ছেলে
পেছন থেকে আবার আমাকে বাবা বলে ডাক দিল। ঘাড় ঘুরিয়ে আমাকে বাবা সম্বোধনকারী সেই সন্তানকে খুঁজতে গেলে সে মিশে গেল জনস্রোতে। কয়েকজন যুবকের চোখে চোখ পড়ল। তাদের চাহনিও নির্লিপ্ত, ভাবলেশহীন। তাদের কেউ আমাকে বাবা সম্বোধন করেছে বলে মনে হলো না।কিছুদিন পরপর আমার সন্তান আমার পিছু নেয়, আমার সঙ্গে লুকোচুরি খেলে। আমাকে ডাক দিয়ে হারিয়ে যায়। আমি বিভ্রান্ত চোখে এদিক-ওদিক খুঁজি, তাকে পাই না। যেমন আজ সকালে অফিসে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলাম। একটা বাস থামার সঙ্গে সঙ্গে অফিসগামী যাত্রীরা আমাকে ধাক্কা দিয়ে, আমাকে ঠেলেঠুলে স্রোতের মতো ঢুকে গেল বাসের মধ্যে। আমি বাসটি ধরার জন্য দৌড় দিলে পেছন থেকে আমার ছেলে বলল, ‘বাবা, রড ধরো।’ আমি রড ধরতেই সে আমাকে ঢুকিয়ে দিল বাসের মধ্যে। আমি সারা বাস আমার সন্তানকে খুঁজছিলাম, পেলাম না।মাঝেমধ্যে ভাবি, সত্যিই কি আমার কোনো সন্তান আছে? নাকি তার জন্ম শুধুই আমার বোধের মধ্যে? আমার সন্তান না থাকলে কে আমাকে বারবার বাবা বলে ডাকে? লোকে বলে আমি অবিবাহিত। আমি বিবাহিত হলে আমার একটা গোছানো সংসার থাকত, ঘরে স্ত্রী থাকত, দেয়ালজুড়ে সন্তানদের ঘরবাড়ি নদী নৌকা ফুল পাখি আঁকা থাকত—কই, এসবের তো কিছুই নেই আমার। আমি বশির উদ্দীন বিশ্বাস। বয়স ৫১। একটা বেসরকারি প্রতিষ্ঠানে নয়টা-পাঁচটা খাটি। আমি বড্ড একা। বাসায় একা, অফিসে একা, অফিস শেষে ফার্মগেটের এই জনসমুদ্রেও একা। কোনো কোনো দিন ক্ষণিকের জন্য আমার ছেলে শুধু আমাকে সঙ্গ দেয়। হূদয়ে নাড়া দেওয়া একটা বাবা ডাক দিয়ে সে হারিয়ে যায়। সেই ডাক শুনে আমার বুকের মধ্যে হু হু করে ওঠে, আমার একাকিত্ব বেড়ে যায় বহুগুণে।অন্যদের মতো আমার বাসায় ফেরার তাড়া নেই। কারণ, আমার জন্য সেখানে কেউ অপেক্ষা করে নেই। আমার ফিরতে দেরি হচ্ছে দেখে কারও উদ্বিগ্নতা বাড়বে না। দরজার তালা বাইরে থেকে আমাকেই খুলতে হবে। হঠাৎ কাঁধে হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকাতেই দেখি, রেহেনা হাসিমাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে তার স্নিগ্ধতার পরশ, চোখে ভালোবাসার ব্যাকুলতা। বিস্মিত হয়ে বললাম, ‘রেহেনা, তুমি এখানে? কেমন আছো, কেমন চলছে তোমার সংসার?’ রেহেনা তার স্বভাবসুলভ হাসিটি হেসে বলল, ‘ভালো। তুমি কি বিয়ে করবে না বলেই ঠিক করেছ?’তুমি কেমন করে জানলে আমি বিয়ে করিনি?আমি তোমার সব খোঁজই রাখি, সবই জানি।কত দিন পর দেখা বলো তো? চলো, কোথাও একটু বসি।আমাদের দেখা হলো ঠিক ২২ বছর নয় দিন পর।রেহেনার এই হিসাব শুনে বিস্মিত হই। একটা খাবার দোকানে দুজনে বসি মুখোমুখি। রেহেনার আছে একটা সুখী সংসার, তাই ওর সংসার নিয়ে প্রশ্ন করতে ইচ্ছে হলো না। ইচ্ছে করল না আমার একাকিত্বের সব কথা ওকে জানাতে। রাত বাড়ছে। বিকেলের ব্যস্ত পথঘাট এখন অনেকটাই ফাঁকা। রেহেনা ব্যাগ থেকে একটা ছবি বের করে বলল, ‘দেখো তো চিনতে পারো কি না?’ আমি দেখলাম সৌমকান্ত এক যুবককে, চোখে-মুখে ভীষণ বুদ্ধিমত্তার ছাপ। দেখতে অনেকটা আমারই মতো। আমি মাথা নেড়ে বলি, ‘না, চিনতে পারলাম না।’ রেহেনা হেসে বলল, ‘নিজের ছেলেকে চিনতে পারলে না?’ মুহূর্তে আমার মাথা যেন ফাঁকা হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমার মৌন থাকা দেখে রেহেনা বলল, ‘এই ছেলে আমাদের ভালোবাসার ফসল। তোমার আমার বিয়ে হওয়ার কথা ছিল। বাবার জেদে শেষ পর্যন্ত এক ডাক্তারকে বিয়ে করতে বাধ্য হই।’ রেহেনা আঁচল দিয়ে চোখ মুছল।তবে কি ছেলেই আমাকে বাবা বলে ডাকে, আমাকে বাসে উঠতে সাহায্য করে! আমি রেহেনার হাত চেপে ধরে বললাম, ‘আমি আমার ছেলেকে দেখতে চাই। তাকে বুকে ধরে রাখতে চাই। কোথায় আমার ছেলে, বলো?’ রেহেনা কাগজে একটা ঠিকানা লিখে বলল, ‘কাল দুপুরে এখানে এসো। তোমার সন্তান আর আমার সংসার দেখতে পাবে।’ রেহেনার কাছ থেকে ছবিটি নিয়ে বুকে চেপে ধরি। মনে মনে বললাম, ‘আমার সন্তান, আমার আত্মজ।’পরদিন দুপুরে রেহেনার বাসায় কলবেল চাপতেই আমার বয়সী এক ভদ্রলোক বের হলেন। আপনি কি কলিম সাহেব?জি, কাকে চান।আপনার স্ত্রী মানে রেহেনা ও তার ছেলে কি বাসায় আছে?আমার কথা শুনে কলিম সাহেব যেন থমকে গেলেন। জিজ্ঞাসু চোখে তাকালেন আমার দিকে। আমি বুক পকেটে হাত দিয়ে ছবিটির অস্তিত্ব অর্থাৎ আমার ছেলের অস্তিত্ব অনুভব করলাম। কলিম সাহেব শান্ত গলায় বললেন, ‘রেহেনা একুশ বছর আগে একটি মৃতসন্তান জন্ম দিয়ে মারা গেছে। আমি ডাক্তার হয়েও আমার স্ত্রী ও ছেলেকে বাঁচাতে পারিনি।’ অরবিন্দ মণ্ডলমধুখালী, ফরিদপুর।