ছেলে আর মেয়ের মেরুদণ্ডে তফাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ছেলে ও মেয়েদের কশেরুকায় এই পার্থক্য বিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়েছে এবং গর্ভধারণের সময় বিপুল পরিমাণ চাপ বহন করার জন্যই মেয়েদের কশেরুকার আকারে এই পরিবর্তন ঘটেছে।
গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ছেলে ও মেয়েদের কশেরুকায় এই পার্থক্য বিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়েছে এবং গর্ভধারণের সময় বিপুল পরিমাণ চাপ বহন করার জন্যই মেয়েদের কশেরুকার আকারে এই পরিবর্তন ঘটেছে।

জন্মের সময় থেকেই ছেলে আর মেয়েদের মেরুদণ্ডে ছোট্ট একটা তফাত থাকে। বিবর্তনের দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়েই এ পার্থক্য তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে— মেয়েদের কশেরুকা ছেলেদের কশেরুকার তুলনায় গড়ে খানিকটা ছোট হয়। এ কারণে মেয়েদের চেয়ে ছেলেদের মেরুদণ্ড খানিকটা বেশি শক্তও হতে পারে। যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক গবেষণার খবর জানিয়েছে আইএএনএস।


যুক্তরাষ্ট্রের স্যাবান রিসার্চ ইনস্টিটিউট অব চিলড্রেনস হসপিটাল লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় ছেলে ও মেয়ে নবজাতকের মেরুদণ্ডে পার্থক্যের এ বিষয়টি লক্ষ করেন। এতে দেখা যায়, সদ্য জন্মানো ছেলে ও মেয়েদের কশেরুকার আকার কিছুটা আলাদা। কোনাকুনি পরিমাপে ছেলেদের কশেরুকার চেয়ে মেয়েদের কশেরুকা গড়ে প্রায় ১০ দশমিক ৬ শতাংশ ছোট।

কশেরুকা নামের ছোট ছোট এই হাড় গুলো দিয়ে মেরুদণ্ড গঠিত হয়। কোনাকুনি পরিমাপে কশেরুকা ছোট হওয়ার কারণে মেয়েদের মেরুদণ্ড ছেলেদের মেরুদণ্ডের চেয়ে কিছুটা কম শক্তিশালী হয়। গবেষণাপত্রটির অন্যতম রচয়িতা ভিসেন্তে গিলসানজ বলেন,‘মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের মধ্যে এই পার্থক্য দেখা যাচ্ছে এবং এটা ছেলে ও মেয়েদের মধ্যে অন্যতম একটা শরীর বৃত্তীয় পার্থক্য।’

পেডিয়াট্রিকস সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ছেলে ও মেয়েদের কশেরুকায় এই পার্থক্য বিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়েছে এবং গর্ভধারণের সময় বিপুল পরিমাণ চাপ বহন করার জন্যই মেয়েদের কশেরুকার আকারে এই পরিবর্তন ঘটেছে। কিন্তু এই পার্থক্যের কারণে নারীরা ‘স্কলিওসিস’ বা কুঁজো হয়ে যাওয়ার ঝুঁকিতে বেশি থাকেন এবং ‘অস্টিওপরোসিস’ বা হাড়ক্ষয় রোগের সহজ শিকারে পরিণত হতে পারেন।

এই গবেষণায় সদ্যোজাত ৩৫টি ছেলেশিশু ও ৩৫টি মেয়েশিশুর ওজন, দেহের দৈর্ঘ্য, মাথা, বুক ও কোমরের মাপ নেওয়া হয়। তবে, স্বাস্থ্যবান এই শিশুদের মধ্যে ছেলে ও মেয়েতে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়নি।

গবেষক ভিসেন্তে গিলসানজ বলেন,‘আমরা ছেলে ও মেয়েদের মধ্যে কশেরুকার এই পার্থক্য দেখতে পেলেও আমরা জানি না যে কত আগে থেকে এই পার্থক্য তৈরি হয়েছে।’ বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, জন্মের সময় থেকে ছেলে ও মেয়েদের কশেরুকার এই পার্থক্যের পাশাপাশি বেড়ে ওঠার সময় ছেলেদের তুলনায় মেয়েদের হাড়ের বৃদ্ধি কম ঘটে।