ছেলে হারানোর শোক থেকে মানবসেবা
ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নোবেল জয়ের দুই বছর পর তৌকির তাহসিন বারীর জন্ম। একজন বাঙালির নোবেল জয়ের গর্বে বাবা সাংবাদিক ফজলুল বারী সন্তান তৌকিরকে আদর করে ডাকতেন ‘অমর্ত্য’ নামে। যে মর্ত্যের নয়, তাকেই নাকি বলা হয় ‘অমর্ত্য’। তৌকির নামের এই অমর্ত্য মাত্র ২১ বছর বয়সে মর্ত্যের মায়া ত্যাগ করেন।
২০২০ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনিতে তখন ছিল মধ্যরাত। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান অমর্ত্য। ফজলুল বারী সন্তান হারিয়ে যে গগনবিদারী চিৎকার করেছিলেন, তা হয়তো একসময় থেমেছিল, কিন্তু থামেনি পুত্রশোকে মুহ্যমান পিতার হৃদয়ের কান্না। সন্তানের স্মৃতি অটুট রাখতেই একদিন তিনি প্রতিষ্ঠা করলেন এক সেবামূলক সংস্থা। নাম দিলেন অমর্ত্য ফাউন্ডেশন।
বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করা, সুপেয় পানির ব্যবস্থা করা, মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রতিবন্ধী যুবকের উপার্জনের ব্যবস্থা করা, চা–বাগানের কর্মীদের জন্য জুতা কিনা দেওয়া, দরিদ্র পরিবারের বিবাহযোগ্য সন্তানের বিয়ের খরচ জোগানো, রাস্তার বিড়াল-কুকুরের জন্য খাদ্যসামগ্রী প্রেরণ—এমন আরও বহু কার্যক্রম পরিচালনা করছে অমর্ত্য ফাউন্ডেশন।
অমর্ত্যের মা চৌধুরী সুলতানা রাজিয়া বললেন, ‘অমর্ত্য মারা যাওয়ার পর ওর বাবা একদম নীরব হয়ে গিয়েছিলেন। আমি নিজেও ছিলাম বিপর্যস্ত। নিজেকে সামলে নিয়ে তাঁকে বললাম, “অমর্ত্যর কিছু জমানো টাকা আছে। এগুলো দিয়ে মানুষের জন্য কিছু শুরু করো”।’
‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’—রবীন্দ্রনাথ ঠাকুরের এ দুটি পঙ্ক্তি অমর্ত্য ফাউন্ডেশনের প্রেরণা। সংগঠনের প্রথম কার্যক্রম ছিল টাঙ্গাইলের মধুপুরে গারো সম্প্রদায়ের নারী বাসন্তী রেমার পুনর্বাসন। বন বিভাগের উচ্ছেদ অভিযানে তাঁর শেষ সম্বল কলাবাগান সম্পূর্ণ কাটা পড়ে। অমর্ত্য ফাউন্ডেশনের অর্থায়নে তাঁকে একটি দোকান করে দেওয়া হয়েছিল, করে দেওয়া হয়েছে আনারসবাগানও।
বাংলাদেশের শেষ বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য প্রতিদিন এক বেলা বিনা মূল্যে খাবারের ব্যবস্থা করে আসছে এই সংগঠন। কার্যক্রমটি প্রথমে অমর্ত্যর দাদার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায় শুরু করা হয়। গড়ে তোলা হয় অমর্ত্য ফাউন্ডেশন ‘কমিউনিটি পাকের ঘর’। ঢাকা, সিলেট, বরিশাল, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে চালু রয়েছে এ রকম খাবার ঘর। গেল ঈদুল আজহায় সাতটি গ্রামে কোরবানি দিয়ে মাংস বিতরণও করে সংগঠনটি।
ছেলের মৃত্যুশোক এখনো ছুঁয়ে আছে অমর্ত্যর বাবাকে। প্রয়াত অমর্ত্যর বাবা ফজলুল বারী বলেন, ‘আমার ছেলেও মানুষের উপকার করতে খুব পছন্দ করত। সুপেয় পানির ব্যবস্থা করা অমর্ত্যরই ইচ্ছা ছিল। আর ও খেতে খুব ভালোবাসত। তাই মানুষের খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছি সাধ্যমতো। আমার কাজে আমার বন্ধু-স্বজন অনেকেই আর্থিক সহায়তার পাশাপাশি যেকোনো পর্যায় থেকেই সাহায্য করে।’
ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়তেন অমর্ত্য। অকালে চলে যাওয়া হাস্যোজ্জ্বল এই তরুণ এখন শায়িত অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সমাধিস্থল রকউডে। তাঁর কবরে খোদাই করা আছে বাংলাদেশের পতাকা।