ছেলে হত্যার বিচার চান সুইম্রা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উলামং আমার একমাত্র ছেলে, সে ছিল পরিবারের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ শেষ করে দিয়েছে বন বিভাগের লোকজন। আমি তাদের শাস্তি চাই।’ কান্নাজড়িত কণ্ঠে এ কথাই বারবার বলছিলেন সুইম্রা চাই মারমা (৪৬)। গত শুক্রবার দুপুরে কাপ্তাই উপজেলার চিৎমরমে কথা হয় তাঁর সঙ্গে।বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের লোকজন তাঁর ছেলে উলামং মারমাকে (১৪) হত্যা করেছেন বলে অভিযোগ করেন সুইম্রা চাই। তিনি জানান, এর আগেও রহমান নামের বন বিভাগের একজন কর্মচারী তাঁর ছেলেকে গুলি করে আহত করেছিলেন। তখন জনরোষের মুখে ওই কর্মচারীকে জরিমানা দিতে হয়। সুইম্রা চাইয়ের দাবি, ওই ঘটনার প্রতিশোধ হিসেবে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।অভিযোগ রয়েছে, ৭ এপ্রিল কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়ার তিন কিশোর বাড়িতে ব্যবহারের জন্য কর্ণফুলী রেঞ্জের সংরক্ষিত বনে গাছ কাটতে গেলে বন বিভাগের লোকজন ধাওয়া করেন। ওই সময় উলামংকে বন বিভাগের লোকজন ধরে নিয়ে যায়। পরদিন তার লাশ স্থানীয় লোকজন উদ্ধার করেন। লাশের ময়নাতদন্তের পর মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা নিশ্চিত করেন।পরে সুইম্রা চাই বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ বন বিভাগের চারজনের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় হত্যা মামলা করেন। তবে হত্যাকাণ্ডের সঙ্গে বন বিভাগের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদ। এ বিষয়ে ১০ এপ্রিল প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘সেই কিশোরের মৃত্যু হয়েছে মাথায় আঘাতের কারণে’ শীর্ষক সংবাদ ছাপা হয়।সুইম্রা চাই জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে বন বিভাগের কর্মচারী রহমান আগাপাড়ায় উলামংসহ দুই কিশোরকে গুলি করে আহত করেন। তখন জনরোষের মুখে চিকিৎসা খরচ বাবদ ২০ হাজার টাকা দিতে বাধ্য হন। পালিয়ে আসা দুই কিশোর জানায়, এবারও সেই রহমানের নেতৃত্বে উলামংকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।এদিকে উলামং হত্যার ঘটনায় মামলা দায়েরের ১০ দিনেও কোনো তদন্ত না হওয়ায় চিৎমরম এলাকার জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। চিৎমরম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থোয়াইচিং মারমা বলেন, এমন একটি হত্যার ঘটনার পরও পুলিশের নীরবতা রহস্যজনক। চিৎমরম এলাকার বাসিন্দা তরুণ আইনজীবী হ্লাথোয়াই মারমা বলেন, পুলিশ যদি মামলার তদন্ত না করে, তাহলে সরাসরি আদালতে মামলা করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে (ব্লাস্ট) অভিযোগ দায়ের করা হয়েছে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, এই মামলার তদন্ত কাজ চলছে।