয় বছরের মনের কথাগুলো বলতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এই কথাগুলো কখনোই তোমার সামনে বলতে পারব না। তাই এখানে বলে দিলাম।
সাকীব, নওমহল নন্দীবাড়ি, ময়মনসিংহ
মনের বাক্সে লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’